তিন অদম্যের সাফল্যগাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারিদ্র্য আর অভাব জড়িয়ে ছিল আষ্টেপৃষ্ঠে। তবুও থেমে থাকা নয়। তারা এগিয়ে গেছে ইচ্ছাশক্তিকে পুঁজি করে। এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে মেধার স্বাক্ষর রেখেছে টেকনাফের মোকতার আহমদ, ছলিমা আকতার এবং মহেশখালীর সুমাইয়া কায়সার। গত ৩০ আগস্ট কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম আলো-টেলিটকের আয়োজনে এসএসসি ও সমমানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই তিন অদম্য মেধাবীর হাতে তুলে দেওয়া হয় নগদ টাকা। তাদের হাতে টাকা তুলে দেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র। কীভাবে তারা বাধা পেরোল? সেই দিনগুলোর কথা জানালেন এই প্রতিবেদকের কাছে।

মোকতার আহমদ: সকালে বিদ্যালয়ের ক্লাস-পড়া। রাতে নাফ নদীতে মাছ ধরা। এভাবেই পড়া চালাতে হয়েছে টেকনাফ উপজেলার নয়াবাজার গ্রামের মোকতার আহমদকে। মা-বাবা নেই। দুই ভাইয়ের কষ্টের সংসার। বই কেনার সামর্থ্য ছিল না, বন্ধুদের কাছ থেকে ধার করে বই এনে লেখাপড়া করত। প্রাইভেট পড়ারও সুযোগ হয়নি। কিন্তু এত কিছুর পরও থেমে থাকেনি মোকতার। এবার নয়াবাজার উচ্চবিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার স্বপ্ন, উচ্চ শিক্ষিত হয়ে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার।

সুমাইয়া কাউসার : মহেশখালীর অদম্য মেধাবী সুমাইয়া কাউসার। অভার তারও নিত্যসঙ্গী। তার পরও লেখাপড়ার প্রতি সুমাইয়া প্রবল আগ্রহ এনে দিয়েছে সাফল্য। সে বড় মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে।

পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে সাবিহা চতুর্থ। বাবা দিনমজুর। বাবার পক্ষে ছেলেমেয়েদের লেখাপড়া দূরের কথা, সংসারে দুই বেলা খাবার জোগাড় করতে হিমশিম খেতে হয়। সাবিহার স্বপ্ন, চিকিৎসক হয়ে মানুষের সেবা করা।

ছলিমা আকতার: টেকনাফ সমুদ্র উপকূলের দুর্গম গ্রাম দরগাছড়া। দিনমজুর বাবা সারা দিন পরিশ্রম করে যা আয় করেন, তা দিয়ে সাত সদস্যের সংসার চলে না। নিজে তো পড়েছে, ছোট চার ভাইবোনের লেখাপড়ার দায়িত্ব কাঁধে তুলে নেয় ছলিমা আকতার। সে টেকনাফ মলকাবানু উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে এবার।

ছলিমা ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় থেকেই টিউশনি শুরু করে। বাড়ির আশপাশের স্কুলপড়ুয়া ছেলেমেয়েদের পড়িয়ে সে মাসে আয় করত হাজার দুয়েক টাকা। এই টাকায় চলত ছোট ভাইবোন ও নিজের লেখাপড়া। ছলিমার ইচ্ছা, লেখাপড়া করে শিক্ষকতা করবে।