
দম আটকানো শারীরিক কসরত। একচুল এদিক-ওদিক হলেই শরীরের ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা। তাসের ওপর তাস নয়, এ তো দেহের ওপর দেহ সাজানোর খেলা। একের শরীরে অন্যজন ভর দিয়ে তৈরি করছেন নানা দৃশ্য প্রতিরূপ, জ্যামিতিক আকার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক মনোমুগ্ধকর আয়োজন শ্বাসরুদ্ধকর অনুভূতিরই জন্ম দিল দর্শকদের মনে। চীনা অ্যাক্রোবেটিক প্রদর্শনী দর্শকদের অনেকেরই দেখা। কিন্তু এবার এ দেশের অ্যাক্রোব্যাট শিল্পীরাই প্রমাণ দিলেন, তাঁরাও পিছিয়ে নেই। অ্যাক্রোবেটিক শৈলীকে বাঁচিয়ে রাখতে দেশব্যাপী হচ্ছে এই আয়োজন। শিল্পকলা একাডেমির এই দলটি ধাপে ধাপে শোক করছেন দেশের ৬৪ জেলায়। ইতিমধ্যে চট্টগ্রাম, ফেনী ও কক্সবাজারে হয়ে গেল তিনটি শো।
চট্টগ্রাম: হাত দিয়ে কোনো জিনিসের ভারসাম্য রাখা যায় সহজে। কিন্তু পা দিয়ে আস্ত একটা ড্রামের ভারসাম্য রক্ষা করা! আবার সেই ড্রামের ওপর যখন ছোট একটি ছেলেও দাঁড়িয়ে! শুধুই কি ভারসাম্য রক্ষা? সেই ছোট ছেলেটিকে নিয়েই পায়ের ওপর ঘুরিয়ে ঘুরিয়ে ড্রামটির প্রতিটি প্রান্ত ছুঁয়ে গেলেন অ্যাক্রোব্যাট শিল্পী িমজানুর রহমান। ড্রামের ওপর দাঁড়ানো ছোটন মোবারকও কম যায় না। ভয় তো দূরের কথা, মিজানুর যখন ড্রামের প্রান্ত পরিবর্তন করছিলেন, তখন তার ওপর দাঁড়িয়ে ছোটন উড়ন্ত চুমু ছুড়ে দিচ্ছিল দর্শকদের উদ্দেশে।
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে তখন তুমুল করতালি আর হর্ষধ্বনি। ৭ এপ্রিল সন্ধ্যায় শিল্পকলার মুক্তমঞ্চে জমজমাট অ্যাক্রোবেটিক শো দেখে চোখের পাতাও ফেলতে পারেনি দর্শকেরা। ‘ব্যারেল ব্যালেন্স’, ‘জলি সিমেন্স’, ‘সাইক্লিং ফায়ার’, কিংবা ‘রোলার ব্যালেন্স’–এর মতো অ্যাক্রোবেটিক খেলা দেখে মুগ্ধ দর্শকেরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই অ্যাক্রোবেটিক দল আক্ষরিক অর্থেই চট্টগ্রামের দর্শকদের মন জয় করে নিল।

একের পর এক চোখধাঁধানো কসরত চলছিল মঞ্চে। কখনো শিল্পীরা তৈরি করছিলেন মানবপ্রাচীর। কখনোবা তৈলাক্ত বাঁশ বেয়ে চার-পাঁচজন উঠে ঝুলে রইলেন। ছিল ‘হ্যান্ড স্কিল’, ‘আংকারাসা’, ‘ব্রিক স্কিল’, ‘ওয়্যার ব্যালেন্স’, ‘চেয়ার সেটিং’, ‘রোপ জাম্প’, ‘রিং নৃত্য’ শিরোনামের পরিবেশনা। এসব পরিবেশনায় অংশ নেন ফকের আলী, হাবিবুর রহমান, রফিক উদ্দিন, অাকলিমা আক্তার, শাহানা আক্তার, রীনা আক্তার, গোলাম মাওলাসহ বাংলাদেশ অ্যাক্রোবেটিক দলের ২৫ জন সদস্য। প্রদর্শনীতে উপস্থাপনায় ছিলেন মাহাবুবুর রহমান।
ফেনী: ফেনী জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে ৬ এপ্রিল অনুষ্ঠিত হয় অ্যাক্রোবেটিক শো। প্রদর্শনীর উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা এস টি কামরান হাসানের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক, ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমরজিৎ দাস টুটুল ও সাংস্কৃতিক সংগঠক সমর দেবনাথ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দলের অনুষ্ঠান সমন্বয়কারী মো. মাহবুবুর রহমান সুজন জানান, বিশ্বের অন্যতম শিল্পমাধ্যম সার্কাসের প্রধানতম অঙ্গ অ্যাক্রোবেটিক শিল্প বাঁচিয়ে রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দল দেশের ৬৪ জেলায় এই প্রদর্শনী নিয়ে যাচ্ছে। দলের ৩০ জন শিল্পী প্রায় দুই ঘণ্টাব্যাপী নানা শারীরিক কসরত প্রদর্শন করেন।
কক্সবাজার: ৮ এপ্রিল রাতে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী দেখেছেন হলভর্তি দর্শক। সন্ধ্যা সাড়ে সাতটায় প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বিশ্বের অন্যতম শিল্পমাধ্যম সার্কাসের প্রধানতম অঙ্গ অ্যাক্রোবেটিক শিল্প সমগ্র পৃথিবীতে সমাদৃত ও মর্যাদাপূর্ণ। তাই এই শিল্পকে ধরে রাখতে সরকার শিল্পকলা একাডেমির মাধ্যমে দেশব্যাপী অ্যাক্রোবেটিক প্রদর্শনের উদ্যোগ নিয়েছে। শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা আয়াজ মাবুদের সঞ্চালনায় উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল।
সমাপনী অনুষ্ঠানে অ্যাক্রোবেটিক শিল্পীদের ধন্যবাদ জানিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনোয়ারুল নাসের বলেন, এই প্রদর্শনী সব বয়সী মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে আবারও এমন প্রদর্শনী আয়োজনের অনুরোধ করেন তিনি।
ভারসাম্য প্রদর্শন, জ্বলন্ত আগুন গিলে ফেলা, রশিনৃত্যসহ ৩০টি জমজমাট কসরত দেখান অ্যাক্রোবেটিক শিল্পীরা।