তিন চিকিৎসক বিনা অনুমতিতে অনুপস্থিত, চারজনের পদ শূন্য
সোনাগাজী উপজেলা হাসপাতালে মোট ১০ জন চিকিৎসকের মধ্যে চারটি পদ দীর্ঘদিন শূন্য রয়েছে। এ ছাড়া তিন চিকিৎসক এক থেকে ছয় বছর পর্যন্ত বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ফলে হাসপাতালের চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। মাত্র তিনজন চিকিৎসক দিয়ে রোগীদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। চিকিৎসকেরা জানান, হাসপাতালে গড়ে প্রতিদিন ৫০ থেকে ৬০ জন রোগী ভর্তি থাকে। ৩০০-এর বেশি রোগী চিকিৎসা নেন বহির্বিভাগে। দিন দিন রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে হাসপাতালটি গত ১৮ মার্চ ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু সে অনুযায়ী জনবল নিয়োগ না হওয়ায় ৩১ শয্যার জনবল দিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল চিকিৎসাসেবার কাজ। কিন্তু ৩১ শয্যার জনবলও বর্তমানে নেই। জানা গেছে, বর্তমানে ১০টি চিকিৎসক পদের মধ্যে আছেন মাত্র তিনজন। তিনজন চিকিৎসক দীর্ঘদিন থেকে বিনা অনুমতিতে হাসপাতালে অনুপস্থিত রয়েছেন। এ ছাড়া চারটি পদ দীর্ঘদিন শূন্য রয়েছে। ফলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ মাত্র তিন চিকিৎসক দিয়ে চলছে হাসপাতালটি। সূত্র জানায়, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) আবসার আহমেদ কোরাইশী ২০০৬ সালের ১ ডিসেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। চিকিৎসা কর্মকর্তা সামিয়া সাগুফতা ২০১০ সালের ৫ আগস্ট থেকে এবং চিকিৎসা কর্মকর্তা শৈবাল বৈদ্য ২০১১ সালের ১২ জুলাই থেকে অনুপস্থিত রয়েছেন। এ ব্যাপারে লিখিত কোনো কারণও জানাননি তাঁরা। সোনাগাজী সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের জামাল উদ্দিন জানান, সম্প্রতি তিনি সোনাগাজী হাসপাতালে যান দাঁতের চিকিৎসার জন্য। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন দীর্ঘদিন ধরে কোনো দাঁতের চিকিৎসক নেই। বাধ্য হয়ে তিনি স্থানীয় একজন হাতুড়ে চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নেন। ভুল চিকিৎসার কারণে তাঁর দাঁত দুটি নষ্ট হয়ে যায়।সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আরেফিন বলেন, ‘হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগীরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন না। বাধ্য হয়ে অনেকে স্থানীয় হাতুড়ে চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নেন। এতে তাঁদের অর্থ ও জীবন দুটোই বিপন্ন হয়ে পড়ে।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছরোয়ার জাহান বিনা অনুমতিতে চিকিৎসকদের অনুপস্থিতি এবং এ কারণে হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় কথা স্বীকার করেন। তিনি জানান, দুটি উপস্বাস্থ্যকেন্দ্র থেকে দুজন চিকিৎসককে প্রেষণে উপজেলা হাসপাতালে এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তাতেও হিমশিম খেতে হচ্ছে। তিনি বলেন, অনুপস্থিত চিকিৎসকদের ব্যাপারে তাঁদের ব্যক্তিগত ঠিকানায় একাধিক চিঠি দিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি। বিষয়টি জেলা সিভিল সার্জন কার্যালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে।