তিন চাকার সংগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুতুবপুর! নেত্রকোনা জেলার দক্ষিণ-পশ্চিমে শেষ সীমানায় পড়েছে গ্রামটা। হুমায়ূন আহমেদ, জাফর ইকবালের বাড়ি বললেও লোকে চিনিয়ে দেয়। গ্রামে যাওয়ার আগে একটা বাজার পড়ে। নাম বঙ্গবাজার। সেই বাজার থেকে কুতুবপুর এক কিলোমিটারেরও কম পথ। তবে পথটা পাকা। রিকশা খুঁজছি। বাজারে রিকশা আছে ঠিকই, কিন্তু কুতুবপুরে যাবে না। ‘ভাই! কুতুবপুর যাইবাইন?’ কোমল একটা কণ্ঠ শুনে ফিরে চাইলাম। ছোট একটা ছেলে রিকশার যাত্রীর আসনে বসে আছে। তার প্রশ্নবোধক দৃষ্টির সামনে ‘হ্যাঁ’ সূচক মাথা নাড়লাম। চোখের পলকে রিকশা থেকে শূন্যে লাফ দিল ছেলেটি। নিচে নেমে বলল, ‘উডইন, আমার রিকশাত উডইন।’ ওর কথা শুনে প্রথমটায় ভ্যাবাচেকা খেয়ে গেলাম। পরে নিজেকে সামলে নিয়ে বললাম, ‘এত ছোট ছেলে, তুমি রিকশা চালাবে কী? আর চালাতে পারলেও তোমার রিকশায় যাওয়া ঠিক হবে না।’ এ কথায় পাশ থেকে দুজন বলে উঠল, ছোট হলেও ও দু-তিনজন নিয়ে রিকশা টানতে পারে। সামনে কোনো রিকশা নেই দেখে দোনোমনায় পড়ে গেলাম।ছেলেটা এবার কাছে এসে কাতর-স্বরে বলল, ‘আপনেরা না উটলে আমরার চলব ক্যামনে?’ নিমিষে সংশয় ঝেড়ে ফেলে রিকশায় উঠে বসলাম। রিকশা একটু একটু করে এগোচ্ছে, আর আমি তাকিয়ে আছি ছেলেটার দিকে। কখনো সিটে বসছে, কখনো রডের ওপর বসে পা দিয়ে প্যাডেল ঘোরাচ্ছে। স্যান্ডেলহীন পা দুটো প্যাডেলে ছোঁয়াতে কত কসরতই না করছে ছেলেটা! হঠাৎ পিঠে আলতো ধাক্কায় পেছন ফিরে তাকালাম। একটি বাচ্চা ছেলে রিকশার পেছনে ঝুলছে। ‘অ্যাই, তুমি কে?’ জিজ্ঞেস করতেই সামনে থেকে জবাব এল: ‘ভাই, হি (সে) আমার সাথের।’ ‘ওহ্, তোমার হেলপার?’‘হ, আমার ছুডু (ছোট) ভাই। আমারে সাহাইয্য করে। রিকশার পাছে ধাক্কা দেয়।’জানতে চাই, ‘কেন, তুমি একা চালাতে পারো না?’‘পারি। কিন্তু রিকশা সো-ল (স্লো) হইয়া গেলে হি ধাক্কা দেয়। আবার ধরইন ছোডো-খাডো গাতাত (গর্তে) পইড়া গেলে পিচে থাইক্যা ধাক্কা দেওন লাগে।’ বড় ভাইটার কথা শেষ হতেই পেছন ফিরে তাকালাম। ছোট ভাইটা ততক্ষণে নিচে নেমে গেছে। মৃদুমন্দ গতিতে রিকশার সঙ্গে দৌড়াচ্ছে, আর পেছন থেকে ঠেলা দিচ্ছে। রিকশা চালাতে দুই ভাইয়ের আমন কসরত দেখে মায়া লাগে। সুধাই, ‘তোমরা আর কী করো?’বড় ভাই জবাব দেয়, ‘দিনবরা রিকশা চালাই।’ বড় ভাইয়ের কাছ থেকে কথা কেড়ে নিয়ে ছোট ভাই বলে, ‘সইন্ধাকত (সন্ধ্যায়) আন্টির (ফুফু) কাছে পড়তাম বই (পড়তে বসি)।’‘স্কুলে যাও না কেন?’ জবাবে দুজনই পাল্টা প্রশ্ন করে, ‘ইস্কুলও ভর্তি কইরা দিব ক্যাডা? আমরার বাপ-মা থাইক্কাও নাই। আমরারে ফালায়া রাইখ্যা গেছেগা (চলে গেছে)। বাপ এক জাগাত বিয়ে করছে। মাও আরেক জাগাত বিয়া বইছে।’ছোট ভাইটা আবারও কথা কেড়ে নেয়, ‘স্কুলও পড়লে ট্যাহা লাগে। খালি পড়লেই হইব? খাওনো তো লাগব।’‘লোকজন ঠিকঠাক ভাড়া দেয়?’ জবাবে সোহেল বলে, তাদের কেউ ঠকায় না। কেউ কেউ দুই-চার-পাঁচ টাকা বেশিও দেয়।কথা বলতে বলতে কুতুবপুরে চলে আসি। রিকশা থেকে নেমে ছেলে দুটোর সঙ্গে আলাপ জমাই। জানতে চাই বাড়িতে কে কে আছে। ভাই দুটো জানায়—দাদি আর ফুফু। দাদির কাছেই বড় হয়েছে ওরা। ছোট থাকতে বাবা-মা আলাদা হয়ে যাঁর যাঁর মতো চলে গেছেন। কেউ তাদের খোঁজও নেন না। বাবা মাঝেমধ্যে কোত্থেকে যেন উদয় হন। আবার হারিয়ে যান। দাদির বয়স হয়েছে, ফুফু বিয়ের উপযোগী। বাধ্য হয়ে দুই ভাইকে উদয়াস্ত রিকশা চালাতে হয়। সকালে খেয়ে বেরোয়, দুপুরে বাড়ি এসে গোসল করে কোনো রকমে দুটো খেয়ে ফের রিকশা নিয়ে বেরোয়। ফেরে সেই সন্ধ্যায়। তবে খুব দূরে কোথাও যায় না ওরা। ঘরের জন্য চাল-ডাল কিনে এনে দাদির হাতে তুলে দেয়। দাদি রান্না বসান। এই ফাঁকে ফুফু ওদের নিয়ে পড়তে বসে। ছোটটা বর্ণমালার গণ্ডি পেরিয়ে সবেমাত্র বানান করে পড়তে শিখেছে। পড়াশোনা, হিসাব-নিকাশে দুই ভাইয়ের মধ্যে ও-ই ভালো। নাম রুবেল, আর বড় ভাইয়ের নাম সোহেল।কথা আর বেশি দূর এগোয় না। দুই ভাই তাড়া দেয়। খ্যাপ নিয়ে যেতে হবে ওদের। পরের দিন ওদের বাড়ি যাব বলে দিই। দুজনই সানন্দে রাজি হয়। যাওয়ার আগে বাড়ির ঠিকানা বলে যায়। বঙ্গবাজার-লাগোয়া কলসহাটি গ্রাম (কেন্দুয়া উপজেলার রয়্যালবাড়ি ইউনিয়নের অন্তর্গত)।পরের দিন বিকেলে সোহেল-রুবেলদের বাড়িতে গিয়ে হাজির হই। বাড়িতেই ছিল ওরা। তল্লার বেড়ার ওপর জরাজীর্ণ টিনের ছাউনি দেওয়া ছোট্ট একটা ঘর। ভেতরে আসবাব বলতে দুটো খালি চৌকি। একটায় বসতে বসতে সোহেলকে জিজ্ঞেস করি, ‘আজ খ্যাপ মারোনি?’ জবাবে বলে, ‘সকালে গেছিলাম। ওহনই আইছি।’ ধবধবে সাদা চুল মাথায় এক বৃদ্ধাকে দেখিয়ে সোহেল বলল, ‘আমার দাদি।’ আগের কথার রেশ টেনে তিনি বললেন, ‘আইজ ১২০ ট্যাহা কামাইছে।’ সোহেল জানায়, কোনো কোনো দিন ৬০-৭০ টাকার বেশি হয় না। এর মধ্যে রিকশার মালিককে ২৫ টাকা জমা দিতে হয়।ওদের বয়স কত—জানতে চাইলে দাদি হাজেরা জানান, সোহেলের ১১, আর রুবেলের বয়স আট বছর। পেটের জ্বালা সইতে না পেরে মাস ছয়েক আগে দুই ভাই মিলে এই কাজে নামে। তখন রিকশা টুকটাক চালাত। এক মাস ধরে পুরোদমে চালাচ্ছে। সামান্য এই ভিটাটুকু ছাড়া আর কোনো সহায়-সম্বল নেই তাদের। সোহেল আগে দাদার সঙ্গে ভিক্ষা করত। দিন কয়েক আগে সেই দাদাও মারা গেছেন। তবে পড়ার প্রতি দুই ভাইয়েরই আগ্রহ আছে। রোজ দুজন ফুফুর কাছে পড়তে বসে, জানালেন হাজেরা।প্রতিবেশী আলী আকবর জানান, ওরা একেবারেই নিঃস্ব। ছেলে দুটিকে স্কুলে পাঠালে ঘরে সবার উপোস থাকতে হবে।সরকারি-বেসরকারি মিলিয়ে কলসহাটি ও কুতুবপুর গ্রামে প্রাথমিক বিদ্যালয় আছে তিনটি। এর একটি কুতুবপুরের দীপশিখা বিদ্যানিকেতন। শিশু দুটির এমন ঝুঁকিপূর্ণ কাজ সম্পর্কে স্কুলটির প্রধান শিক্ষক মোজাম্মেল হক বলেন, ‘যেকোনো সময় দুর্ঘটনা ঘটাতে পারে ওরা। আমাদের এখানে অনেক শিশু বিনা বেতনে পড়ে। এমন শিশুদের আমরাও পড়াতে চাই। কিন্তু অভিভাবকদের পক্ষ থেকে সাড়া মেলে না।’সোহেল-রুবেলদের বাড়ি থেকে বের হচ্ছি। সন্ধ্যা তখনো হয়নি। দেউড়ির ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে এল, ‘কী রে ছ্যারাইন (ছেলে), তোরা রয়্যালবাড়ি যাইবে?’ সোহেলকে জিজ্ঞেস করলাম, ‘এখন আবার রিকশা নিয়ে বের হবে?’ উত্তরে ঠোঁট উল্টে বলে, ‘কী করবাম, ভাই!’