চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি বিজ্ঞান অনুষদ ও একটি ইনস্টিটিউটে কোনো ক্যানটিন নেই। আর কলা অনুষদের একমাত্র ক্যানটিনের পরিবেশ অস্বাস্থ্যকর বলে অভিযোগ শিক্ষার্থীদের। ফলে শিক্ষার্থীদের খেতে হচ্ছে ঝুপড়ির দোকানগুলোতে। এ সুযোগে খাবারের দ্বিগুণ দাম হাতিয়ে নিচ্ছে তারা। প্রশাসন সূত্রে জানা গেছে, বিজ্ঞান অনুষদ ভবনে বিজ্ঞান অনুষদের চারটি ও জীববিজ্ঞান অনুষদের দুটি বিভাগ রয়েছে। এসব বিভাগে চার হাজার ৪৭ জন শিক্ষার্থী রয়েছেন। পঞ্চম একাডেমিক ভবনে (জীববিজ্ঞান অনুষদ) রয়েছে ছয়টি বিভাগ। এসব বিভাগে শিক্ষার্থীর সংখ্যা ৮৫১ জন। বিশ্ববিদ্যালয়ের একেবারে শেষ প্রান্তে অবস্থিত বিজ্ঞান অনুষদভুক্ত মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটে অধ্যয়ন করছেন ২৮৬ জন শিক্ষার্থী। এসব শিক্ষার্থীর জন্য কোনো ক্যানটিন নেই। বিজ্ঞান অনুষদের পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী রাজীব দাশ, হালিম মিয়াজি, আহমেদ শরীফ ও জাকির হোসেন প্রথম আলোকে বলেন, অনুষদ ভবনে ক্যানটিন না থাকায় দুপুরের খাবার খেতে দূরের ছাত্রাবাসগুলোর ডাইনিংয়ে যেতে হয়। অনেক সময় সেখানেও খাবার পাওয়া যায় না।এ ছাড়া ড. আবদুল করিম ভবনে অধ্যয়ন করছেন কলা অনুষদের নয়টি ও সমাজবিজ্ঞান অনুষদের একটি বিভাগের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী। এ অনুষদ ভবনের নিচতলায় অবস্থিত একমাত্র ক্যানটিনে অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করা হয়। খাবার পরিবেশনও করা হয় একই পরিবেশে।কলা অনুষদ ভবনে অবস্থিত যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশরাফ আলম, সোহেল পাটোয়ারি ও নাট্যকলা বিভাগের মামুনুল হক বলেন, ক্যানটিনের খাবারের মান ভালো না। বাধ্য হয়েই এ ক্যানটিনের খাবার খেতে হয়। খাবারের মান বাড়াতে প্রশাসনের নজর দেওয়া উচিত। ক্যানটিনের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের চেষ্টা করছি।’বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের এ সমস্যা দূর করার চিন্তাভাবনা রয়েছে।বিজ্ঞান অনুষদের ডিন আবুল কালাম আযাদ বলেন, এ অনুষদের শিক্ষার্থীদের জন্য একটি ক্যানটিন চালু করার প্রক্রিয়া রয়েছে। ক্যানটিন নির্মাণ করা হলে শিক্ষার্থীদের দুর্ভোগ নিরসন হবে।এদিকে, বিশ্ববিদ্যালয়ের একেবারে শেষপ্রান্তেই রয়েছে জীববিজ্ঞান অনুষদ ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউট ভবন। এখানকার সব বিভাগই ব্যবহারিক ক্লাস-নির্ভর। শিক্ষার্থীদের সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ক্লাস করতে হয়। ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী হেদায়েত উল্লাহ ও অভিজিৎ তালুকদার বলেন, সকালে শাটল ট্রেন থেকে নেমেই পাড়ি দিতে হয় কয়েক কিলোমিটার পথ। আবার দুপুরে খাবার খেতে আসতে হয় কলা অনুষদের ঝুপড়ি আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) ক্যানটিনে। শিক্ষার্থীদের অভিযোগ, ক্যানটিন না থাকার সুযোগ নিচ্ছেন ঝুপড়ির খাবার ব্যবসায়ীরা। অধিকাংশ ঝুপড়িতে নিম্নমানের খাবার বিক্রি হয়। আর আদায় করা হয় চড়া দাম। ক্যানটিন ও ঝুপড়িগুলোতে খাবারের মান নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। ফলে প্রতিদিন অস্বাস্থ্যকর খাবার খেতে হচ্ছে শিক্ষার্থীদের।