তিন কালের সাক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শতবর্ষী অমর কৃষ্ণ নাথ  ছবি: জুয়েল শীল
শতবর্ষী অমর কৃষ্ণ নাথ ছবি: জুয়েল শীল

জাতীয় পরিচয়পত্রে জন্মসাল উল্লেখ আছে ২ জুন ১৯১২। সে হিসাবে অমর কৃষ্ণ নাথের বয়স ১০২ বছর। তবে তাঁর পরিবারের সদস্য এবং এলাকার লোকজনের দাবি তাঁর বয়স ১১২ বছর। শতবর্ষী অমর কৃষ্ণ দক্ষিণ কাট্টলি ও উত্তর হালিশহর এলাকায় অমূল্য সওদাগর নামেই পরিচিত। এই বয়সেও তিনি ব্যবসা সামলান। সকাল সাতটা থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকেন দোকানে।
উত্তর হালিশহরের শেষ প্রান্তে ফইল্যাতলী বাজার। বাজার ঘেঁষে বয়ে চলা মহেশখাল পার হলেই দক্ষিণ কাট্টলী। খাল পার হয়ে কাট্টলী প্রান্তে খানিকটা এগোলেই চোখে পড়বে একটি পুরোনো তিনতলা দালান। দালানের নিচতলার তিনটি ঘর দোকান আর উপরের তলাগুলো গুদাম হিসেবে ব্যবহূত হয়। ঐতিহ্যবাসী এই দালান অমূল্য সওদাগরের দোকান বলে পরিচিত।
অমর কৃষ্ণ নাথের বাবা হরিমোহন নাথ আদর করে ছেলেকে ডাকতেন অমূল্য। আর সেই থেকে লোকজনের কাছেও অমর কৃষ্ণ অমূল্য বলেই পরিচিত হন। অমূল্য সওদাগরের তিনটি দোকানের একটিতে প্লাস্টিক ও ঘর সাজানোর জিনিসপত্র, একটিতে ভেষজ ওষুধপত্র ও আরেকটিতে বিক্রি হয় কুলা, দা, বঁটি, মাংস কাটার গাছের গুঁড়িসহ গৃহস্থালির নানা ঐতিহ্যবাহী সামগ্রী। তিন কামরাজুড়ে অবস্থিত তিনটি দোকানের ক্যাশবাবক্স একটিই। আর অমর কৃষ্ণ নিজেই সেটি সামলান।
ছোটবেলায় বাল্যশিক্ষার পাঠ নিয়েছেন হালিশহরের রামপুর বিদ্যালয়ে। পড়াশোনায় মনোযোগ ছিল না বলে বিদ্যালয়মুখী হননি। সাত বছর বয়সেই শুরু করেছেন ব্যবসা। শুরুতে চাল-ডাল ও হাঁড়িপাতিল ফেরি করে বেড়াতেন কর্নেলহাট, জোলারহাট ও মাদামবিবিরহাটে। একসময় টাকা জমিয়ে একটা দোকান দেন ফইল্যাতলী বাজারে। সেটা অবশ্য ব্রিটিশ আমলের ঘটনা। এরপর আর ফিরে তাকাতে হয়নি অমর কৃষ্ণকে।
গায়ে হাফসোয়েটার ও পাঞ্জাবি, পরনে লুঙ্গি। দোকানে বসে একমনে হিসেব মেলাচ্ছেন অমর কৃষ্ণ নাথ। গত শনিবার তাঁর দোকানে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। সামনে নানা রকম ভেষজ ওষুধের পসরা। কেউ আসছেন ওষুধ কিনতে, আবার কেউ জিনিসের দাম পরিশোধ করছিলেন। বয়স হওয়ায় লেনদেন মেটাতে সময় লাগছিল। কিন্তু দোকানে আসা ক্রেতাদের মধ্যে এ নিয়ে কোনো অস্থিরতা দেখা গেল না।
সময়ের সঙ্গে সঙ্গে অনেক স্মৃতিই মুছে গেছে অমর কৃষ্ণর। তবে এখনো মনে আছে ব্রিটিশ ও পাকিস্তান শাসনামল এবং একাত্তরের মুক্তিযুদ্ধের নানা ঘটনা। বর্তমানে যে ভবনে তাঁর দোকান ও গুদাম, একসময় সেখানেই থাকতেন তাঁরা। অমর কৃষ্ণ বলেন, এই তিনতলা বাড়ি তিনি করেছিলেন গত শতকের ষাটের দশকে। যুদ্ধের সময় এক রাতে পাকিস্তানি হানাদারেরা তাঁর দোকান জ্বালিয়ে দিলে জীবন বাঁচাতে সেই রাতেই তিনি পরিবার নিয়ে পালিয়ে ভারতে চলে গিয়েছিলেন। সেখানকার সাবরুম শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন তাঁরা। যুদ্ধ শেষে দেশে ফিরে এসে নতুনভাবে ব্যবসা শুরু করেন।
অমর কৃষ্ণ নাথের নাতি মিন্টু কুমার নাথ জানান, প্রতিদিন সকাল সাতটায় অমর কৃষ্ণ নাথ দোকান খোলেন। দুপুরের দিকে শুধু ভাত খেতে বাসায় যান। আর খেয়েই আবার চলে আসেন নিজের প্রিয় দোকানে। এরপর রাত ১১টা অবধি দোকান বন্ধ না হওয়া পর্যন্ত তিনি সেখানেই থাকেন। ব্যবসার সঙ্গে বসবাস করলেও পারিবারিকেও সময় দেন অমর কৃষ্ণ নাথ। তাঁর স্ত্রী সাবিত্রী বালা দেবী ২০০০ সালে মারা যান।
একমাত্র মেয়ে লক্ষ্মী রানী দেবীকে বিয়ে দিয়েছেন ফটিকছড়ি এলাকায়। তাঁর বড় দুই ছেলে মারা গেলেও এখনো বাবার ব্যবসায় সাহায্য করে যাচ্ছেন তৃতীয় সন্তান তপন কুমার নাথ ও চতুর্থ সন্তান কাজল কুমার নাথ। ছেলে আর নাতি-নাতনিদের নিয়ে ২১ সদস্যের যৌথ পরিবার অমর কৃষ্ণ নাথের। আর দক্ষ নাবিকের মতো এখনো তিনি ধরে রেখেছেন পরিবারের হাল।