তিন অগ্রবর্তিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাল গালিচায় ঢাকা প্রবেশপথ। খানিক আগে কে যেন এর ওপর ফুল ছড়িয়ে গেছে। একটু বেঁকে পথটা চলে গেছে সুবিশাল মাঠের এক মাথায় সাজানো উঁচু মঞ্চে। সেই মঞ্চও সেজেছে ফুলেল আর বর্ণিল সাজে। মঞ্চে অতিথির আসনে বসে আছেন স্বয়ং শিক্ষামন্ত্রী। সঙ্গে জ্ঞানী-গুণী আরও কতজন। পাশে অধ্যক্ষ তো আছেনই। মুহুর্মুহু করতালি। অজস্র ক্যামেরার আলোতে দিনের আলো যেন ম্লান হয়ে গেল। এই রাজকীয় সংবর্ধনার আয়োজন করেছিল ইডেন মহিলা কলেজ। দিনটি ছিল ১০ জানুয়ারি, ২০১১ সাল। ২০০৬-০৭ সেশনের মাস্টার্স শেষ করা প্রথম শ্রেণীপ্রাপ্ত ছাত্রীদের সম্মাননা প্রদান করাই ছিল এই আয়োজনের উদ্দেশ্য।এবার ইডেন মহিলা কলেজের মোট ৬৪৬ জন ছাত্রী প্রথম শ্রেণী পেয়েছেন। কিন্তু এর মধ্যে এমন চারজন আছেন, যাঁরা শুধু কলেজেই নন, গোটা বাংলাদেশে প্রথম হয়েছেন। লাখো পরীক্ষার্থীকে টপকে জয় করেছেন শীর্ষস্থান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলে একেবারে শীর্ষে, যাকে আমরা বলি ফার্স্টক্লাস ফার্স্ট! সেই চার মেধাবী হলেন—মনোবিজ্ঞান বিভাগের জেবিন নাহার, রাষ্ট্রবিজ্ঞানের হাফিজা জান্নাত, গণিত বিভাগের নিপা চৌধুরী এবং গার্হস্থ্য অর্থনীতি বিভাগের খোশনুর আফরীন খান। খোশনুর বর্তমানে প্রবাসী। আমরা কথা বলেছি অন্য তিনজনের সঙ্গে।হাফিজা জান্নাত, প্রথম শ্রেণীতে প্রথম। রাষ্ট্রবিজ্ঞানে জান্নাতের ক্লাসে অনেক ছাত্রী ছিলেন, যাঁদের শিক্ষকেরা চিনতেন। জান্নাতও তাঁদের চিনতেন। কিন্তু জান্নাতকে না চিনতেন সেসব ছাত্রী, না চিনতেন শিক্ষকমণ্ডলী। মুখচোরা ও শান্ত মেয়েটিই যে এভাবে ঝলমলিয়ে উঠবেন, ভাবতে পারেননি কেউই। ইডেন মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইতিহাসে এই প্রথম কোনো ছাত্রী প্রথম বিভাগে প্রথম হলেন। তাই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মুখে মুখে এখন জান্নাতের নাম। আর জান্নাত? তিনি বললেন, সম্পূর্ণ ভিন্ন এক গল্প। পড়ালেখা নিয়ে তিনি নাকি কোনো দিনই খুব মনোযোগী ছিলেন না! প্রতিবারই তাঁর পরীক্ষা খারাপ হয়েছে, কিন্তু প্রতিবারই ভালো ফল করেছেন। হাসতে হাসতে বললেন, খুশিতে তাঁর বাবা যখন কাঁদছিলেন, তখন তিনি প্রথম অনুভব করেছিলেন, তিনি আসলেই খুব ভালো ফল করেছেন। এই ফলের জন্য অবশ্য তিনি সব কৃতিত্ব দিতে চান মাকে। কারণ রান্না করা, গোলাপের বাগান করা, সেলাই কিংবা ব্লকের কাজ করায় ব্যস্ত জান্নাতকে ধরে বেঁধে পড়ার টেবিলে বসানোর কাজটি তিনিই তো নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। নিজের সম্পর্কে তিনি বললেন, ‘আমি সুখী মানুষ। ফলাফলটা আরও বেশি সুখী করেছে। এই সুখটা ধরে রাখতে চাই।’নিপা চৌধুরী, প্রথম শ্রেণীতে প্রথম, গণিত নিপার মায়ের বিয়ে হয়েছিল খুব অল্প বয়সে। পড়ালেখা করতে পারেননি বেশি। কিন্তু প্রত্যাশার পাখি থেমে থাকেনি বাস্তবতার খাঁচায়। প্রত্যাশা ছিল, নিজে যা পারেননি, তা করে দেখাবে নিপা। নিপা করে দেখিয়েছেন। দুর্গাপূজার প্রথম দিনে প্রথম বিভাগে প্রথম হওয়ার খবর—সর্বোপরি মায়ের ইচ্ছাপূরণ, নিপার ছিল সেদিন আকাশ ছোঁয়ার দিন।গণিত সব সময়ই নিপাকে আকর্ষণ করত, তা বোঝা যায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল দেখে। দুই পরীক্ষায়ই প্রথম বিভাগ, কিন্তু লেটার ছিল শুধু গণিতে। দুবারই! তাই ইডেনে স্নাতক করতে এসে যদি নিপা গণিতে না ভর্তি হন, আর কে ভর্তি হবেন? তবে নিপাকে পরিশ্রম করতে হয়েছে অনেক। মেধাকে মেধার পথে ছেড়ে দেননি, ব্যবহার করেছেন আপন শক্তিতে। প্রতিদিনের ক্লাস অনুসরণ করেছেন, বইয়ের আঁতিপাঁতি ঘেঁটেছেন, হোস্টেলের স্বাধীন জীবনকে শাসন করে পড়ার কাজে লাগিয়েছেন। আর অধ্যবসায় চালু রেখেছেন যেন বিসিএসেও প্রথম হতে পারেন। লাজুক স্বরে বললেন, ‘বিসিএসেও প্রথম হতে চাই। আর ফল নিয়ে অহংকারী নই, গর্বিত হতে চাই।’ নিপা তা চাইতেই পারেন। কারণ, পুরো ইডেন কলেজ তাঁকে নিয়ে গর্বিত।জেবিন নাহার, প্রথম শ্রেণীতে প্রথম, মনোবিজ্ঞানজেবিনের পড়ার টেবিল দেখে অনেকেই মন্তব্য করেছেন, এটি একটি ডাইনিং টেবিল। মোম, পানি, ফলমূল, খাবার, দেশলাই একদিকে, অন্যদিকে জেবিন ও তাঁর বইখাতা। ডাইনিং টেবিল না হলেই বা চলবে কেন? জেবিনের পড়া ছেড়ে একবারও উঠে পড়ার অভ্যাস নেই যে! প্রতিদিন আট থেকে নয় ঘণ্টা। মনোবিজ্ঞানের মনোযোগী ছাত্রী জেবিনের মনোবল এতটা দৃঢ় ছিল বলেই তো জেবিন পেরেছেন সাফল্যের শীর্ষে পৌঁছাতে। মাধ্যমিক পর্যায়ে অর্থনীতিতে লেটার মার্কস পাওয়া জেবিন যখন স্নাতকে এসে মনোবিজ্ঞান নিয়েছিলেন, অবাক হয়েছিলেন অনেকেই। পরিবার থেকে বকাঝকাও কম হয়নি। শেষে বাবা হতাশ গলায় বলেছিলেন, থাক, যে ভালো করার সে সব সময়ই ভালো করে। বাবার কথা মিথ্যা হতে দেননি জেবিন। পরিবারকে গর্বিত করেছেন নিজের সাফল্য দিয়ে। তাঁর ভাষায়, ‘লক্ষ্যের প্রতি দৃঢ় মনোবল আর একাগ্রতা ধরে না রাখতে পারলে কি আর সাফল্য আসে?’ মনোবিজ্ঞান বিভাগের আদর্শ ছাত্রী এখন তিনি। ভবিষ্যতে শিক্ষক হতে চান—কলেজ বা বিশ্ববিদ্যালয়ের। বর্তমানে কাজ করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাইকোথেরাপি উইনিং ট্রেইনার হিসেবে।ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ মাহফুজা চৌধুরী বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাঁরা পুরো দেশে প্রথম হয়েছেন, নিঃসন্দেহে তাঁরা জাতীয় মেধা। আশা করি তাঁরা পেশাজীবনেও সফল হবেন।’ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাবরুনা আহমেদ তাঁদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘চাই স্বপ্ন দেখার ক্ষমতা, যা ছুঁয়ে দেবে ওড়ার আকাশ। গর্বিত করবে ইডেনকে, বারবার, প্রতিবার।’