তিন কবির কাব্য সন্ধ্যা
কবি ও কাব্য কথার সমন্বয়—কবির উপস্থিতিতে তাঁর কবিতার আবৃত্তি। উচ্চারক আবৃত্তিকুঞ্জের এই নিয়মিত আয়োজনের অষ্টম আসর বসেছিল ১৪ মার্চ। নগরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এবারের আমন্ত্রিত কবি প্রণয় কান্তি, শিশির চাকমা ও অনুপমা অপরাজিতা। এই তিন কবির সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ থেকে আবৃত্তিশিল্পী কবিতা আবৃত্তি করেন।
এ এস এম এরফান ও মৌসুমী চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে আবৃত্তি করেন শিল্পী অঞ্চল চৌধুরী, হাসান জাহাঙ্গীর, দিলরুবা খানম, কণা দাশ, ইউসুফ হাসান, রাবেয়া সুলতান, মণিকা ভট্টাচার্য, হোসনে আরা, সাইদুল করিম, বনকুসুম বড়ুয়া, সেঁজুতি শ্রেয়া, শামীমা ইয়াছমিন, সাইদুর রহমান, ওয়াহিদ সোহেল, ভান্ডারী আরিফ, মুমতাহিনা জুঁই, রিপেন সিংহ, শাহ হোসাইন, চৈতি বড়ুয়া প্রমুখ।
এরপর ছিল আলোচনা সভা। সংগঠনের সভাপতি ফারুক তাহেরের সভাপতিত্বে এতে আলোচক ছিলেন কবি এজাজ ইউসুফী, স্বপন মজুমদার ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মাহতাব সুমন।
কবি এজাজ ইউসুফী বলেন, ‘কবিরা হচ্ছেন ভবিষ্যৎদ্রষ্টা ও অন্তর্লোকে অবগাহনকারী। প্রেম-প্রকৃতি, ভালো-মন্দ, ব্যক্তি-রাষ্ট্র, ধর্ম-অধর্ম প্রতিটি বিষয়ের নিগূঢ় অবগাহে প্রবেশের অধিকার রাখেন একজন কবি। সেখান থেকে বের করে আনা নির্যাসই যখন শব্দের গাঁথুনি দিয়ে তাঁরা নির্মাণ করেন এক-একটি কবিতা, তখন তা সাধারণ মানুষ ও পাঠকের জন্য হয়ে ওঠে অনিবার্য সত্য হিসেবে। সেই সত্যকে আরও সুন্দর ও শৈল্পিক করে তোলেন আবৃত্তিশিল্পীরা। কবিতাকে আরও সজীব করে আবৃত্তি।’
—আলোকিত প্রতিবেদক