
বাড়ির ব্যবহৃত ছাতাটি পুরোনো হয়ে গেলে আপনি কী করেন? নিশ্চয় ফেলে দেন। কিন্তু অনেকে হয়তো জানেন না এই ছাতার কাপড়টুকু দিয়ে তৈরি হতে পারে চমৎকার ব্যাগ। সেই ব্যাগ দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হতে পারে বিদেশেও। পাশাপাশি পলিথিনের বিকল্প হওয়ায় পরিবেশবান্ধব এই সামগ্রীটি সহজেই নজর কাড়তে পারে সবার।
চট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের (ইডিইউ) তিন ছাত্রী এমন ধারণা দিয়ে জিতেছেন সোশ্যাল বিজনেস প্রতিযোগিতার পুরস্কার। প্রতিযোগিতায় সারা দেশের ৩০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রানারআপ হন তাঁরা। সোশ্যাল বিজনেস ইয়ুথ অ্যালায়েন্স নামের একটি সংগঠন এই প্রতিযোগিতার আয়োজন করে। সম্প্রতি ঢাকার চীন মৈত্রী সম্মেলনে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
পুরস্কার বিজয়ী তিন শিক্ষার্থী হলেন সামিনা আরেফীন, অনিন্দিতা দাশ ও ফারজানা রহমান। তাঁরা সবাই পড়ছেন ইডিইউর স্কুল অব বিজনেসে (বিবিএ)। প্রতিযোগিতায় তাঁদের পরিকল্পনাটির শিরোনাম ছিল ‘ইকো শপিং ব্যাগ বা পরিবেশবান্ধব ব্যাগ’।
বিজয়ী তিন শিক্ষার্থী জানান, প্রথমে বাড়ির পুরোনো ব্যবহৃত ছাতাগুলো থেকে কাপড় খুলে তা সংগ্রহ করতে হবে। এরপর প্রক্রিয়াজাত করার জন্য সেগুলো নিতে হবে কারখানায়। সেখানে ধুয়ে দরজি বা পারদর্শীরা ডিজাইন করে কাপড়গুলোকে কাটবেন। এরপর সেগুলো মাপ অনুসারে সেলাইয়ের মাধ্যমে তৈরি করা হবে সুন্দর ব্যাগ। বিজয়ী দলের সদস্য সামিনা আরেফীন বলেন, পলিথিনের ব্যাগ পরিবেশের ক্ষতি করে। কিন্তু এই ক্ষেত্রে ছাতার কাপড় দিয়ে তৈরি ব্যাগগুলো সেই আশঙ্কার বাইরে হওয়ায় সহজেই তা ব্যবহার করা যাবে।
দলের অপর সদস্য ফারজানা রহমান বলেন, ব্যাগ তৈরির কার্যক্রম শুরু হলে কিছু মানুষের কর্মসংস্থান হবে। মেটানো যাবে দেশের চাহিদা। পাশাপাশি বিদেশে রপ্তানির মাধ্যমে আর্থিকভাবে লাভবান হবে সরকার। একই মত অনিন্দিতা দাশেরও।
বিজয়ী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমানের সঙ্গে ২৪ জুন দেখা করতে যান। এই সময় তিনি বলেন, ‘চলতি বছর অনুষ্ঠিত দেশসেরা বেশ কয়েকটি প্রতিযোগিতায় ভালো করেছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।’ চট্টগ্রাম থেকে একটি বিদ্যাপীঠ ঢাকায় গিয়ে পুরস্কার নিয়ে আসায় এই অঞ্চলের মেধাবীরা অনেক বেশি উৎসাহিত হবে বলেও মন্তব্য করেন তিনি। বিজ্ঞিপ্ত।