তিন ইউনিয়নে বন্যার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরী  নদীর পাড় সংরক্ষণ প্রকল্প এগুচ্ছে ধীর গতিতে। যেটুকু কাজ হয়েছে বর্ষায় পাহাড়ি ঢলে তা–ও ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে। ছবিটি সম্প্রতি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের আনিসপাড়া এলাকায় মাতামুহুরী নদীর পাড় থেকে তোলা l প্রথম আলো
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদীর পাড় সংরক্ষণ প্রকল্প এগুচ্ছে ধীর গতিতে। যেটুকু কাজ হয়েছে বর্ষায় পাহাড়ি ঢলে তা–ও ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে। ছবিটি সম্প্রতি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের আনিসপাড়া এলাকায় মাতামুহুরী নদীর পাড় থেকে তোলা l প্রথম আলো

কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা, বি এম চর ও কোনাখালী ইউনিয়নে প্রতি বর্ষায় বন্য হয়। প্লাবন ঠেকাতে জরুরি ভিত্তিতে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের আনিসপাড়া এলাকায় মাতামুহুরী নদীর পাঁচ শ মিটার তীর সংরক্ষণ প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছিল। এ বছরের ফেব্রুয়ারিতে কাজ শুরু হওয়ার কথা থাকলেও ঠিকাদার কাজ শুরু করেছেন মে মাসের শেষে। এ পর্যন্ত কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ। ফলে বর্ষায় বন্যার আশঙ্কা থেকেই যাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ১ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে নদীর তীর সংরক্ষণের এই প্রকল্পের দরপত্র আহ্বান করা হয় পাঁচ মাস আগে। দরপত্র অনুযায়ী চলতি অর্থবছর অর্থাৎ জুন মাসের মধ্যে কাজ শেষ করার কথা। তবে বর্ষার আগে তা না হওয়ায় মাতামুহুরী নদীতীরের কয়েক হাজার পরিবার এখন বন্যর ঝুঁকিতে পড়েছে।
স্থানীয় লোকজন বলেন, গত বর্ষা মৌসুমে আনিসপাড়া এলাকায় মাতামুহুরী নদীর তীব্র ভাঙন দেখা দেয়। ওই সময় পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম জকরিয়া সড়ক মাতামুহুরী নদীতে বিলীন হয়ে যায়। ফলে সড়ক যোগাযোগ এখনো বন্ধ রয়েছে। এ ছাড়া অন্তত ৫০টি বসতবাড়ি এবং কয়েক একর ফসলি জমি মাতামুহুরী নদীতে বিলীন হয়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ব্যাপক এলাকা মাতামুহুরী নদীর ভাঙনের কবলে পড়েছে। এলাকার লোকজন বলেন, গত এক বছরে অন্তত দেড় শতাধিক বসতঘর নদীতে বিলীন হয়েছে। গত বছর বর্ষায় পূর্ব বড় ভেওলা ইউনিয়নের আনিসপড়া পয়েন্টে মাতামুহুরী নদীর বেড়ি বাঁধ দিয়ে পাহাড়ি ঢলের পানি ঢুকে বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে চলতি বছর ওই ভাঙন এলাকায় মাতামুহুরী তীর সংরক্ষণ প্রকল্প হাতে নেয় কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড। প্রকল্প অনুযায়ী জিও ব্যাগ, বালি ও সিমেন্টের বস্তা দিয়ে দিয়ে পাঁচ শ মিটার বেড়ি বাঁধ সংরক্ষণের কথা। গত জানুয়ারি মাসে এ কাজটির দরপত্র আহ্বান করা হলে মেসার্স নিয়াজ ট্রেডার্স কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায়। ফেব্রুয়ারি মাসে কাজ শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র ২০ শতাংশ কাজ শেষ হয়েছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হোছাইন বলেন, মাতামুহুরী নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজে চোখে পড়ার মতো কোনো অগ্রগতি নেই। একটু বৃষ্টি শুরু হলেই মাতামুহুরী নদীতে পাহাড়ি ঢল নামবে। এ সময় ঢলের তোড়ে আবারও ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
স্থানীয় বাসিন্দা কবির আহমদ ও আবদুস ছোবহান বলেন, প্রথমে আট ভাগ বালি ও এক ভাগ সিমেন্ট দিয়ে বস্তা তৈরির কথা রয়েছে। এরপর নদীর তলদেশে জিও ব্যাগ ব্যবহার করার কথা। তবে ঠিকাদার বস্তায় ঠিকমতো সিমেন্ট দিচ্ছেন কি না সে বিষয়ে তদারক করা প্রয়োজন। নয়তো বালির বস্তা নদীর ভাঙন ঠেকাতে পারবে না।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নিয়াজ ট্রেডার্সের স্বত্বাধিকারী মোকতার আহমদ বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড এখনো আমাকে কোনো টাকা ছাড় দেয়নি। এ কারণে কাজ শুরু করতে দেরি হয়েছে। তবে কাজে কোনো অনিয়ম হচ্ছে না। এই অর্থবছরে কাজ সম্পন্ন না হলে আগামী অর্থবছরও করতে পারব।’
জানতে চাইলে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ‘এ বছর কাজটি শেষ নাও হতে পারে। তবে এতে কোনো সমস্যা দেখছি না। পরে কাজ করা যাবে।’