তিন উপজেলার বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে মাত্র চারজন!
মাত্র চারজন কর্মকর্তা ও কর্মচারী দিয়ে চলছে দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্র (সাবস্টেশন)। এই কেন্দ্র থেকে রাঙামাটির বাঘাইছড়ি, লংগদু ও খাগড়াছড়ির দীঘিনালায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। লোকবলসংকটের কারণে তিন উপজেলার কোনো একটি স্থানে সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দিলে মেরামতে দীর্ঘ সময় লাগে।জানা গেছে, ১১ কিলোভোল্ট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রের আওতায় ১১ কিলোমিটার সঞ্চালন লাইন থাকার কথা। কিন্তু এখন এই কেন্দ্রের সঞ্চালন লাইন ৭০ কিলোমিটার ছাড়িয়েছে। ট্রান্সফরমারের সংখ্যা ৫৬টি। গ্রাহকসংখ্যা চার হাজার ৭০০। এই মাপের একটি বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য কমপক্ষে ২৫ জন লোকবল প্রয়োজন বলে জানিয়েছেন উপকেন্দ্রে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা। বর্তমানে এই কেন্দ্রে একজন আবাসিক প্রকৌশলী, একজন লাইনম্যান, একজন মুদ্রাক্ষরিক ও একজন মিটার রিডার দায়িত্ব পালন করছেন। উপকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে কোনো নৈশপ্রহরী নেই, কার্যালয়ে নেই কোনো পিয়নও।দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্র সূত্রে জানা গেছে, সঞ্চালন লাইন মেরামতের জন্য চলতি বছরের ৬ জুন একটি পিকআপ ভ্যান দেওয়া হলেও কোনো চালক দেওয়া হয়নি। এসব কারণে সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দিলে ঠিক করতে দীর্ঘ সময় লেগে যায়। গত ১ অক্টোবর খাগড়াছড়ি-দীঘিনালা লাইনে সাতটি ইন্স্যুলেটর ফেটে গেলে লাইন পুনরায় চালু করতে ১২ ঘণ্টা লেগে যায়।দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রের আবাসিক প্রকৌশলী যত্ন মানিক চাকমা বলেন, ‘এই কেন্দ্রের এমন অবস্থা যেখানে আমি কর্মকর্তা, আমি দারোয়ান, আমি পিয়ন, আমিই চালক। যেখানে ২৫ জন লোকবলের প্রয়োজন, সেখানে আছে মাত্র চারজন। এই অল্পসংখ্যক লোকবল নিয়েই তিন উপজেলার বিদ্যুৎ সরবরাহব্যবস্থা চালাতে হচ্ছে। একটি খুঁটির ইন্স্যুলেটর ফেটে গেলে কমপক্ষে ১০০টি খুঁঁটি পরীক্ষা করতে হয়। বিভিন্ন সময় দাপ্তরিক সভায় লোকবলের জন্য বারবার বলা হয়। লোকবল পদায়ন না করা পর্যন্ত আমাদের এভাবেই চলতে হবে। সে ক্ষেত্রে গ্রাহকদেরও আমাদের কষ্টটা একটু বুঝতে হবে।’