‘অনু, আমার ব্যবহারিক খাতার ছবিগুলো এঁকে দিবি?’আমার সামনে দাঁড়িয়ে পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতার এক ‘জিজ্ঞাসাচিহ্ন’। হ্যাঁ, ও আমার কাছে একটা জিজ্ঞাসাচিহ্ন ছাড়া আর কিছুই নয়। ছোটবেলা থেকে একসঙ্গে পড়ছি, দুই বছর ধরে ওকে একতরফাভাবে ভালোবাসছি। তবু আজও ওকে আমি বুঝে উঠতে পারিনি। এত ঘনিষ্ঠ, তবু যেন কত দূরে ও। অতলান্ত সমুদ্রের মতো ওর মনের তল আমি খুঁজে পাই না।‘কিরে, ধ্যানী হয়ে গেলি? কী বললাম শুনতে পাসনি?’ আমার ডেস্কের ওপর দুম করে কিল বসিয়ে বলল।বললাম, ‘কী হয়েছে?’‘বাহ্! এত সময় ধরে বকে যাচ্ছি, কোন জগতে থাকিস? আমার ব্যবহারিক খাতার ছবিগুলো এঁকে দিবি?’‘পারব না।’‘কেন?’‘সময় নেই, শরীর খারাপ, অনেক কাজ, তাই!’‘কোনো কথা শুনতে চাই না, এঁকে না দিলে মার খাবি।’ খাতা দুটো ডেস্কের ওপর রেখে সেকেন্ডের মধ্যে উধাও।এত রাগ হলো। ‘কাজের বেলায় শুধু অনু, আর কাজ শেষ হলে তো আমাকে চেনোই না।’ নিজের মনে বকতে বকতে বাসায় ফিরলাম।এত রাত সত্ত্বেও ঠিকই আঁকতে বসলাম।চার দিন পর খাতাটা ফেরত দিয়ে ওর দিকে হাসি হাসি মুখে তাকিয়ে রইলাম। ও নিশ্চয়ই অনেক খুশি হবে।ও মা! হতভাগা খুশি হয়ে ধন্যবাদ দেওয়া তো দূরে থাক, খাতাটা খুলেও দেখল না। গম্ভীরভাবে খাতা দুটো ব্যাগে ঢুকিয়ে বলল, ‘আচ্ছা, যা।’ আস্তে আস্তে সরে এলাম। ফাঁকা রুমের কোনার ডেস্কে বসে মাথা নিচু করে কাঁদতে থাকলাম।আজ কত দিন ধরে ওকে আমি ভালোবাসি, কেন যে বাসি! নিজেই উত্তর পাই না। ওর নিরুত্তাপ কথাবার্তা। উদাসীন হাবভাব আমাকে চরম কষ্ট দেয়। ও যেন বুঝেও বুঝতে চায় না। আবার আমার প্রতি এত সচেতন! আমার কিছু হলেই দিনের মধ্যে দশবার ফোন দেবে। বাসায় চলে আসবে।একবার প্রচণ্ড জ্বরে তিন দিন খুব কষ্ট পেয়েছিলাম। সেদিন দুপুরে ঘুমিয়ে আছি। গাধাটা এসে হাজির। রুমে ঢুকতে ঢুকতে বলল, ‘কিরে! কী অবস্থা, মহারানি?’‘অবস্থা টাইট! খুব জ্বর।’ও মাথার কাছে বসে আলতো করে কপালে হাত রাখল।‘ইশ্, এখনো অনেক জ্বর। ওষুধ খাচ্ছিস না?’ওর হাতের স্পর্শে আমার শরীর জুড়িয়ে যেতে লাগল। কথা বলতে পারছিলাম না। চোখ বন্ধ করে রইলাম।‘চিন্তা করিস না, পাগলি। তুই তাড়াতাড়ি ভালো হয়ে কলেজে আসবি। তোকে ছাড়া খুব ফাঁকা ফাঁকা লাগে।’কথাটা বলেই যেন ও নিজেকে সামলে নিল। বলল, ‘না, মানে, তুই এত ছটফটে আর চঞ্চল, তোর দুষ্টুমি না দেখে আর মারতে না পেরে আমার ভালো লাগছে না। তাই বললাম।’ওই দিন ওকে আমার এত আপন মনে হয়েছিল! ভেবেছিলাম, ও বুঝি আমার কাছে এল। এবার ওকে বলব, ‘ভালোবাসি।’কিন্তু দিন চারেক পর কলেজ গিয়ে তার ভাব অন্য রকম লাগল। আমি সামনে গেলে বলল, ‘ভালো আছিস?’‘হ্যাঁ।’‘আর জ্বর বাঁধাস না, ক্লাসে যা।’এসব কথা ভেবে চোখে জল যেন আরও ছাপিয়ে উঠল। ও ফরসা বলে বোধ হয় খুব অহংকার। আমার মতো পেতনিকে ওর ভালো লাগবে কেন?ক্লাসের ঘণ্টা পড়ল। চোখ মুছে ক্লাসে ঢুকলাম। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করে নিলাম।দরজার মুখে ওর সামনে পড়লাম। ফুলে লাল হওয়া ছলছল চোখ দেখে ও বোধ হয় থমকে দাঁড়িয়ে গেল। বলল, ‘কী হয়েছে?’উত্তর না দিয়ে আমি আমার ডেস্কে এসে বসলাম। কিন্তু ক্লাসে মন দিতে পারলাম না। কোনাকুনি তাকাতেই ওর সঙ্গে চোখাচোখি হয়ে গেল। ও একদৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। বুকের ভেতরটা কেঁপে উঠল।কলেজ শেষ হতে হতে ঝমঝম করে বৃষ্টি নামল। আমি বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নামলাম।ভিজতে ভিজতে চলেছি।মোড়ের মাথায় পৌঁছাতেই দেখি, কোত্থেকে সাইকেলে এসে ও হাজির। সাইকেল থেকে নেমে আমার হাত ধরে টানতে টানতে এক গ্যারেজের ছাউনির কোনায় নিয়ে গেল।‘ভিজছিস কেন?’ গম্ভীর হয়ে জিজ্ঞেস করল।‘খুশিতে ভিজছি! কেন? তোকে জবাব দিতে হবে?’‘হ্যাঁ, হবে। যা জিজ্ঞেস করব ঠিক করে জবাব দিবি।’ভয় পেয়ে গেলাম আমি।বললাম, ‘আমি মরলে তুই বেঁচে যাস, এবার আমার জ্বর আর সারবে না। মরলে দেখতে আসিস।’ কান্নায় আমার কণ্ঠ রুদ্ধ হয়ে এল।ও যেন শিউরে উঠল।‘কেন ভালোবাসিস আমাকে?’ জিজ্ঞেস করল।আমি হতভম্ব হয়ে গেলাম। ও সব জানে? আশ্চর্য! কী করে জানল! ও আমাকে ধরে ঝাঁকুনি দিল, ‘কেন, বল?’আমি উত্তর দিতে পারলাম না। মুখ নিচু করে মাথা নাড়লাম।চোখ ছাপিয়ে শুধু জল আসছিল।‘আমি জানি রে সব, শুধু তোকে বোঝাতে পারি না যে আমিও তোকে ভালোবাসি।’সেদিন রাতে আকাশ থেকে বেশি বৃষ্টি হয়েছিল, না আমার চোখে? জানি না, সত্যিই জানি না।সংগীতা মল্লিক