তিন আয়বর্ধক প্রকল্পে ব্যয় বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের ‘আয়বর্ধক’ তিন প্রকল্পে আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে। ফলে তিনটি প্রকল্পের পেছনে করপোরেশনকে বছরে ৩৬ লাখ টাকার বেশি লোকসান গুনতে হচ্ছে।প্রকল্প তিনটি হচ্ছে—ওষুধ তৈরির কারখানা ‘চট্টগ্রাম সিটি করপোরেশন ফার্মাসিউটিক্যালস’, বৈদ্যুতিক বাতি (টিউবলাইট) সংযোগকারী প্রতিষ্ঠান ‘টিউবলাইট’ ও মিনারেল ওয়াটার প্লান্ট ‘প্রিমিয়ার ড্রিংকিং ওয়াটার’। ২০০৫ সালে ওষুধ তৈরির কারখানা, ২০০৬ সালে টিউবলাইট কারখানা ও ২০০৯ সালে ড্রিংকিং ওয়াটার প্রকল্প প্রতিষ্ঠা করা হয়। এ জন্য ব্যয় করা হয় প্রায় সাড়ে ১২ কোটি টাকা। তিনটি প্রকল্পই স্থাপন করা হয় সাগরিকা এলাকায় করপোরেশনের নিজস্ব জায়গায়।করপোরেশন সূত্র জানায়, ড্রিংকিং ওয়াটার ছাড়া অন্য দুটি প্রকল্পে উৎপাদন শুরুই করা যায়নি। অথচ কর্মকর্তা-কর্মচারীর বেতন ও আনুষঙ্গিক খাতে এই তিন প্রকল্পে করপোরেশনের প্রতি মাসে ব্যয় হয় সাড়ে তিন লাখ টাকা। পানীয়জল উৎপাদনকারী কারখানা থেকে আয় হয় মাসে ৪০ হাজার টাকা।ফলে প্রকল্প তিনটির খাতে করপোরেশনকে লোকসানই দিতে হয় মাসে তিন লাখ টাকারও বেশি।দায়িত্বশীল সূত্রমতে, এ ধরনের প্রকল্প স্থাপনের জন্য অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই, আয়-ব্যয় বিশ্লেষণ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ (সিডিএ) সরকারি সংশ্লিষ্ট দপ্তরগুলোর অনুমোদন দরকার। করপোরেশন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা। এ জন্য করপোরেশনের যেকোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম শুরুর আগে মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা আছে। কিন্তু কোনো প্রকল্প স্থাপনের আগে সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন নেওয়া হয়নি বলে জানা গেছে।করপোরেশন সূত্রমতে, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সময়ে এসব প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু মন্ত্রণালয় থেকে কোনো অনুমোদন দেওয়া হয়নি। বরং প্রকল্প স্থাপনের প্রয়োজন নেই বলে বিএনপি সরকারের আমলে প্রকল্পগুলো বন্ধ রাখতে বলা হয়েছিল। কিন্তু এসব না মেনেই করপোরেশন প্রকল্প তিনটি বাস্তবায়ন করে।প্রিমিয়ার ওয়াটার: বাণিজ্যিকভাবে পানি বোতলজাত ও বিক্রির লক্ষ্যে ২০০৯ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন প্রিমিয়ার ওয়াটার ড্রিংকিং প্রকল্পে উৎপাদন শুরু করে। প্রকল্পে ব্যয় হয়েছে তিন কোটি ২১ লাখ টাকা। শুরুতে পানির ডিলার ছিলেন ২২ জন। কিন্তু পরে পানির মান খারাপ হওয়ার অভিযোগে ডিলারের সংখ্যা কমে পাঁচজনে নেমে আসে। প্রকল্পটি শুরু হওয়ার পর প্রতিযোগিতাহীন দরপত্রের মাধ্যমে অতিরিক্ত দামে পানির জার (বোতল), জারের ক্যাপ ও কাঁচামাল কেনার অভিযোগ ওঠে। তা ছাড়া প্রকল্প এলাকায় শৌচাগার নির্মাণে অতিরিক্ত ব্যয় এবং বাজারদরের চেয়ে অতিরিক্ত দাম দেখিয়ে জার কেনার অভিযোগ ওঠে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে। সিটি করপোরেশনের নিরীক্ষা স্ট্যান্ডিং কমিটির প্রধান ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রিমিয়ার ওয়াটার প্রকল্প নিয়ে তদন্ত শুরু করেছি। যথাযথ তদন্ত শেষে অনিয়মের বিষয়টি মেয়রের কাছে প্রতিবেদন আকারে পেশ করা হবে।’প্রকল্পটিতে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ খরচ হয় প্রায় ৯৪ হাজার টাকা। বিদ্যুৎ ও টেলিফোন বিল, পলিথিন ক্রয় ও স্টিকার মিলে মাসে খরচ প্রায় দেড় লাখ টাকা। অথচ আয় হয় মাসে মাত্র ৪০ হাজার টাকা।টিউবলাইট কারখানাচট্টগ্রাম সিটি করপোরেশন নিজস্ব কারখানায় সড়কবাতি তৈরির জন্য ২০০৬ সালে সাগরিকায় টিউবলাইট কারখানা প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। এরই মধ্যে এ প্রকল্পে ব্যয় হয়েছে চার কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে অবকাঠামো নির্মাণব্যয় এক কোটি ৩২ লাখ টাকা, যন্ত্রপাতি ক্রয় এক কোটি ৮০ লাখ টাকা, যন্ত্রপাতি স্থাপন এবং চালু করার খরচ ৯২ লাখ টাকা, বৈদ্যুতিক উপকেন্দ্র স্থাপন ও চালু করার খরচ ৩৪ লাখ টাকা দেখানো হয়েছে। এ ছাড়া বৈদ্যুতিক ওয়্যারিং ৩৫ লাখ টাকা এবং বৈদ্যুতিক মিটারিং প্যানেল বসানোর জন্য দেড় লাখ টাকা খরচ দেখানো হয়। একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যন্ত্রপাতি কেনার মাধ্যমে একটি চক্র বড় ধরনের কমিশন ভাগাভাগি করেছে। তবে টিউবলাইট কারখানাটি চালুর কোনো সম্ভাবনা নেই।’সিটি করপোরেশন ফার্মাসিউটিক্যালসপ্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে ২০০৫ সালে সিটি করপোরেশন ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পটি বর্তমানে বন্ধ রয়েছে। অথচ সেখানে কাজ করছেন ১২ জন কর্মকর্তা-কর্মচারী, যাঁদের মাসিক বেতন ৮০ হাজার টাকা। এর বাইরে প্রতি মাসে গড়ে ২১ হাজার টাকা বিদ্যুৎ বিল এবং চার হাজার টাকা গ্যাস বিল পরিশোধ করতে হয়। মহিউদ্দিন চৌধুরী মেয়র থাকার সময় সিটি করপোরেশনের নিজস্ব একটি তদন্ত দল কারখানায় যে মানের যন্ত্রপাতি বসানো হয়েছে, তা দিয়ে ওষুধ উৎপাদন কিছুতেই সম্ভব নয় বলে প্রতিবেদন দাখিল করেছিল।