ছোট পরিবারের কর্তাদের সন্তানসহ পুরো পরিবার নিয়ে মোটরসাইকেল বা স্কুটারে চেপে যাতায়াতের দৃশ্য হরহামেশাই দেখা যায়। কিন্তু পোষা প্রাণীকে একইভাবে নিজের বাহনে তুলে ঘুরে বেড়ানোর দৃশ্য চোখে পড়ে না বললেই চলে। আর এ কারণেই ভারতে এক ব্যক্তি সংবাদ শিরোনাম হয়েছেন। তিন কুকুরকে নিজের স্কুটারে চড়িয়ে প্রায়ই যাতায়াত করতে দেখা যায় তাঁকে। ছবি বা ভিডিও দেখলে বোঝাই যায়, কুকুরগুলোও এই ভ্রমণ উপভোগ করে।
সম্প্রতি ২৩ বছর বয়সী কাহান বক্শী নামের এক তরুণ সামাজিক যোগাযোগের মাধ্যমে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি তিনি নিজেই ধারণ করেছেন। এতে দেখা যায়, স্কুটারের সামনে একটি, পেছনে দুই কুকুরকে বসিয়ে কোথাও যাচ্ছেন তিনি। কাহান বক্শী জানান, ভিডিওটি তিনি দিল্লিতে আইটিও এবং বিকাশ মার্গ সড়কের সংযোগস্থলের কাছ থেকে ধারণ করেছেন। ভিডিও দেখলেই বোঝা যায়, স্কুটার ভ্রমণ উপভোগ করার পাশাপাশি ভারসাম্য রক্ষায় কুকুরগুলো পটু।
কাহান বক্শী বলেন, ৪ জুলাই সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তাঁরা কালকাজির দিকে যাচ্ছিলেন। এই সময় ওই ব্যক্তিকে দেখা যায়। সঙ্গে সঙ্গে ভিডিওটি ধারণ করেন বক্শী। ওই দিনই তিনি ইন্টারনেটে তা আপলোড করেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেই
শুধু ভিডিওটি দেখা হয়েছে ২৮ হাজার বার।
কাহান বক্শীর কাছে পোষা তিন কুকুরকে স্কুটারে চাপিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য নতুন হলেও ভিডিওটি পোস্ট করার পর তিনি বুঝতে পেরেছেন, কুকুরগুলোর মনিবকে এর আগেও অনেকে দেখেছেন। ফেসবুক গ্রুপ ‘ডগস ডে আউট’-এ ভিডিওটি আবার পোস্ট করার পর এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘আমি এই সর্দারকে প্রায়ই দেখি। বহু বছর ধরেই প্রতি সকালে তাঁকে পোষা কুকুরগুলোকে নিয়ে লক্ষ্মীনগর ফ্লাইওভার ধরে আইটিও সেতুর দিকে যেতে দেখা যায়।’
কুকুর তিনটিকে স্কুটারে চড়িয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার দৃশ্য অনেককে অভিভূত করলেও কেউ কেউ আবার উদ্বেগ প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘মজার, কিন্তু ঝুঁকিপূর্ণ।’