তিন কন্যার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও যোগ্যতার প্রমাণ রাখছেন চট্টগ্রামের মেয়েরা। এমনই তিন কন্যা ঊর্মি আচার্য, জান্নাতুল ফেরদৌস ও জয়শ্রী দাশ। সম্প্রতি তাঁরা বিশ্বের তিনটি নামী বিশ্ববিদালয়ে উচ্চশিক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। পড়ুন তাঁদের সাফল্যের বয়ান। প্রতিবেদন তৈরি করেছেন নিজাম সিদ্দিকী

সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বৃত্তি পেয়েছেন ঊর্মি আচার্য
সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বৃত্তি পেয়েছেন ঊর্মি আচার্য

‘নিজের উপার্জনে পড়ার আনন্দ অন্য রকম’
কলেজে পা রাখার পর থেকে কখনো হাত পাতেননি মা-বাবার কাছে। ছাত্র পড়িয়ে কিংবা নাচের প্রশিক্ষণ দিয়ে জোগাড় করেছেন নিজের টিউশন ফি। পড়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়েও। বরাবরই পরীক্ষায় ভালো ফলাফল করেছেন। সেই মেয়েটির নাম ঊর্মি আচার্য। তাঁর কথায়, নিজে উপার্জন করে পড়ার আনন্দ অন্য রকম।
ঊর্মি সম্প্রতি নির্বাচিত হয়েছেন সুইডেনের লুন্ড বিশ্ববিদালয়ের সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপের জন্য। বিজ্ঞান কিংবা প্রকৌশল বিভাগের বেশির ভাগ শিক্ষার্থীই এই বৃত্তি পায়। কিন্তু প্রতিদ্বন্দ্বিতার সিঁড়ি পেরিয়েই মানবিক বিভাগ থেকে সেই বৃত্তি পেয়েছেন ঊর্মি। সেখানে আন্তর্জাতিক আইন বিষয়ে মাস্টার্স করবেন তিনি। ঊর্মি বললেন, ‘দেশে ফিরে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াব আইনি সহায়তা নিয়ে।’
ঊর্মি পড়াশোনা করেছেন সেন্ট স্কলাস্টিকা স্কুল, সিটি কলেজ ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। ভালো ফলাফলের সুবাদে অনার্স শেষ করেই সুযোগ পেয়ে যান বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার। ছোটবেলা থেকেই নাচ, আবৃত্তি ও বিতর্কে তাঁর বিচরণ। পরিবারে ছিল সাংস্কৃতিক আবহ। বাবা সঞ্জিত আচার্য সংগীত ব্যক্তিত্ব। মা স্বপ্না আচার্য গৃহিণী।
ঊর্মির পুরস্কারের ঝুলিতে জমা আছে নানা পুরস্কার। প্রথম আলো আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০০২ ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ২০০৮ সালে রানার আপ, বিশ্ব নারী দিবস বিতর্কে ২০১১ সালে চ্যাম্পিয়ন ও ধ্রুব পরিষদের নৃত্য প্রতিযোগিতায় প্রথম হয়েছেন। এ ছাড়া প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করেছেন ঊর্মি। এক দশক ধরে জড়িত দৃষ্টি, চট্টগ্রামের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে।

যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ে পড়ছেন জান্নাতুল ফেরদৌস
যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ে পড়ছেন জান্নাতুল ফেরদৌস

‘চ্যালেঞ্জ নিলে সাফল্য আসবেই’
মেয়েরা হবে গবেষক? তাও আবার চট্টগ্রাম থেকে? একসময় ব্যাপারটা অনেকেই অসম্ভব ভাবতেন। কিন্তু এসব এখন অতীত। তার প্রমাণ জান্নাতুল ফেরদৌস। তিনি সুযোগ পেয়েছেন যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের মলিকুলার বায়োলজি বিভাগে। সেখানে পাড়ি দিয়েছেন গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিসট্যান্টশিপ বৃত্তি নিয়ে পিএইচডি করার জন্য। এখনো পর্যন্ত চট্টগ্রামের হাতেগোনা কয়েকজন মেয়েই যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় প্রবেশের জিআরই পরীক্ষায় সাফল্য দেখাতে পেরেছেন।
জান্নাতুল পড়াশোনা করেছেন টিএসপি কমপেক্স উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে। মেধার স্বীকৃতি হিসেবে পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপ ২০১২। বিশ্ববিদ্যালয় জীবনে সব সময় প্রথম স্থান দখল করেছেন তিনি। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পেয়েছেন জিপিএ-৫, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মেধাবৃত্তি পেয়েও দেখিয়েছেন প্রতিভার ঝলক।
এত দূর আসার পেছনে উৎসাহ জুগিয়েছেন বাবা মোহাম্মাদ আলতাফ হোসেন ও মা হোসনে আরা বেগম। অবসরে বই পড়তে, ঘুরে বেড়াতে ভালোবাসেন।
ঝোঁক ছিল কবিতা আবৃত্তি ও ছবি আঁকার। ছোটবেলা থেকে মুহম্মদ জাফর ইকবালের ভক্ত।
প্রকৌশল বা ব্যবসায় প্রশাসনে গতানুগতিক পড়াশোনা না করে জীববিজ্ঞান বা জৈবপ্রযুক্তি বিষয়ে পড়াশোনা করাটা তাঁর জন্য একটি সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত ছিল বলে মনে করেন। কারণ এটা একজন মেয়ে হিসেবে তাঁকে চ্যালেঞ্জ নিতে শিখিয়েছে। তাঁর মতে, চ্যালেঞ্জ নিতে হবে, তাহলেই সাফল্য আসবে।
পিএইচডিতে ক্যানসার নিয়ে গবেষণা করার ইচ্ছে আছে জান্নাতুলের। তাঁর পথচলার সব সময়ের সঙ্গী হিসেবে পাশে আছেন স্বামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাফায়েত আলম।

দক্ষিণ কোরিয়ার ডংকুক বিশ্ববিদালয়ে পড়ছেন জয়শ্রী দাশ
দক্ষিণ কোরিয়ার ডংকুক বিশ্ববিদালয়ে পড়ছেন জয়শ্রী দাশ

‘চট্টগ্রামে ফিরে গড়ব গবেষণাগার’
একসময় একা একা চট্টগ্রামের বাইরে যেতেই ভয় পেতেন জয়শ্রী দাশ। আর তিনি এখন উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছেন একেবারে দক্ষিণ কোরিয়ায়। চট্টগ্রাম প্রথম আলো বন্ধুসভার প্রিয় মুখ জয়শ্রী এখন নিজেকে ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখেন। বললেন, পড়া শেষে চট্টগ্রামে ফিরবই। এখানে গড়ব আন্তর্জাতিকমানের গবেষণাগার
উচ্চমাধ্যমিক পরীক্ষার পরে যখন দেখলেন, বন্ধুরা কেউ মেডিকেল, কেউ বুয়েটে ভর্তি হচ্ছেন তখন ভীষণ মন খারাপ হয়। শেষমেশ ভর্তি হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সেখানেই ঘুরে গেল জীবনের মোড়। হাল ছাড়েননি জয়শ্রী। জেদ থেকে মন লাগালেন পড়ায়। স্নাতক ও স্নাতকোত্তর দুটো পরীক্ষাতেই প্রথম শ্রেণিতে প্রথম হয়েছেন। ১৫টি আন্তর্জাতিক গবেষণা পত্রিকায় ছাপা হয়েছে তাঁর প্রবন্ধ। বিতর্ক, লেখালেখি, গান সংস্কৃতির প্রায় সব কয়টি শাখাতেই নিজেকে মেলে ধরেছেন। ২০০৫ সালে জাতীয় আন্তবিশ্ববিশ্ববিদ্যালয় ফার্মেসি বিতর্কে রানার আপ ও শ্রেষ্ঠ বক্তা হয়েছেন। পরপর তিন বছর বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে পেয়েছেন সেরা বইপড়ুয়া পুরস্কার।
জয়শ্রী পড়াশোনা করেছেন সেন্ট স্কলাস্টিকা স্কুল, চট্টগ্রাম কলেজ ও ইউএসটিসির ফার্মেসি বিভাগে। বাবা স্বপন কান্তি দাশ ও মা নিভা দাশ দুজনই সরকারি চাকুরে। সন্তানকে মেয়ে নয় মানুষ হিসেবে বড় হওয়ার প্রেরণা দিয়েছেন তাঁরা।
জয়শ্রী এ বছর একমাত্র বাংলাদেশি হিসেবে দক্ষিণ কোরিয়ার ডংকুক বিশ্ববিদালয়ে মেডিসিন বিভাগে স্টাডি অ্যান্ড রিসার্চ স্কলারশিপ পেয়েছেন। মূত্রনালিতে বিভিন্ন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ও বিভিন্ন ধাতুর প্রভাব নিয়ে গবেষণা করবেন। তিনি স্বপ্ন দেখেন এমন এক বাংলাদেশের যেখানে প্রতিটি মেয়ে নিজেকে লড়াই করার মতো যোগ্য করে তুলবে। আত্মবিশ্বাসী হয়ে উঠবে।
বাংলাদেশের হাইপারটেনশন রোগীদের জন্য একটা ওষুধের প্রোফাইলিং করতে চান জয়শ্রী। যেখানে কোনো রকম ভারী ধাতু বা দূষিত পদার্থের পার্শ্বপ্রতিক্রিয়া থাকবে না।