তিন জাতিগোষ্ঠীর মাতৃভাষার পাঠ্যবই কাজে আসছে না!
যথাযথ প্রশিক্ষণ ও পরিকল্পনা ছাড়াই পার্বত্য চট্টগ্রামে তিনটি জাতিগোষ্ঠীর প্রাক-প্রাথমিক শিশুদের মাতৃভাষায় পাঠ্যবই বিতরণ করায় এসব বই কোনো কাজে আসছে না। কোন এলাকায় কোন জনগোষ্ঠীর শিশুর সংখ্যা বেশি, সে বিষয়ে নির্ভুল জরিপ না করেই বই বিতরণ করা হয়েছে। এ ছাড়া বাংলা, ইংরেজিসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর একটি বা দুটি ভাষায় পারদর্শী শিক্ষক নিয়োগ দেওয়ার কাজও হয়নি। বাকি রয়ে গেছে শিক্ষক প্রশিক্ষণের কাজ। এসব প্রস্তুতি ছাড়া কেবল পাঠ্যবই দিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করা সম্ভব নয় বলে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকেরা জানান।
জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবার পার্বত্য চট্টগ্রামে চাকমা, মারমা, ত্রিপুরা এবং সমতলের গারো ও সাঁদ্রি ভাষার (সাঁওতাল, বর্মণসহ কয়েকটি সম্প্রদায়ের ভাষা) শিশুদের জন্য প্রাক্-প্রাথমিক শ্রেণির পাঠ্যবই প্রণয়ন করেছে। কিন্তু সেই অনুযায়ী পাঠদানের প্রস্তুতি হিসেবে প্রাথমিক শিক্ষা প্রশাসন থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি এনসিটিবিকে পাঠ্যবইয়ের যে চাহিদাপত্র দেওয়া হয়েছে তাতেও বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই।
শিক্ষকেরা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ফলাও করে কয়েকজন শিশুর হাতে বই তুলে দেওয়া হলেও এখনো বেশির ভাগ চাকমা, মারমা ও ত্রিপুরা শিশুর কাছে পাঠ্যবই পৌঁছেনি। বিদ্যালয়গুলোতে প্রাক্-প্রাথমিক শিক্ষক রয়েছেন। কিন্তু কোন বিদ্যালয়ে কোন জাতিগোষ্ঠীর শিশুর সংখ্যা বেশি, সেটি বিবেচনায় নিয়ে তাঁদের নিয়োগ দেওয়া হয়নি। মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু করতে হলে দ্বিভাষিক-ত্রিভাষিক (সংশ্লিষ্ট জাতিগোষ্ঠীর যেকোনো একটি ভাষা, বাংলা ও ইংরেজি) শিক্ষক-শিক্ষিকা দরকার। কিন্তু বিভিন্ন জাতিগোষ্ঠীর শিক্ষক-শিক্ষিকারা নিজেরাও নিজেদের মাতৃভাষা পড়তে ও লিখতে পারেন না। এ রকম অপরিকল্পিত অবস্থায় বই পাওয়া গেলেও এ বছর পাঠদান করা করা সম্ভব হবে না।
জেলা শহরের কালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দিন, থানচি বলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্য শৈ মং মারমা বলেছেন, মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর উদ্যোগ ভালো। কিন্তু এটা পরিকল্পিতভাবে হওয়া উচিত, না হয় গুণগত শিক্ষা দেওয়া সম্ভব হবে না।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের হিসাবমতে, বান্দরবানের সাত উপজেলায় প্রাক্-প্রাথমিক বিদ্যালয়ের শিশুর সংখ্যা ২১ হাজার ১২৬ জন। অথচ এই কার্যালয়ের কার্যালয়ের প্রাক্-প্রাথমিক পাঠ্যবইয়ের চাহিদাপত্র অনুযায়ী, জেলায় চাকমা, মারমা ও ত্রিপুরা শিশুর সংখ্যা দেখানো হয়েছে ৫ হাজার ১২১ জন। চাহিদাপত্রে চাকমা ২০৮ জন, মারমা ৪ হাজার ২৩৫, ত্রিপুরা ৮৬৫ ও গারো ৭৩ জন উল্লেখ করা হলেও প্রকৃতপক্ষে এই জাতিগোষ্ঠীর শিশুর সংখ্যা আরও বেশি হতে পারে বলে শিক্ষকেরা জানিয়েছেন। থানচি উপজেলায় চাকমাদের বসবাস থাকলেও সেখানে প্রাক্-প্রাথমিকে চাকমা শিশু নেই বলে চাহিদাপত্রে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া রোয়াংছড়ি ও রুমা উপজেলায়ও কোনো চাকমা শিশু নেই বলে উল্লেখ করা হয়েছে চাহিদাপত্রে।
চাহিদাপত্রে থানচিতে প্রাক্-প্রাথমিক শ্রেণিতে কোনো চাকমা শিশু নেই বলে উল্লেখ করা হলেও থানচি বলীপাড়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্-প্রাথমিক শিক্ষক উ চ শৈ মারমা এই তথ্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তিনি বলেন, তাঁর বিদ্যালয়ে প্রাক্-প্রাথমিক শ্রেণির ১৮ জন শিশুর মধ্যে দুজন চাকমা শিশু রয়েছে। উ চ শৈ আর বলেন, তিনি নতুন বই পড়ানোর জন্য কোনো প্রশিক্ষণ পাননি। নিজের উদ্যোগে মারমা হরফ শিখেছেন। এ জন্য পড়ানো কঠিন হবে। আর অনেক শিক্ষক রয়েছে যাঁরা মারমা হরফও চেনেন না। খাগড়াছড়িতে পাহাড়ি শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করছে বেসরকারি সংস্থা জাবারাং। ক্ষুদ্র জাতিসত্তার বই বিতরণ নিয়ে এই সংস্থার নির্বাহী পরিচালক মথুরা ত্রিপুরা বলেন, এনসিটিবি প্রাক্-প্রাথমিক শিশুদের পাঠ্যবই প্রণয়ন করলেও পাঠদানের ব্যাপারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কোনো প্রস্তুতি নেই। এ জন্য পাঠ্যবইয়ের চাহিদাপত্রের সঙ্গেও বাস্তবতার কোনো মিল নেই। রাঙামাটির নানিয়ারচরে সাঁওতাল শিশু দেখানো হয়েছে পাঁচ শতাধিক। অথচ সেখানে কোনো সাঁওতাল নেই। শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়নি। প্রশিক্ষণ ছাড়া রোমান হরফ হওয়ায় ত্রিপুরা শিক্ষকেরা হয়তো ত্রিপুরা শিশুদের পড়াতে পারবেন। কিন্তু চাকমা ও মারমা শিশুদের পাঠদান করা সম্ভব হবে না। বান্দরবানের জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিটন কান্তি বড়ুয়া বলেছেন, চাকমা ও মারমা শিশুদের পাঠ্যবই চাহিদা অনুযায়ী পাওয়া গেছে। অবিলম্বে বিতরণ করা হবে। ত্রিপুরা শিশুদের পাঠ্যবই এখনো না পৌঁছালেও দু-এক দিনের মধ্যে পৌঁছে যাবে। রিটন বড়ুয়া বলেন, চাহিদাপত্রে ভুল হলে শোধরানোর চেষ্টা করা হবে। শুরুতে কিছু সমস্যা হলেও পরে ধীরে ধীরে কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।