তিন কন্যার বাকি গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনে আছে সেই তিন কন্যার কথা? নিমতলীর অগ্নিকাণ্ডে যাঁরা হারিয়েছিলেন পরিবারের সবাইকে। অসহায় এই তিন মেয়ের পাশে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী। মা হয়ে বিয়ে দিয়েছেন রুনা, রত্না ও আসমাকে। বিয়ের পর কেমন আছেন তাঁরা। কেমন চলছে নতুন জীবনের হালচাল? সেসব জানতেই হাজির হয়েছিলাম তাঁদের নতুন সংসারে। শুনলাম, তাঁদের নতুন জীবনের গল্প।‘আগে ১০টা-১১টার আগে ঘুম ভাঙত না। মা প্রতিদিন নয়টা বাজতেই ঘুম থেকে ডাকতে শুরু করতেন। এখন কেউ আর ঘুম থেকে ডাকে না। কিন্তু ঘুম ভেঙে যায়। নয়টার সময় কেন যেন চোখটা ঘড়ির কাঁটার দিকেই চলে যায়।’ বলতে গিয়ে চোখের কোণে জল চিকচিক করে ওঠে রত্নার। খানিক বিরতি। নিজেকে একটু সামলে নেন। বিয়ের পর গণভবন থেকে সোজা চলে এসেছেন স্বামীর সঙ্গে। বর্তমানে থাকছেন ননদের বাসায়। প্রধানমন্ত্রী তাঁর স্বামী সুমনকে বেসরকারি একটি ব্যাংকে চাকরি দিয়েছেন। নতুন সংসারে ব্যস্ত সময় কাটাচ্ছেন দুজন। ‘এক মাসে জীবনটা বদলে গেছে। কখনো এসব ভাবতে পারিনি। এখন সকালে উঠেই স্বামীর জন্য নাশতা তৈরি করি। ওকে অফিসে পাঠিয়ে দিয়ে নিজের সংসারের কাজ শুরু করি। আমার ননদের ছেলেটাকে নিয়ে খেলাধুলা করি। আর ছোট ভাইবোন দুটোর চিন্তা তো রয়েছেই। ভাইটার এখনো থাকার ব্যবস্থা হলো না। এক বন্ধুর বাসায় থাকছে। কিন্তু কত দিন সেখানে থাকবে? ওর যদি একটা চাকরির ব্যবস্থা হতো, তাহলে নিশ্চিন্ত হতাম। এদিকে ছোট বোন রুনার স্বামী দুবাইয়ের চাকরি ছেড়ে চলে আসছে। সেটা নিয়েও দুশ্চিন্তায় আছি। দেশে এসে তো বেকার হয়ে যাবে। আমাদের মা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) যদি তার চাকরির ব্যবস্থা করে দেন, তাহলে তাঁর মেয়েরা সুখে থাকবে। তিনি এমনিতেই আমাদের জন্য অনেক কিছু করেছেন। মায়ের অভাব তিনি আমাদের বুঝতে দেননি।’ বলেন রত্না।ছোট বোন রুনা এখনো সংসারের হালচাল বুঝে উঠতে পারেননি। সপ্তাহখানেক হলো এসেছেন শ্বশুরবাড়িতে। এখন পর্যন্ত এক দিনও নিজে রান্না করেননি। শ্বশুরবাড়িতে আসার দুই দিন পর (১৩ জুলাই) স্বামী জামিল আবার দুবাই গেছেন। তবে এবার গেছেন একেবারে ফিরে আসার জন্য। ‘ওর জন্য খারাপ লাগছে। যদিও প্রতিদিন কথা হয়।’ বলেন রুনা। তাঁদের বাগদানের দিনই ঘটেছিল ভয়াবহ অগ্নিকাণ্ডটি। রুনা বলেন, ‘আমার শাশুড়ি আমাকে পছন্দ করেছিলেন আগে থেকেই। আমাকে তাঁর ছেলের বউ করার খুব ইচ্ছা ছিল। তাই তাড়াতাড়ি করে বাগদান সেরে ফেলতে চেয়েছিলেন। কিন্তু কী থেকে যে কী হয়ে গেল। শ্বশুরবাড়ির অন্য সবাইও খুব ভালো। খুব আদর করেন। তাঁরাও তো সবাইকে হারিয়েছেন। সবাই মিলে কষ্টগুলোকে ভাগাভাগি করে নিয়েছি। এই কয়েক দিনেই মানিয়ে নিয়েছি নতুন পরিবেশের সঙ্গে।’ রুনা আরও বলেন, ‘এখানে আসার আগে প্রায় এক মাস ছিলাম হাজী সেলিমের তত্ত্বাবধানে। তিনি আমার উকিল বাবা। মদিনা টাওয়ারে আমার থাকার ব্যবস্থা করেছিলেন তিনি। সেখানে কয়েকটি পরিবারের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। বিশেষ করে আলো, পুতুলের কথা মনে পড়ে। ওই সময়টায় ওরা আমাকে মানসিকভাবে খুব সাহায্য করেছিল।’ এরই মধ্যে স্বামীসহ হাজির হন আরেক কন্যা আসমা। বিয়ের পর এবারই প্রথম তিনজন একসঙ্গে হয়ে আনন্দ যেন ধরে রাখতে পারছিলেন না। আসমার স্বামী আলমগীর একটু লাজুক হেসে বললেন, ‘বিয়ের পর কোথাও বেড়াতে যাইনি। এখানেই প্রথম এলাম।’ আসমা যোগ দিলেন কথায়। ‘আসলে এত দ্রুত সব হয়ে গেল। এখনো গুছিয়ে উঠতে পারিনি। আর আমার বাবা এখনো হাসপাতালে। কীভাবে আনন্দ করি। তার পরও জীবন তো থেমে থাকে না। ভালোই লাগছে। যৌথ পরিবারে থাকি। সবাই আমাকে আপন করে নিয়েছে। তবে এখনো সেই দিনের কথা ভুলতে পারিনি। রাত সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় আমাকে উদ্ধার করেছে। আমরা থাকতাম রুনাদের পাশের বাসায়। প্রথমে বিশ্বাস হয়নি যে বেঁচে আছি। আর বিয়েটাও হলো আচমকা। বিয়ের কথা হচ্ছিল অনেক দিন থেকেই। ৪ জুন তাদের আসার কথা ছিল। আর তখনই ঘটল দুর্ঘটনা।’ বলছিলেন আসমা। তিনি আরও বলেন, ‘আমার তো গায়েহলুদও হয়নি। ৯ জুন দুপুরে ঠিক হলো বিয়ে। সেদিন আমার খুব জ্বর ছিল। এরই মধ্যে পারসোনা থেকে সেজে চলে গেলাম গণভবনে। প্রধানমন্ত্রী নিজে আমাকে ডেকে আদর করলেন। মা নেই, এটা সেদিন তিনি আমাদের বুঝতে দেননি।’ ভবিষ্যৎ নিয়ে খানিকটা চিন্তিত আসমা। ‘আসলে ঘরে বেকার স্বামী। ছোটখাটো ব্যবসা করে। কিন্তু সেভাবে লাভ হয় না। বড় আকারের ব্যবসা করতে টাকা লাগবে। সেটা তো নেই। বাড়ি ভাড়াসহ অন্যান্য খাতে অনেক টাকা খরচ হয়ে গেছে। তাই নিয়ে অস্থিরতায় আছি।’তবে সব শোকের মধ্যেও তিন কন্যা এখন নতুন স্বপ্নে বিভোর। সুযোগ পেলে দেখে আসেন নবাব কাটরার সেই পোড়া বাড়িটি। কত স্মৃতি হাতড়ে বেড়ান। মনের কষ্টকে ছাপিয়ে জীবনের আনন্দঘন মুহূর্তগুলোর কথা ভাবেন।