তিন উদ্যানে পদে পদে উৎপাত

নগরে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত উন্মুক্ত উদ্যান (পার্ক) রয়েছে তিনটি—লালদীঘি ও জাতিসংঘ পার্ক এবং বিপ্লব উদ্যান। তিন উদ্যানেই এখন পদে পদে উৎপাত। বিড়ম্বনায় পড়ছেন দর্শনার্থীরা।
প্রতিটি উদ্যানেই অব্যবস্থাপনার ছাপ স্পষ্ট। কোনোটিতে বখাটেদের উৎপাত, কোনোটিতে পাশে ডাস্টবিন কিংবা হাঁটার রাস্তায় প্রতিবন্ধকতা। আর সন্ধ্যার পর নিরাপত্তা ঝুঁকি তো রয়েছেই। সরেজমিনে ঘুরে এই চিত্র পাওয়া যায়।
দর্শনার্থীদের অভিযোগ, সন্ধ্যার পর উদ্যানে থাকা নিরাপদ নয়। ছিনতাইয়ের ঝুঁকি থাকে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, তিনটি উদ্যানে কিছু সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধান করা হবে। তিনি আরও বলেন, জাতিসংঘ পার্ক বেসরকারি খাতে দেওয়ার চিন্তাভাবনা চলছে। বিপ্লব উদ্যান ও লালদীঘি পার্ক দর্শনার্থীবান্ধব ও সংস্কারের ব্যাপারে মেয়র মহোদয়ের পরিকল্পনা রয়েছে। সংস্কার হওয়ার পর এসব উদ্যানে নিরাপত্তার ঝুঁকি থাকবে না। এখনো যাঁরা দায়িত্ব পালনে অবহেলা করছেন তাঁদের বিরুদ্ধে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, বিপ্লব উদ্যান ও জাতিসংঘ পার্ক বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত, লালদীঘি পার্ক প্রতিদিন সকাল ছয়টা থেকে আটটা এবং বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে।

জাতিসংঘ পার্কে হাঁটাও দায়!
জায়গায় জায়গায় মাটির স্তূপ। সীমানাপ্রাচীর ভাঙা। হাঁটার পথে জমে আছে পানি। ছড়িয়ে রয়েছে কাদা। বিবর্ণ ফুলগাছগুলো। ফোয়ারায় জমেছে শেওলা, ভাসছে চিপস-আইসক্রিমের প্যাকেট। এই চিত্র পাঁচলাইশ এলাকার জাতিসংঘ পার্কের।
১১ অক্টোবর বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অবস্থান করে দেখা যায়, দর্শনার্থীরা আসেন হাতে গোনা কয়েকজন। তাও তাঁরা আশপাশের বাসিন্দা। তবে সন্ধ্যার পর কেউ থাকেন না। পর্যাপ্ত বাতি না থাকায় উদ্যানের বেশির ভাগ অংশই ডুবে থাকে অন্ধকারে।
কথা হয় দর্শনার্থী নজরুল ইসলামের সঙ্গে। একটি বেসরকারি প্রতিষ্ঠানের এই কর্মকর্তা বিকেলে প্রায় সময় হাঁটতে আসেন এখানে। তিনি বলেন, এই মুহূর্তে পার্কের বড় সমস্যা নিরাপত্তা ঝুঁকি। সীমানাপ্রাচীর ভাঙা থাকায় যে কেউ মূল ফটক ছাড়া আসা-যাওয়া করতে পারে। ফলে ছিনতাইয়ে কবলে পড়ার আশঙ্কা রয়েছে। তা ছাড়া হাঁটার পথ পানি জমে পিচ্ছিল হয়ে থাকে। কাদা-পানিতে একাকার চারপাশ। সামান্য বৃষ্টি হলেই পানিতে ডুবে যায় পার্ক।
স্থানীয় বাসিন্দা তানভীর শাহরিয়ার বলেন, এক বছর ধরেই এই অবস্থা। একসময় এই পার্কে প্রচুর মানুষ আসত। এখন পার্কের পরিবেশটা অনেক বদলে গেছে। দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের অবহেলায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। তাই এখন খুব বেশি লোকজন আসে না।
পার্কের প্রবেশমুখে তত্ত্বাবধায়কের কক্ষও জরাজীর্ণ। এখানে থাকেন তত্ত্বাবধায়ক হেদায়েত উল্লাহ। তিনি বলেন, পার্কের আশপাশের সড়কগুলো উঁচু করার পর থেকে বৃষ্টি হলে পানি জমে যায় পার্কে। সম্প্রতি কয়েক দফা জলাবদ্ধতায় পার্কের বিভিন্ন অংশের সীমানাপ্রাচীর ভেঙে গেছে। তিনি জানান, পার্কে ১০ থেকে ১২টি বাতি রয়েছে। এর মধ্যে ৭ থেকে ৮টি ভালো। তবে বাতি মেরামত করা হলেও দ্রুত নষ্ট হয়ে যায়।
প্রায় এক একর জায়গার ওপর অবস্থিত জাতিসংঘ পার্ক। বর্তমানে পার্কের একাংশে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে সুইমিংপুল ও ব্যায়ামাগার নির্মাণের কাজ চলছে। ২০১২ সালের ডিসেম্বরে এই কাজ শুরু হলেও শেষ হয়নি এখনো। এই নির্মাণকাজের কিছুটা প্রভাব পার্ক ব্যবস্থাপনায় পড়ছে বলে অভিযোগ করেছেন দর্শনার্থীরা।
বিপ্লব উদ্যানে তাসের আসর
১২ অক্টোবর। বিকেল পাঁচটা। উদ্যানে ঢুকেই দেখা গেল হাতের বাঁ পাশের ‘স্বাধীনতা’ ভাস্কর্যের পাদদেশে বসেছে তাসের আসর। পাঁচ-ছয়জন কের দুটি দেল ভাগ হয়ে তাস খেলছেন কিছু যুবক। কিছুক্ষণ পরপর চিৎকার করে উঠছেন তাঁরা। তাঁদের জন্য ভাস্কর্যের পাদদেশে বসতে পারছেন অন্য দর্শনার্থীরা। এ ছাড়া আরও কয়েক দল যুবক বেশির ভাগ বেঞ্চ দখল করে আছেন। অন্যদিকে, পার্কের ডান পাশে ডাস্টবিনের দুর্গন্ধে বসা যাচ্ছে না। উদ্যান ঘেঁষে রাখা ডাস্টবিন থেকে সারাক্ষণ ছড়াচ্ছে দুর্গন্ধ।
ষোলশহর দুই নম্বর গেট মোড়ের এই উদ্যানে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত অবস্থান করে কোনো নারী দর্শনার্থী চোখে পড়েনি। এমনকি শিশুদের নিয়েও কেউ আসেননি।
দর্শনার্থী জহিরুল ইসলাম বলেন, ‘এখানে কেউ পরিবার নিয়ে ঘুরতে আসবে না। কারণ, যেভাবে বখাটেদের উৎপাত বেড়েছে তাতে যেকোনো মুহূর্তে বিপদ হতে পারে। তিনজন মালি ছাড়া পার্কের কোনো নিরাপত্তারক্ষীকে দেখিনি। আমার সামনেই অনেক মেয়েকে উত্ত্যক্ত করতে দেখেছি। কেউ কোনো প্রতিবাদ করেনি।’
উদ্যানে নিয়মিত হাঁটতে আসা স্থানীয় বাসিন্দা শফিউল আলম বলেন, ‘আশপাশের এলাকা থেকে প্রায় সময় দর্শনার্থীরা এখানে হাঁটতে আসেন। তাঁদের সুবিধার জন্য উদ্যানে একটা শৌচাগার থাকলে খুব ভালো হতো। শৌচাগার না থাকায় উদ্যানের শেষ মাথায় মালিদের কক্ষের পেছনে অনেকে প্রাকৃতিক কাজ সারেন। ফলে পরিবেশ দূষিত হচ্ছে।’
এসব ব্যাপারে মালিদের সঙ্গে কথা বলতে চাইলে তাঁরা রাজি হননি।

লালদীঘি পার্কে নিরাপত্তাঝুঁকি
আলো আছে, কিন্তু অপর্যাপ্ত। আলোর অভাবে সন্ধ্যা নামলেই পার্কের জেলগেট–সংলগ্ন সড়কের পাশের দিকটি ডুবে থাকে অন্ধকারে। তা ছাড়া ওই দিকের গেটটি খোলা রাখা হয় সব সময়। এ নিয়ে দর্শনার্থীরা নিরাপত্তার ঝুঁকিতে থাকেন।
তবে ১৩ অক্টোবর বিকেলে গিয়ে প্রচুর দর্শনার্থী পাওয়া গেল এই উদ্যানে। সিটি করপোরেশন পরিচালিত এই উদ্যানটি বেশ সাজানো-গোছানো বললেই চলে। ময়লা নেই, রয়েছে পর্যাপ্ত ডাস্টবিন। পাশেই রয়েছে শৌচাগার।
কথা হয় বাচ্চাকে নিয়ে ঘুরতে আসা মিনহাজুর রহমানের সঙ্গে। তিনি বলেন, আমার বাসা জেলরোডের পাশেই। সময় পেলেই পার্কে হাঁটতে আসি। পার্কটি পরিচ্ছন্ন হওয়ায় হাঁটতে ভালো লাগে। তবে সন্ধ্যার পর থাকি না। কারণ, সন্ধ্যায় এখানে থাকা নিরাপদ নয়। জেলরোডের পাশ দিয়ে লোকজন ঢুকে পড়ে। ওই অংশটি প্রায় সময় অন্ধকার থাকায় ছিনতাইয়ের ঝুঁকি থাকে। নিরাপত্তারক্ষীদের ঠিকমতো দায়িত্ব পালন করতে দেখি না।
আরেক দর্শনার্থী রবিউল হোসেন বলেন, ‘পার্কের নিরাপত্তাব্যবস্থা তেমন ভালো না। পার্কের তিনটি প্রবেশপথ খোলা রাখায় চুরি-ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটে। কর্তৃপক্ষের এই দিকে সুদৃষ্টি দেওয়া প্রয়োজন।’
গেট খোলা রাখা প্রসঙ্গে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে পার্কের এক মালি বলেন, ‘আমরা জেলগেট সড়কের পাশের প্রবেশপথটি খোলা রাখতে চাই না। কারণ, ওই গেটটি খোলা রাখলে সমস্যা হয়। কিন্তু এলাকাবাসীর চাপে খোলা রাখতে বাধ্য হই।’ ছিনতাইকারীদের পাশাপাশি সন্ধ্যা হলেই এই পার্কে মশার উৎপাত বেড়ে যায় বলে অভিযোগ দর্শনার্থীদের।
এ প্রসঙ্গে বাগানের মালি আবুল হাসেম বলেন, ‘প্রতিদিনই পর্যাপ্ত আলো থাকে পার্কে আর ছিটানো হয় মশার ওষুধ। তবে কয়েক দিন আগে কিছু লাইট নষ্ট হয়ে যাওয়ায় সেগুলো এখন ঠিক করার কাজ চলছে। তাই হয়তো একটু অন্ধকার লাগছে।’ এখন পর্যন্ত তাঁদের কাছে কোনো ছিনতাইয়ের অভিযোগ আসেনি বলেও জানান তিনি।
সিটি করপোরেশন সূত্র জানায়, পার্কটি ব্যবস্থাপনার জন্য বর্তমানে ছয়জন মালি ও সাতজন নিরাপত্তারক্ষী কাজ করছেন।