তিন কারণে ঝরে পড়ছেন চট্টগ্রামের নারী উদ্যোক্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীর পক্ষে পুরুষ
নারীর পক্ষে পুরুষ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১৭টি ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের মধ্যে মাত্র দুটিতে এখন নারী উদ্যোক্তারা কাজ করছেন। সন্দ্বীপ ও সাতকানিয়া বাদে জেলার অন্য ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রগুলোর চিত্রও কমবেশি একই রকম। জেলার ১৪টি উপজেলার মধ্যে কেবল সন্দ্বীপ ও সাতকানিয়ার সব তথ্যসেবা কেন্দ্রে নারী উদ্যোক্তারা সক্রিয় রয়েছেন। শুরুতে আগ্রহ থাকলেও দক্ষতার অভাব, পরিবারের অনীহা এবং কাজ পেতে বৈষম্যের শিকার হওয়া—এই তিন কারণে ঝরে পড়ছেন নারী উদ্যোক্তারা।
চট্টগ্রামের ১৯৫টি ইউনিয়নে তথ্যসেবা কেন্দ্র রয়েছে ২১৩টি। এসব কেন্দ্রে মোট ২১৩ জন নারী উদ্যোক্তা থাকার কথা। কিন্তু রয়েছেন ১৬৩ জন।
ইউনিয়ন পর্যায়ে অনলাইনের মাধ্যমে বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ২০১০ সালের নভেম্বরে দেশের ৪ হাজার ৫৯৮টি ইউনিয়নে তথ্যসেবা কেন্দ্র চালু করা হয়। সরকারের একসেস টু ইনফরমেশন প্রকল্পের আওতায় এসব কেন্দ্র চালু করা হয়। ইউনিয়ন পরিষদ কার্যালয়ের একটি কক্ষ তথ্যসেবা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখানে বাধ্যতামূলকভাবে পুরুষের সঙ্গে একজন নারীকেও নিয়োগ দেওয়ার বিধান রাখা হয়। তাঁরা উদ্যোক্তা নামে পরিচিত। এই উদ্যোক্তারা সরকারের কাছ থেকে বেতন পান না। তবে প্রতিটি কেন্দ্রের কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ইন্টারনেট মোডেমসহ প্রয়োজনীয় সরঞ্জাম দিচ্ছে সরকার। এগুলো রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অর্থও সরকার দেয়।

তথ্যসেবা কেন্দ্রে অর্থের বিনিময়ে ইউনিয়নবাসীকে অনলাইন সেবা দেন উদ্যোক্তারা। জন্ম-মৃত্যু-বিবাহ, ওয়ারিশ সনদের মতো সরকারি সেবা দেওয়ার বিনিময়ে পাওয়া অর্থের একটি অংশ ইউনিয়ন পরিষদকে দিতে হয় উদ্যোক্তাদের। যেমন জন্ম নিবন্ধনসনদ তৈরি করে দেওয়ার জন্য উদ্যোক্তারা ৭০ টাকা নেন। এর মধ্যে ৫০ টাকা পরিষদকে দিতে হয়। এর বাইরে অন্যান্য অনলাইন সেবা, যেমন পাসপোর্ট-ভিসা ফরম ডাউনলোড, চাকরির আবেদন, অনলাইনে ভর্তি, ফটোকপি করে দেওয়া ইত্যাদি সেবার বিনিময়ে পাওয়া অর্থের ভাগ পরিষদকে দিতে হয় না।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১৪ সালের জুনে চট্টগ্রামের তথ্যসেবা কেন্দ্রগুলোয় নারী উদ্যোক্তার সংখ্যা ২১৩ থেকে কমে দাঁড়ায় ৯৪ জনে, ২০১৫ সালের জুনে ছিল ৮২ জন। এরপর অবশ্য চট্টগ্রামে নারী উদ্যোক্তার সংখ্যা বেড়েছে। ২০১৫ সালের ডিসেম্বরে চট্টগ্রামে নারী উদ্যোক্তার সংখ্যা দাঁড়ায় ১৩৫ জনে। গত মার্চ মাসে চট্টগ্রামের ২১৩টি তথ্যসেবা কেন্দ্রে ১৬৩ জন নারী উদ্যোক্তা কর্মরত ছিলেন। তবে এঁদের কত দিন ধরে রাখা যাবে, এ নিয়ে চিন্তিত প্রশাসন।

এ বিষয়ে বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি লতিফা কবির বলেন, প্রত্যন্ত অঞ্চলে নানা সামাজিক বাধা পেরিয়ে নারীরা বাইরের কাজে যুক্ত হন। তাঁদের যদি পুরুষের সমান মূল্যায়ন না করা হয়, স্বাভাবিকভাবেই তাঁরা পিছিয়ে পড়বেন বা আগ্রহ হারিয়ে ফেলবেন।

বিভিন্ন তথ্যসেবা কেন্দ্রে নারী উদ্যোক্তাদের ধরে রাখাই এখন মূল চ্যালেঞ্জ হয়ে পড়েছে বলে মনে করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবময় দেওয়ান। তিনি বলেন, নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তাঁদের সমস্যাগুলো জেনে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

শুরু থেকেই রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নের তথ্যসেবা কেন্দ্রে কাজ করছেন সোমা রানী দত্ত। যেকোনো অনলাইনভিত্তিক সেবার জন্য গ্রাহকেরা প্রথমে তাঁকেই খোঁজেন। কেন্দ্রের পুরুষ উদ্যোক্তার তুলনায় তাঁর আয়ও বেশি। তিনি বলেন, ‘এইচএসসির পর আর পড়াশোনা হয়নি। তবে কম্পিউটারে সব ধরনের কাজ পারি। গড়ে প্রতি মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করছি।’

সোমার মতো সফল আরেক উদ্যোক্তা মিনন আক্তার। তিন বছর আগে স্বামী ফারুক আজম তাঁকে এই কেন্দ্রে কাজের খোঁজ দেন। বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের এই নারী উদ্যোক্তা বলেন, তথ্যসেবা কেন্দ্রে প্রতিদিন যে আয় হয়, তা তিনি ও তাঁর পুরুষ সহকর্মী সমানভাবে ভাগ করে নেন।