তিন ইউনিয়নে নির্বাচন কাল
কাপ্তাই উপজেলার চিৎমরম, কাপ্তাই ও ওয়াগ্গা ইউনিয়ন পরিষদে (ইউপি) কাল বুধবার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন জানান। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও আনসারের পাশাপাশি ৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদেরও মোতায়েন রাখা হবে। নির্বাচনের সময় ছয়জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ত্রিরতন চাকমা জানান, কাপ্তাই ইউনিয়নে ভোটারের সংখ্যা ১০ হাজার ৩২। নয়টি ভোটকেন্দ্রের জন্য ৩২টি বুথ রয়েছে। ছয় চেয়ারম্যান পদপ্রার্থী হলেন: মো. নিজাম উদ্দিন, আবদুল লতিফ, মো. নাছির উদ্দিন, মো. মহির উদ্দিন, মো. মোফাজ্জল হোসেন ও মো. নুরুল আমিন।ওয়াগ্গা ইউনিয়নে ভোটার ছয় হাজার ৪৪৩ জন। নয়টি ভোটকেন্দ্রে বুথ থাকবে ১৯টি। পাঁচ চেয়ারম্যান পদপ্রার্থী হলেন:দিপ্তীময় তালুকদার, চিরঞ্জিত তনচংগ্যা, অংলাচিং মারমা, প্রভাতচন্দ্র তালুকদার ও মো. সফিউল আলম।মৎস্য কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. গোলাম মর্তুজা জানান, উপজেলার সবচেয়ে কম ভোটার হলো চিৎমরমে—তিন হাজার ২১৪ জন। নয়টি ভোটকেন্দ্র, বুথ ১৯টি। চেয়ারম্যান পদপ্রার্থী দুজন—থুইচাই প্রু মারমা ও থোয়াইচিং মারমা। চিৎমরমে দুর্গম দুটি ভোটকেন্দ্র রয়েছে আড়াছড়ি ও পেকুয়ায়। ভোট গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এক দিন আগেই সেখানে চলে যাবেন।