তিন ঘটনায় আলোচনার কেন্দ্রে দীঘিনালার বাবুছড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক মাসে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কারণে খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া ইউনিয়ন এখন আলোচনার কেন্দ্রে। ইউনিয়নের ভারত সীমান্তবর্তী নাড়াইছড়ি বাজার পুড়িয়ে দেওয়া পর ভারতে আশ্রয় নিয়েছিলেন স্থানীয় কয়েকটি আদিবাসী পরিবার। এদিকে ইউনিয়নে বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপন নিয়ে বিরোধিতা করছে স্থানীয় একটি আদিবাসী সংগঠন। এর পরিপ্রেক্ষিতে পর্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশন ও সংসদীয় কমিটি এই ইউনিয়নে সফর করে। এসব ঘটনায় দেশি–বিদেশি সংবাদমাধ্যমে আলোচনায় এসেছে বাবুছড়া।
স্বভাবিক হয়নি নাড়াইছড়ি: বাবুছড়ার ইউনিয়নের ভারত সীমান্তবর্তী নড়াইছড়ি বাজারে ৩ জুন এক দল দুর্বৃত্ত আগুন দেয়। এরপর এলাকার মানুষ খাদ্যসংকটের মুখে পড়ে। এই এলাকার সঙ্গে এখনো নৌযান চলাচল শুরু হয়নি। খাদ্যসংকট ও আঞ্চলিক দুটি সংগঠনের বিরোধের কারণে এলাকার ৯২ জন আদিবাসী ভারতের গন্ডাছড়া মহকুমার রতননগর বাজার এলাকায় আশ্রয় নিলে ভারতীয় গণমাধ্যমে ব্যাপক প্রচার পায়। পরে ৭ জুন প্রশাসনের সহায়তায় তাঁদের ফিরিয়ে আনা হয়। তবে এর পরও খাদ্যসংকট কাটেনি। বাবুছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুগত প্রিয় চাকমা বলেন, নাড়াইছড়ি এলাকার মানুষ প্রকৃতির দয়ায় বেঁচে আছে। এলাকাটি এখনো একরকম বিচ্ছিন্ন অবস্থায় আছে।
৫১ বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপন: বাবুছড়া ইউনিয়নের নাড়াইছড়ি এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের ৪৭ কিলোমিটার অরক্ষিত সীমান্ত রক্ষায় ৫১ বর্ডার গার্ড বাংলাদেশ নামে বিজিবির নতুন ব্যাটালিয়ন গঠন করা হয় গত বছর। চলতি বছরের ১৯ মে বাবুছড়া এলাকার দায়িত্ব নেয় বিজিবি। ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের শুরু থেকেই বিরোধিতা করে আসছিল স্থানীয় আদিবাসীরা। পরে দীঘিনালা ভূমি রক্ষা কমিটি নামে একটি সংগঠনও গঠন করে তারা। গত ১২ জুন যত্ন মোহন কার্বারীপাড়ার ২১টি পরিবার বাবুছড়া উচ্চবিদ্যালয়ে আশ্রয় নেয়। তারা বিজিবির বিরুদ্ধে উচ্ছেদের অভিযোগ আনে। এ বিষয়ে বিজিবির ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল কালাম আজাদ বলেন, আদিবাসী পরিবারগুলোর অভিযোগ ভিত্তিহীন। বিজিবির জন্য অধিগ্রহণ করা জায়গায় তাদের কোনো স্থায়ী বসতি নেই। ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের বিরোধিতা করার জন্য তাঁরা কয়েকটি অস্থায়ী ঘর তুলেছিলেন। সেখানে কোনো লোকজন থাকে না।
দেশি–বিদেশি সংস্থার সফর: বাবুছড়ায় বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপন নিয়ে সৃষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাটি সফর করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় কমিটি, আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশনের সদস্যরা।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশনের কো-চেয়ারম্যান ও আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, ‘অনেক আলোচনর পর ১৯৯৭ সালে ২ ডিসেম্বর পার্বত্য চুক্তি হয়েছিল। এত বছরেও শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় এখানকার পরিস্থিতি জটিল হচ্ছে। তবে আমরা এখনো নিরাশ হইনি। শান্তি চুক্তির পূর্ণ বাস্তাবায়ন হলেই শান্তি ফিরে আসবে।’ পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘আমরা সরেজমিন পরিদর্শন করেছি। তাদের কথা শুনেছি। বিজিবির কথাও শুনেছি, এটা একটি মানবিক সমস্যা। তাই আমরা সমস্যাটিকে মানবিক বিবেচনার ভিত্তিতেই সমাধানের চেষ্টা করছি।’