তিন টুকরো ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১. অম্লমধুর ঈদ-যাত্রা

দু’তিন বছর আগের কথা। বউকে নিয়ে ঈদে বাড়ি যাব। ঠিক ট্রেন ছাড়ার মুহূর্তে গিয়ে পৌঁছলাম কমলাপুর স্টেশনে। ট্রেনের কাছে গিয়ে তো চক্ষু চড়কগাছ! ট্রেনে তিল ধারণের জায়গা নাই। ভেতরে যাওয়া দুর কি বাত, ট্রেনে উঠতে পারাই হবে যুদ্ধ জয়ের সমতুল্য। আমি না হয় উঠলাম কোনোভাবে, বউকে কীভাবে নিব? বগিগুলোর দরজাগুলো পর্যন্ত মানুষে ঠাসা। ট্রেন মিস তো ঈদ মিস। ‘লেডিজ ফার্স্ট’ সূত্র মেনে আগে বউকে ঠেলে ঠুলে উঠিয়ে দিলাম। সে উঠতে না উঠতেই ছেড়ে দিল ট্রেন। ট্রেনের দরজায় দাঁড়িয়ে আমার ‘দিলওয়ালে দুলহানিয়া’ নিজেই শাহরুখ খান হয়ে হাত বাড়িয়ে রইল। বাক্সপেটরা নিয়ে উঠতে না পেরে অসহায় দাঁড়িয়ে রইলাম। ‘আমার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম। তুমি চলে গেলে।’

২. দ্য ঈদ কেম বিফোর দ্য মুন অ্যাপিয়ার্স....

সেবার বেশ ঝক্কি সয়ে পরদিন বাড়িতে গেলাম। ঈদে চাঁদের হাট বসে আমাদের বাড়িতে। ভাই-বোনদের বাচ্চাকাচ্চা দুষ্টুদের হুলুস্থুল সব কাণ্ডকারখানা শুরু হয়। ঈদের চাঁদ দেখার আগেই আমার ভাতিজারা ছোটদের বিশেষ ঈদ-পার্টির ঘোষণা দিল। বড়দের কাছ থেকে চাঁদা তুলে সফট ড্রিংকস, চিপস, চানাচুর, গেমস, নাচ-গান দিয়ে শুরু হলো সে পার্টি। ওদিকে ড্রয়িংরুমের টিভি থেকে ভেসে এল নজরুলের সেই অমর ঈদসঙ্গীত ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ’। শুনে আমিও কিছু একটা বিলিয়ে দেওয়ার আসমানি তাগিদ অনুভব করলাম। পিচ্চিদের পার্টিতে বড়দের অংশগ্রহণ ও প্রবেশে নিষেধাজ্ঞা সত্ত্বেও সেখানে উপস্থিত হলাম। ঘোষণা দিলাম অ্যাডভান্স ঈদি প্রদানের। খুশিতে সবাই নড়ে চড়ে বসল। এই জেনারেশনের শিশুদের আম কুড়ানোর সুযোগ নেই। আমি তাদের টাকা কুড়ানোর সুযোগ করে দিলাম। আমার হাতে ছোট এক ঝুড়ি নতুন টাকা। দুই টাকার কয়েক’শ নোট শূন্যে উড়িয়ে দিলাম। দোয়েল মার্কা দুই টাকা উড়ছে আকাশে-বাতাসে। হুটোপুটি করে শিশুদের দল টাকা কুড়াচ্ছে। সে এক অসাধারণ দৃশ্য! সবার চোখে মুখে উত্তেজনা আর আনন্দ। আচ্ছা, বিটিভিতে কি এখনো আনন্দমেলা হয়? অথবা হানিফ সংকেতের ইত্যাদি? বাঙালির ঈদের সাথে জড়িয়ে আছে এই দুটি নাম। নিজেদের বাসায় এমন ‘ইত্যাদি কাণ্ডকারখানা’ আর আনন্দের মেলা বসলে টিভির ঈদ অনুষ্ঠান না দেখলেও তো চলে।

৩. প্রবাসের ঈদ
উচ্চশিক্ষার্থে একসময় থাইল্যান্ডে ছিলাম। ভিন্নরকম ঈদ কেটেছে সেখানে। রোজার ঈদের জন্য আমরা কয়েকজন বাংলাদেশি বাঙালি ব্যাপক প্রস্তুতি নিলাম। দশ-বারো জন বিদেশি শিক্ষক ও ক্লাসমেটকে দাওয়াত দেওয়া হলো। রান্নাবান্নার গুরুদায়িত্ব চাপল আমার বউ এবং আরেকজন মেয়ে কলিগের ওপর। আমরা পুরুষ সমাজ তাদের সব রকম সহযোগিতার প্রতিশ্রুতি দিলাম। সন্ধ্যার পর দুজন সুন্দরী ক্লাসমেট আসল আমাদের ঈদ পূর্ব প্রস্তুতি দেখতে। আমাদের বিপুল কর্মযজ্ঞে শরিক হলো তারাও। ঈদের দিনের সকালটা নামাজ, দেশি অতিথিদের নিয়ে আর দিনের বাকি সময়টা বিদেশি অতিথিদের সাথে কাটল। বিদেশি ছেলে ক্লাসমেটদের আসার পর তাদের সাথে ঈদের কোলাকুলি পর্ব চলছে। এমন সময় একটা মেয়ে ক্লাসমেট এগিয়ে আসল। সর্বনাশ! পেছনে বউ দাঁড়িয়ে। আমি প্রমাদ গুনলাম। মেয়েটা আসতেই ডান হাত বাড়িয়ে দিলাম। এ হাত আমাকে এ যাত্রা বাঁচিয়ে দিল। একবার হাতকাটা ফকিরের থালাভর্তি টাকা দেখে মনে হয়েছিল, ইস! আমার যদি হাত না থাকত আমিও এত টাকা পেতাম। সেদিন বুঝলাম, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই। খাবার সময় একজন ভূটানিজ ক্লাসমেট ক্ষীরের সাথে নুডলস মাখিয়ে খেল। আমাদের ভাত-মাছ-মাংস মাখিয়ে খাওয়া দেখে অনুপ্রাণিত হয়ে সে নাকি এমনটা করেছে।