চট্টগ্রামের কবিদের কবিতা নিয়ে আবৃত্তি সংগঠন বোধনের নিয়মিত প্রযোজনা ‘কবিতার ছবি, কবিতার কবি’ অনুষ্ঠানে এবারের অতিথি ছিলেন এজাজ ইউসুফী, সেলিনা শেলী ও মানজুর মুহাম্মদ। এই তিন কবির কবির কবিতা নিয়ে ১৪ আগস্ট থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট আসর।
সন্ধ্যা সাতটায় আসরের শুরুতে স্বাগত বক্তব্য দেন আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত। আসর শুরু হয় কবি বাদল সৈয়দের সঞ্চালনায়। অনুষ্ঠানের প্রথম কবি ছিলেন মানজুর মুহাম্মদ। ‘দেশটা আমার প্রাণ’, ‘পাখি ওয়ালা’সহ তাঁর রচিত বেশ কয়েকটি কবিতা পাঠ করেন বোধনের আবৃত্তিশিল্পীরা।
আসরের দ্বিতীয় পর্বের কবি ছিলেন সেলিনা শেলী। এ পর্বে তাঁর লেখা ‘ব্ল্যাক রেইন’, ‘চিরকাল বানান ভুল’, ‘সময় শোধ’, ‘মৃত্যু’সহ বেশ কয়েকটি কবিতা উপভোগ করেন দর্শকেরা।
তৃতীয় পর্বে এজাজ ইউসুফীর কবিতা নিয়ে মঞ্চে আসেন বোধনের শিল্পীরা। এ সময় ‘মধু মাসের গীত’, ‘মানববন্ধন’সহ ১২টি কবিতা পরিবেশন করা হয়।
আয়োজনে শেষ দিকে তিন কবির হাতে বোধনের পক্ষ থেকে শুভেচ্ছাস্মারক তুলে দেন পঞ্চানন চৌধুরী, এস এম আবদুল আজিজ ও সুচন্দা চৌধুরী। কবিতা পাঠে অংশ নেন প্রণব চৌধুরী, শারমিন মৃত্তিকা, সঞ্জয় পাল, তৈয়বা জহির, মাইনুল আজম চৌধুরী, অসীম দাশ, বেনজির বিনতে শওকত, হোসনে আরা, আবু সাঈদ, সন্দীপন সেনসহ বোধনের ২৪ জন আবৃত্তিশিল্পী।