তিন তরুণের 'স্বপ্নপূরণ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন তরুণ‍—(বাঁ থেকে) আহসান উল্লাহ, শাহরিয়ার সৌরভ ও আইনুন নিশাত। বস্তিবাসীদের সচেতন করতে নিজেদের উদ্যোগে তাঁরা তৈরি করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
তিন তরুণ‍—(বাঁ থেকে) আহসান উল্লাহ, শাহরিয়ার সৌরভ ও আইনুন নিশাত। বস্তিবাসীদের সচেতন করতে নিজেদের উদ্যোগে তাঁরা তৈরি করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

বাড়ির উঠোনে খেলছে ছোট্ট সামিরা। বারবার খেলার মনোযোগ নষ্ট করছিল কর্কশ আওয়াজ, যা আসছে তার ঘর থেকেই। মা-বাবার প্রতিদিনের রুটিন ঝগড়া। অভাবের সংসারে এসব দেখতে দেখতে সামিরারও গা–সওয়া হয়ে গেছে। এ আর নতুন কী। ঝগড়ার গতি কমে আসতেই ঘরে ঢুকে খাবার চাইল সে। তাতে ফোঁস করে উঠল বাবা। দূর দূর করে তাড়িয়ে দিল তাকে। বলল, ‘যা ভিক্ষা করে খা।’ ক্ষুধার জ্বালায় অস্থির সামিরাও বেরিয়ে দোকানে গিয়ে ভিক্ষা চায়। সেখানেও লাঞ্ছিত হয়। শেষে সাহায্যের হাত বাড়ায় দুই কিশোর। তাদের ছোঁয়ায় ভোজবাজির মতো পাল্টে যায় তার জীবন।
এ কাহিনি স্বপ্নপূরণ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের। গত ১৩ ও ১৪ মার্চ নগরের বাকলিয়ার বিভিন্ন লোকেশনে চলে শুটিং। ১০ মিনিটের চলচ্চিত্রটির প্রিমিয়ার শো হবে শিগগিরই। এইটুকু বলে শেষ হতে পারত। কিন্তু অন্য চলচ্চিত্রের চেয়ে একটু ভিন্ন এর প্রেক্ষাপট। এই চলচ্চিত্রের পরিচালক, অভিনয়শিল্পী ও চিত্রনাট্যকার সবাই তরুণ। তাহলে কীভাবে তাঁরা চলচ্চিত্রে?
সেই গল্পই শুনিয়েছেন চলচ্চিত্র নির্মাণের মূল কারিগর পরিচালক শাহরিয়ার সৌরভ, চিত্রনাট্যকার আইনুন নিশাত ও সহকারী পরিচালক অাহসান উল্লাহ। সৌরভ ও নিশাত পড়ছেন এইচএসসির প্রথম বর্ষে ও আহসান স্নাতক দ্বিতীয় বর্ষে।
সৌরভ জানান, তাঁরা সব সময় সমাজের কোনো না কোনো কাজে নিজেদের ব্যস্ত রাখতে চেষ্টা করেন। এ জন্য তাঁরা গঠন করেছেন সার্জ ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিশেষ করে বস্তির লোকজনকে শিক্ষা ও স্বাস্থ্যের ব্যাপারে সচেতন করতে কাজ করেন তাঁরা। বর্তমানে সংগঠনের স্বেচ্ছাসেবক রয়েছে ৬০ জন। নিজেদের চাঁদায় চলে সংগঠন। কখনো বিনা মূল্যের শিক্ষাসামগ্রী বিতরণ, কখনো গল্প বলা, কিংবা তাদের জন্য খাবার নিয়ে যাওয়া—এসবের মধ্যেই সীমাবদ্ধ ছিল এত দিন তাঁদের কার্যক্রম। এসব করতে গিয়ে তাঁরা দেখলেন, বস্তির মানুষগুলো নাটক-সিনেমার চরিত্রগুলোকে অনুসরণ করে বেশি। এ জন্য চলচ্চিত্রের মাধ্যমে তাদের সচেতন করার চিন্তা মাথায় আসে। তা ছাড়া মুখে বলার চেয়ে ভিজ্যুয়াল দেখাতে পারলে তারা খুব সহজে ধরতে পারে।
এবার সৌরভের কথার সঙ্গে যোগ করেন নিশাত। বললেন, ‘শিশুর ওপর নির্যাতন ঘরে-বাইরে সবখানে হচ্ছে। বস্তি কিংবা নিম্ন আয়ের লোকজনের মধ্যে এর প্রবণতা বেশি। মা-বাবার অভাব- অভিযোগ বা ঝগড়ায় বলি হয় িশশুরা। অথচ পরিবার থেকেই যদি একটি শিশুকে সঠিক পরিচর্যা করা হয়, সে সহজেই সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। তারপর সে এগিয়ে নেবে তার মতো অন্য শিশুদেরও, যাদের সবাই বলে সুবিধাবঞ্চিত। এইটুকু মাথায় রেখে গল্পটা লিখেছি।’
কচি হাতের কাঁচা লেখাই হয়তো। গড়িয়ে যাওয়ার চেয়ে সবকিছুই দ্রুততার সঙ্গে ঘটে গেছে গল্পে। তারপরও মূল লক্ষ্য তো ঠিক আছে—মানুষকে সচেতন করা।
চলচ্চিত্র নির্মাণ তো সহজ নয়, কীভাবে পরিচালনা করতে হয় কোথায় শিখলে? সৌরভের উত্তর, ‘ইউটিউব দেখে হাতে-কলমে প্রশিক্ষণ নিয়েছি। পড়ার ফাঁকে প্রতিদিন ঘণ্টাখানেকের বেশি সময় ব্যয় করেছি এতে। এভাবেই শিখেছি ক্যামেরা, অ্যাকশন, কাট।’
আর অর্থের সংস্থান? সৌরভ জানায়, ‘নিজেদের জমানো কিছু টাকা ছিল। এ ছাড়া কয়েকজন বড় ভাই সহযোগিতা করেছেন। আমাদের খুব বেশি খরচ হয়নি। কারণ অভিনয় করেছি আমরাসহ সংগঠনের সদস্যরাই। তবে আহসান আলোছায়া নামের একটি নাট্যদলের সদস্য। তাঁর ভালোই ধারণা আছে। তা ছাড়া চিত্রগ্রহণে থাকা শারাফাত আলী ও চলচ্চিত্র সংগঠন অহর্নিশ সহযোগিতা করেছেন। সব মিলিয়ে আমরা পেরেছি।’

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র স্বপ্নপূরণ–এর একটি দৃশ্য l ছবি: সংগৃহীত
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র স্বপ্নপূরণ–এর একটি দৃশ্য l ছবি: সংগৃহীত