তিথি ফিরে আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধুদের সঙ্গে তিথি (সামনে, ডান থেকে প্রথম)
বন্ধুদের সঙ্গে তিথি (সামনে, ডান থেকে প্রথম)

ধরুন হঠাৎ একদিন শুনলেন, বিশ্ববিদ্যালয়ে আপনার এক বন্ধু আর কখনো আসবে না। আপনি যখন ক্লাস, পরীক্ষা, আড্ডা...এসব নিয়ে ব্যস্ত, আপনার বন্ধুটি তখন মৃত্যুর অপেক্ষায় আছে। মেনে নিতে কষ্ট হয়, তাই না? আমরাও মেনে নিতে পারিনি। যেদিন জানলাম, আমাদের প্রিয় বন্ধু তিথির গায়ে বাসা বেঁধেছে এইচএলএইচ নামের ভয়ংকর ভাইরাস, খুব ভেঙে পড়েছিলাম। পরে ঠিক করলাম, তিথিকে আমরা একা লড়াই করতে দেব না। সেদিন থেকে প্রিয় মুখটাকে বাঁচিয়ে তোলার জন্য চেষ্টা করছি আমরা। তিথির বেঁচে থাকার লড়াইটা আমাদের সবার।
শিরিন আক্তার তিথি। বিশ্ববিদ্যালয়ে প্রথম দিন থেকেই সে আমাদের বন্ধু। খুব বড় কোনো ঘটনা নেই আমাদের বন্ধুত্বের। হঠাৎ করে একদিন পাশাপাশি বসা, কিছু মজা করা, একসঙ্গে আড্ডা দেওয়া। এই তো বন্ধুত্বের শুরু। আমরা একসঙ্গে ঘুরতাম, পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একসঙ্গে ঘুরেছি একবার। নিজের ক্যাম্পাস বলে কথা!
কিন্তু তখনো ভাবিনি, ওকে বাঁচিয়ে রাখার লড়াইটা আমাদের করতে হবে। প্রথম প্রথম যখন ও ক্লাসে আসত না, ভাবতাম হয়তো বড় কিছু না, সেরে উঠবে। কিন্তু যতই দিন যাওয়া শুরু করল, ততই আমাদের ধৈর্যের বাঁধ ভাঙল। একবার খবর পেলাম লিউকোমিয়া হয়েছে। উন্নত চিকিৎসা হলে রোগমুক্তি সম্ভব। নিজ চোখেই দেখেছি ওর মলিন মুখ। ভয় পাইনি সেবার। কিন্তু যখন ভারত থেকে খবর পেলাম ওর এক দুরারোগ্য অসুখ হয়েছে, যা ১০ লাখে একজনের হয়, আমরা হতবাক হয়ে গিয়েছিলাম। জানলাম ওকে বাঁচানোর জন্য দরকার ৭৫ লাখ টাকা। সেদিন আর ঠিক থাকতে পারিনি।
হলের মেঝেতে পাথরের মতো বসেছিলাম আমরা। আমাদের বন্ধু, যাকে নিয়ে এত হাসলাম, ঘুরলাম, একসঙ্গে ক্লাস করলাম, সে আমাদের চোখের সামনে মারা যাবে? সেই সময়ের অসহায়ত্ব বলে বোঝাতে পারব না। মনে হচ্ছিল আমাকে বেঁধে রাখা হয়েছে প্রিয় বন্ধুর মৃত্যু দেখার জন্য। ফোনে কথা বলার সময় তিথিকে আমরা সাহস দিতাম, কিন্তু ফোন রেখেই আর্ত চিৎকারটা বুকের ভেতর আর পুষে রাখা যেত না।
কিন্তু আমরা ‘আমরা’ হয়ে ছিলাম বলেই আবার সাহস পেলাম। ৭৫ লাখ টাকাই তো? ঠিক আছে। জীবন-মৃত্যু সৃষ্টিকর্তার হাতে। কিন্তু আপাতত টাকার অভাবের কাছে আমরা হারব না।
নামলাম টাকা সংগ্রহের কাজে। অঙ্কটা বড় হলেও আমাদের উদ্দীপনার অভাব ছিল না। যে বটতলায় একসঙ্গে তিথির সঙ্গে খেতে বসতাম, সেখানেই যখন টাকা তুলেছি, বারবার ওর মুখটা চোখের সামনে ভেসে উঠেছে। যে টারজানে একসঙ্গে আড্ডা দিয়েছি, সেখানে বারবার টাকার বাক্সটা পাশে নিয়ে মনে হয়েছে, এই সম্বল আঁকড়ে ধরেই তিথি বেঁচে উঠবে।
ফেসবুকে যে ইভেন্ট খোলা হয়েছে তার নাম ‘তিথি ফিরে আসবে আমাদের মাঝে’। অনেকে অনেক কথা বলেন। কেউ বলেন ব্যবসায় নেমেছি, কেউ বলেন এ রকম রোগ হয় না। অনেকে হাসিমুখেই ফিরিয়ে দেন। কিন্তু আমরা ওই ১০-২০ টাকার অপেক্ষাতেই থাকি। কারণ এই ছোট ছোট সাহায্যই দিন শেষে অনেক বড় হবে। আমরা হাসিমুখে মানুষের ‘না’ শুনে ফিরে আসি। রাগ হয় না, কিন্তু কষ্ট হয়। মনে হয় বন্ধুর জন্য করতে পারলাম না এবার। তবু এখনো হার মানিনি। এখনো মনেপ্রাণে বিশ্বাস করি, তিথি ফিরে আসবে আমাদের মাঝে।
যদি কেউ আমাদের বন্ধুটিকে সাহায্য করতে চান, ফেসবুক ইভেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া যোগাযোগ করতে পারেন এই নম্বরগুলোর যেকোনো একটিতে: ০১৮৪৫৯২৩৮০২ (রাব্বি), ০১৯১১২৩৪১৮২ (অনিন্দ্য), ০১৭৩৭৫৭৬৬২৪ (জামি), ০১৬৮০২৪৭৪২৯ (মাসুফ) ও ০১৯১৭০৭৮৬৪৮ (ইথার)
লেখক: নৃবিজ্ঞান বিভাগ, তৃতীয় বর্ষ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়