তিন অপহরণ ঘটনার কূল-কিনারা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি জেলায় সংঘটিত তিনটি অপহরণ ঘটনার কোনোটারই কূল-কিনারা হয়নি এখনো। তিনটি ঘটনায় অপহূত হয়েছেন সাতজন। এর মধ্যে একজন আদিবাসী আওয়ামী লীগ নেতা, অপর ছয়জন বাঙালি। একজনের লাশ পাওয়া গেলেও বাকিদের কোনো খোঁজ নেই। এ নিয়ে সম-অধিকার ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে। গত বছরের ৪ ডিসেম্বর বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী তাগলবাগ এলাকায় কর্ণফুলী নদী থেকে পাঁচজন বাঙালি জেলে নিখোঁজ হন। ১০ জানুয়ারি কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের আগুনিয়াছড়া গ্রামের নিজ বাড়ি থেকে রাঙামাটি শহরে আসার পথে একদল আদিবাসী সশস্ত্র যুবকের হাতে অপহূত হন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র তঞ্চঙ্গ্যা। সর্বশেষ ১৬ জানুয়ারি বাঘাইছড়ি উপজেলা থেকে খাগড়াছড়ি জেলার দীঘিনালায় যাওয়ার পথে মো. মামুন নামের এক মোটরসাইকেল চালক নিখোঁজ হন। তিনি দুজন আদিবাসী যুবককে নিয়ে ভাড়ায় যাচ্ছিলেন বলে পরিবারের অভিযোগ। অপহরণ ঘটনা নিয়ে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন এবং আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে। অপহরণের ঘটনা প্রসঙ্গে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের রাঙামাটি জেলা সভাপতি পেয়ার আহমেদ খান বলেন, ‘অপহরণ কে করছে এবং কেন করছে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আমরা এসব অপহরণ ঘটনার জন্য কাউকে দায়ী করছি না। তবে যাঁরা অপহরণের সঙ্গে জড়িত, তাঁরা যে পার্বত্য চট্টগ্রামে শান্তি চান না, সেটা নিশ্চিত।’পেয়ার আহমেদ খান আশঙ্কা প্রকাশ করে বলেন, অপহূত পাঁচ বাঙালি জেলের মধ্যে একজনের লাশ পাওয়া যাওয়ায় অপহূতদের পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েছেন। কারণ, অপহূতরাই পরিবারের প্রধান উপার্জনকারী। উপার্জনকারী ব্যক্তির অনুপস্থিতি একটি পরিবারের কী অবস্থা হতে পারে, তা সবার জানা। অপরদিকে রাঙামাটি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মাহাবুবুর রহমান বলেন, ‘সহসভাপতি অনিল তঞ্চঙ্গ্যাকে অপহরণ করে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো খবর পাওয়া যায়নি। তবে তাকে উদ্ধারে প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগতভাবেও উদ্যোগ নিয়েছেন অনেকে।’ এ অপহরণ ঘটনার বিষয়ে দলের করণীয় ঠিক করতে কয়েক দিনের মধ্যে বৈঠকে বসবেন নেতারা। অনিল চন্দ্র তঞ্চঙ্গ্যার বড় ছেলে ঝন্টু তঞ্চঙ্গ্যা হতাশা ব্যক্ত করে বলেন, ‘দলীয় লোকজন কতটুকু আন্তরিকতা নিয়ে কাজ করছে, তা নিশ্চিত নই। নেতাদের কাছে গেলেও তেমন খোলাখুলি কথা বলেন না। প্রশাসনের সঙ্গে তো এখন যোগাযোগও নেই।’এদিকে বাঘাইছড়ি দীঘিনালা সড়কে অপহূত মোটরসাইকেলচালক মো. মামুনের খোঁজে বিভিন্ন স্থানে সেনাবাহিনী ও পুলিশ তল্লাশি চালিয়েছে। তবে এখনো তাঁর খোঁজ মেলেনি। বাঘাইছড়ি থানার উপপরিদর্শক মো. সোহরাওয়ার্দী জানান, মামুনের শ্বশুর মো. শামসু বাদী হয়ে যে সাধারণ ডায়েরি করেছেন, তাও এখনো নিয়মিত মামলায় পরিণত করা হয়নি। মো. শামসুর উদ্ধৃতি দিয়ে সোহরাওয়ার্দী জানান, মামুনের লাশ পাওয়া গেলে তারপর মামলা করা হবে শামসু জানিয়েছেন। রাঙামাটি পুলিশ সুপার (এসপি) মাসুদ-উল হাসান বলেন, ‘অপহূতদের উদ্ধারে কোনো অগ্রগতি নেই। তবে অপহরণের ঘটনা নিয়ে যে উত্তেজনা আছে, তা স্বাভাবিক করার চেষ্টা চলছে। এ ব্যাপারে বরকলে পাহাড়ি বাঙালি সভা হয়েছে।’ এসপি জানান, অপহূত পাঁচ বাঙালি জেলের মধ্যে একজনের লাশ পাওয়া গেছে। বাকিদের উদ্ধারে বিভিন্নভাবে প্রচেষ্টা চলছে।