
গল্পটা শুরু পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানে সাদামাটা এক গ্রাম—মমিনপাড়া। সপ্তম শ্রেণির এক ছাত্রী আগ্রহভরা চোখে বড় ক্লাসের মেয়েদের দেখত হ্যান্ডবল খেলতে৷ দেখতে দেখতেই একদিন সাহস করে বল ছোঁয় সে৷ বলকে ক্রমাগত আকাশের দিকে ছুড়ে দিয়ে দিয়ে খেলাধুলার প্রতি ভালোবাসার সেই শুরু৷ এরপর স্বপ্ন আর প্রবল ইচ্ছাশক্তি দিয়ে খেলার মাঠে এগিয়ে চলা৷ বলছি গত ছয় বছর ধরে বাংলাদেশ জাতীয় মহিলা কাবাডি দলের অধিনায়ক শাহনাজ পারভীনের কথা। তিনি এখন বাংলাদেশের সফল ক্রীড়াবিদদের একজন।
গ্রামের অন্য অনেক মেয়ের মতো আটপৌরে জীবন হতে পারত তাঁর৷ কিন্তু তা না করে তিনি খেলোয়াড় হিসেবে যোগ দিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে। খেলোয়াড় মেয়েদের বেশ ভালো সুযোগ এ বাহিনীতে৷ সুযোগটা পেয়ে গেলেন তিনিও। পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজনেরা বেঁকে বসল, কেউ সামনাসামনিই দু কথা বলে যেত, কেউ বা করত পেছনে কানাকানি। তাতে থেমে থাকেননি শাহনাজ, অষ্টম শ্রেণিতে পড়ার সময় আনসারে যোগ দিয়ে একই সঙ্গে স্থান করে িনলেন হ্যান্ডবলের জাতীয় মহিলা দলেও। সে বছরই এশিয়ান গেমসে প্রথমবারের মতো অংশ নেন বাংলাদেশের হয়ে৷ তারপর ২০০১ সাল থেকেই টানা খেলেছেন মহিলা হ্যান্ডবলের জাতীয় দলে।
হ্যান্ডবল খেললে কি, শাহনাজ তো ক্রীড়াবিদ৷ মাঠের অন্য খেলাতেও তাঁর আগ্রহ কম নয়৷ ২০০৫ সালে তিনি সুযোগ পান জাতীয় মহিলা কাবাডি দলে। সে বছরই এশিয়ান গেমসে বাংলাদেশ দল কাবাডিতে চতুর্থ স্থান লাভ করে। পরের বছর সাফ গেমসে দল পায় প্রথম ব্রোঞ্জ পদক৷ ২০০৮ সালে শাহনাজ অধিনায়ক হন কাবাডি দলের। সেই থেকে আজ পর্যন্ত তিনি মহিলা কাবাডি দলের অধিনায়ক৷ ২০১০ সালের এসএ গেমসে রৌপ্যপদক পেয়েছে তাঁর দল৷ ২০১২ সালে কাবাডি বিশ্বকাপে বাংলাদেশ পঞ্চম স্থান অধিকার করেছে শাহনাজের নেতৃত্বেই৷
হ্যান্ডবল আর কাবাডি ছাড়াও খেলেছেন ফুটবল৷ অনূর্ধ্ব ১৯ মহিলা দলের হয়ে জাতীয় পর্যায়েও খেলেছেন এক বছর। সব্যসাচী এই ক্রীড়াবিদ সংসারের মাঠে নেমেছেন বেশ আগেই৷ নয় বছরের মেয়ে আর ব্যবসায়ী স্বামীকে নিয়েই তাঁর সেই জগৎ। শাহনাজ বলেন, ‘স্বামী ও মায়ের কাছে আমি খুব কৃতজ্ঞ। আমার মেয়েকে বড় করেছেন আমার মা। এখন মেয়েও আমার খেলা খুব আগ্রহ নিয়ে দেখে। যে গ্রামে একদিন কানাকানি হতো, সেই গ্রামের মেয়েরা এখন আমার মতো হতে চায়। এর চেয়ে বড় জয় আর কিছু হতে পারে না।’
মনে রেখেছেন সেই কৈশোরের শারীরিক শিক্ষা শিক্ষক আবুল হোসেনের কথাও। বাংলাদেশের মেয়েরা সামাজিক ও মনস্তাত্ত্বিক বাধা পেরিয়ে খেলার মাঠে ছড়িয়ে পড়বে, এই স্বপ্ন লালন করে চলেন শাহনাজ পারভীন৷ ১৫ মে এশিয়ান গেমসের প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে যাচ্ছেন কলকাতায়৷ আবারও নতুন লক্ষ্যে জয়ের হাতছানি...৷