‘যেদিন নেপালের কাঠমান্ডুতে পৌঁছাই, সেদিন ছিল দেওয়ালি উ ৎসব। চারদিকে আলোর ঝলকানি, নানা রঙের ফুল আর প্রদীপে শোভা পাচ্ছে চারপাশ। এমন উ ৎসবমুখর পরিবেশ যেন আমাদের উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছিল।’ বলছিলেন অন্নপূর্ণার থুরং লা পাস অতিক্রম করা হাসান আল জুবায়ের। শুধু হাসানই নন, অন্নপূর্ণার প্রায় ১৮ হাজার ফুট উঁচু থুরং লা পাস অতিক্রম করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও দুই শিক্ষার্থী। অভিযাত্রীরা হলেন: শিক্ষা গবেষণা বিভাগের হাসান আল জুবায়ের, ব্যবস্থাপনা বিভাগের ইব্রাহিম খলিল এবং সমাজকর্ম ইনস্টিটিউটের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান।ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির পাড়েই নিয়ন আলোয় তাঁদের সঙ্গে আড্ডা জমে। কীভাবে এত দূর এগিয়ে গেলেন তাঁরা, আর স্বপ্নটাই বা কী তাদের? হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরই ভাবনা ছিল আলাদা কিছু করব, যা বিশ্ববিদ্যালয়ে আগে হয়নি। সেই ভাবনা থেকেই কাজ করা। তবে অর্জন যা, তা এ বছর থেকেই শুরু। শুরুটা হয়েছে দেশের ভেতরে কেওক্রাডংয়ের শীর্ষে আরোহণের মাধ্যমে। এ বছরের সেপ্টেম্বরেই তা সম্পন্ন হয়।’ ইব্রাহিম খলিল বলেন, সিলেট অঞ্চলে ঘোরাঘুরির বদৌলতে পাহাড়ে ওঠা হয়েছে। তবে থুরং লা পাস অতিক্রম আসলেই বড় পাওয়া।মুস্তাফিজুর রহমান বলেন, ‘মোট ১৪ দিনের অভিজ্ঞতা পুরোটাই ছিল রোমাঞ্চকর। প্রতিমুহূর্তেই মনে হয় নতুন করে বাঁচতে পারছি। খুব ভয় পেয়ে গিয়েছিলাম যখন হাসানের পা পিছলে যায়। সর্বোপরি ভয় আর আনন্দমিশ্রিত দিনগুলো দারুণ কেটেছে। ঈদুল আজহার দিন আমরা ১৮ হাজার ফুট উচ্চতায় আরোহণ করি। কী যে এক অসাধারণ ভালো লাগা, তা বোঝাতে পারব না।’ খলিল বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী ছাড়াও নর্থ আলপাইন ক্লাবের আবদুল হালিম আমাদের সফরসঙ্গী হিসেবে ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতা ও উপাচার্য স্যারের (আ আ ম স আরেফিন সিদ্দিক) সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করেছে।’শুরুর দিকের কথা বলেন মুস্তাফিজুর রহমান, ‘এ বছরেই ঢাকা বিশ্ববিদ্যালয় এভারেস্ট টিম গঠন করা হয়। নামটাও দারুণ, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে এভারেস্ট টিম”। আর এই দলের সদস্যা আমরা। আমাদের লক্ষ্য, ২০১৪ সালের মধ্যে এভারেস্ট পর্বতে আরোহণ করা। মুসা ইব্রাহীম যা করে দেখিয়েছেন, তা আমাদের অনুপ্রেরণা। একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে থাকাকালেই করে দেখাবেন বলে আমরা মনে করি।’তবে এবার প্রশ্ন, অন্যদিকে ক্যারিয়ার হিসেবে কী করতে চান এই তিন জয়ী? উত্তর প্রথমে দেন হাসান, ‘অবশ্যই বিষয়সংশ্লিষ্ট শিক্ষাব্যবস্থা নিয়ে কাজ করতে চাই। তবে পাহাড়ে ওঠার শখটা সব সময়ই থাকবে।’ মুস্তাফিজ ও খলিলের উত্তরটা একই রকম, ‘পড়াশোনা যে বিষয়ে করছি, সেই বিষয়সংশ্লিষ্ট কিছু করতে চাই এবং অবশ্যই থাকতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এভারেস্ট টিম ২০১১-এর সঙ্গে। যেখানে তৈরি হবে এভারেস্ট জয় করার সৈনিকেরা। রাত বাড়ছে। শীতের হাওয়াও লাগছে গায়ে। উঠে পড়ি রোমাঞ্চকর পাহাড়ে ওঠার একরাশ গল্প শুনেই।’