তিন তরুণের ক্যাম্পাস রেডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কলেজে ভর্তি হওয়ার পর থেকে মাথায় বিভিন্ন ধরনের আবিষ্কারের পরিকল্পনা ঘুরছিল। তবে কোনোটাতেই মন বসছিল না। স্বপ্ন ছিল ব্যতিক্রমী কিছু করার। কিন্তু মাথার চিন্তা মাথায়ই থেকে গেল। একদিন হঠাৎ করেই আমাদের ক্লাসের বন্ধু পার্থ সারথী কর, জুবায়ের হাসান ও আমি এক হয়ে সিদ্ধান্ত নিই একটি অনলাইন রেডিও তৈরি করার। পরিকল্পনার কথা শুনে এগিয়ে এলেন আমাদের ডিপার্টমেন্টের শিক্ষক প্রণজিত কে দাশ। তাঁর ও কলেজ কর্তৃপক্ষের উৎসাহে আমরা মাত্র ১৫ দিনের প্রচেষ্টায় সফল হই। বাংলাদেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রথমবারের মতো চালু করতে সক্ষম হই অনলাইন রেডিও।’ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে গত ২ ফেব্রুয়ারি পরীক্ষামূলক চালু হওয়া ক্যাম্পাস রেডিও প্রসঙ্গে এভাবেই বলছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাহদত হোসেন খান। ১৩ মার্চ থেকে রেডিওটি পূর্ণাঙ্গ সম্প্রচারে গিয়েছে বলে তিনি জানান।পার্থ সারথী কর ও জুবায়ের হাসান জানান, ‘ক্যাম্পাসভিত্তিক বাংলাদেশের প্রথম অনলাইন রেডিও’ স্লোগান নিয়ে ক্যাম্পাস রেডিও, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সম্প্রচার শুরু হয়েছে। ১৩ মার্চ সন্ধ্যায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রেডিওটির আনুষ্ঠানিক সম্প্রচারের উদ্বোধন ঘোষণা করেন।কলেজের শিক্ষার্থী সাইমা সুলতানা ও ঐষী রহমান বলেন, অসাধারণ! অনেক সময় ক্লাসে না আসতে পারলে ওই দিনের শ্রেণী কার্যক্রম রেডিও থেকে জেনে নেওয়া যাচ্ছে। আবার শিক্ষকেরা কখন ও কবে কী পরীক্ষা নেবেন, সেটাও রেডিওর নোটিশ বোর্ড থেকে জেনে নেওয়া যায়। এক কথায়, ঘরে বসেই কলেজের সব খবর পাচ্ছি। তা ছাড়া শিক্ষাবিষয়ক সরাসরি সেমিনার ও টকশো হচ্ছে বাড়তি আকর্ষণ।রেডিওর উদ্যোক্তারা জানান, অ্যান্টেনার বাইরে যাত্রা শুরু করতেই এই অনলাইন রেডিও চালু করা। কলেজ কিংবা বাইরের যে-কেউ এই রেডিওর অনুষ্ঠান ইন্টারনেটে শুনতে পারবেন। প্রতিদিন থাকছে পাঠদান, পরীক্ষা, ক্যাম্পাসের খবর, শিক্ষাবিষয়ক টক শো, ছুটির নোটিশ, সেমিনার, ওয়ার্কশপ, সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর, গানসহ কলেজের বিভিন্ন তথ্য। এ ছাড়া যে-কেউ ই-মেইল করে কলেজের দরকারি তথ্য জানতে কিংবা গান শোনানোর অনুরোধ জানাতে পারেন। http://campusradio.sec.ac.bd ঠিকানার ওয়েবসাইটে এই রেডিও শোনা যাবে। প্রাথমিকভাবে সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত রেডিও সম্প্রচার চালু থাকবে। পরবর্তী সময়ে সম্প্রচারের সময় আরও বাড়ানো হবে।সিদ্ধার্থ দুর্গাপ্রসাদ, ইফতেখার জামান, আনিসুল হকসহ অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাস রেডিও চালু হওয়ার বিষয়টি অভিনব ও আকর্ষণীয় বলে মন্তব্য করেছেন। তাঁদের মতে, রেডিও নির্মাণের কাজে সফলতা আসায় তিন সহপাঠীর স্বপ্ন পূরণ হয়েছে ঠিকই, কিন্তু অন্যদিকে কলেজের সাধারণ শিক্ষার্থীরা আরেক স্বপ্ন বুনতে শুরু করেছেন। সবাই এখন রেডিওর স্বপ্নে বিভোর। গান, আড্ডা, সেমিনার, কলেজের খবরাখবর নিতে প্রতিদিন সবাই ঢুঁ মারছেন ইন্টারনেটে। আগে সবাই যেমন মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকতেন, এখন সবাই ইন্টারনেটে রেডিও নিয়ে ব্যস্ত।ক্যাম্পাস রেডিও তৈরিকালীন সমন্বয়কারী কলেজের শিক্ষক প্রণজিত কে দাশ বলেন, ‘বাংলাদেশে কোনো ক্যাম্পাসে অনলাইন রেডিও চালু করার ঘটনা এটাই প্রথম। তিন তরুণ শিক্ষার্থীর স্বপ্ন পূরণ এখন কলেজের সব শিক্ষার্থীর স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। সবাই ক্যাম্পাস রেডিও নিয়ে এখন একাট্টা। গান, আড্ডা, শিক্ষাবিষয়ক সেমিনার—সবকিছু মিলিয়ে অন্য রকম স্বপ্নে বিভোর আমাদের শিক্ষার্থীরা। এ স্বপ্নই এদের আরও দূরে এগিয়ে নিয়ে যাবে।’