তিন কারণে ফেনীর ফল বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের সৃজনশীল প্রশ্নপত্র বুঝতে না পারা, নতুন বিষয়ের অন্তর্ভুক্তি ও ইংরেজিতে দুর্বলতা—এই তিন কারণে এবার ফেনী জেলায় এইচএসসি পরীক্ষায় ফলাফল আশানুরূপ হয়নি বলে মনে করছেন সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকেরা। তবে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফল বিপর্যয়ের জন্য এইচএসসি পরীক্ষা চলাকালে রাজনৈতিক অস্থিরতাকেই দায়ী করেছেন।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার জেলার ৯ হাজার ১৯৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪ হাজার ৭২২ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৮০ শতাংশ হলেও ফেনী জেলায় পাসের হার ৫১ দশমিক ৩৫ শতাংশ। জেলার সরকারি-বেসরকারি ২৯টি কলেজের মধ্যে ২৪টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও জিপিএ-৫ পাননি। পাঁচটি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন মাত্র ১৩৩ জন। জেলায় গত বছরের তুলনায় পাসের হার এবং জিপিএ-৫ দুটোই কমেছে। জেলায় গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১৬৬ জন শিক্ষার্থী।
খারাপ ফলাফলের কারণ জানতে চাইলে, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, এবার অনেক শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নপত্র বুঝে উত্তর দিতে পারেনি। তা ছাড়া নতুন বিষয় হিসেবে এবারের পরীক্ষায় তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ অন্তর্ভুক্ত হয়েছে। এই বিষয়েও ভালো নম্বর পায়নি শিক্ষার্থীরা। পাশাপাশি ইংরেজিতে দুর্বলতার কারণেও অনেকের ফলাফল খারাপ হয়েছে।
তবে ফল বিপর্যয়ের জন্য রাজনৈতিক অস্থিরতাকেই দায়ী করছেন ভারপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমিন। প্রথম আলোকে তিনি বলেন, পরীক্ষার সময় টানা অবরোধ ও হরতালের মতো কর্মসূচির কারণে শিক্ষার্থীদের মনে বিরূপ প্রভাব পড়েছে। এ জন্য পরীক্ষার প্রস্তুতিও ভালো হয়নি অনেকের।
প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ফেনী শহরের কলেজগুলো মফস্বলের কলেজের তুলনায় অপেক্ষাকৃত ভালো ফল করেছে। পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে এবারও শীর্ষস্থান দখল করেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এ কলেজ থেকে ৫১ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৫০ জন।
ফেনী সরকারি কলেজের ১ হাজার ১৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৮৬৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ৭৪ জন। পাসের হার ৭৫ দশমিক ২৬ শতাংশ। জয়নাল হাজারী কলেজের ৫২৩ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৭৭ জন। জিপিএ-৫ পেয়েছেন একজন।
ভালো ফল করেছেন ছাগলনাইয়া ও দাগনভূঞা উপজেলার চারটি কলেজের শিক্ষার্থীরা। ছাগলনাইয়ার সামছুল করিম কলেজের ৩৯৬ জনের মধ্যে পাস করেছেন ৩৪৬ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন। পাসের হার ৮৭ দশমিক ৩৭ শতাংশ। আবদুল হক চৌধুরী কলেজে ২৩৫ জনের মধ্যে ১৮৬ জন পাস করেছেন। পাসের হার ৭৯ দশমিক ১৫ শতাংশ। দাগনভূঞার ইকবাল মেমোরিয়াল কলেজে ৭৭৯ জনের মধ্যে পাস করেছেন ৪৬৬ জন। জিপিএ-৫ পেয়েছেন তিনজন। পাসের হার ৬০ শতাংশ। দরবেশের হাট কলেজে ৩৫ জনের মধ্যে পাস করেছেন ২২ জন। পাসের হার ৬৩ শতাংশ।
ফল বিপর্যয় ঘটেছে সোনাগাজী ও ফুলগাজী উপজেলার কলেজগুলোতে। সোনাগাজী সরকারি কলেজে ৪৯১ জনের মধ্যে পাস করেছেন ১০৬ জন শিক্ষার্থী। পাসের হার ২১ দশমিক ৫৯ শতাংশ। ফুলগাজী সরকারি কলেজের ২৭৩ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫০ জন। পাসের হার ৩১ দশমিক ৫০ শতাংশ।
এদিকে ফলাফল ভালো হওয়ায় উচ্ছ্বসিত ফেনী গার্লস ক্যাডেট কলেজের শিক্ষার্থী ও অভিভাবকেরা। কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহমেদ বলেন, ‘ফল ভালো হওয়ায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী সবাই খুব খুশি। শিক্ষকেরা শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান করেছেন। শিক্ষার্থীরাও শিক্ষকদের তত্ত্বাবধানে কঠোর অনুশীলন করেছে। পাশাপাশি অভিভাবকদেরও সব ধরনের সহযোগিতা ছিল বলে এমন ফলাফল সম্ভব হয়েছে।’