তিন তরুণের 'হাসি আন্দোলন'

১০ সেপ্টেম্বরের বেলা দেড়টা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে কমেডি শো চলছে দেড় ঘণ্টা ধরে। শরীর পুড়িয়ে দেওয়া রোদে দাঁড়িয়ে ছিলেন কয়েক শ শিক্ষার্থী। ক্ষণে ক্ষণে উঠছে হাসির ঢেউ। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা হলেও নড়লেন না কেউ। কমেডি শো শেষ করতেও দিচ্ছিলেন না তাঁরা। শিক্ষার্থীদের দাবি, আরও একটু হাসিয়ে যেতে হবে।
কেবল বিশ্ববিদ্যালয় নয়, মানুষ হাসানোর এই কার্যক্রম চলে শহরজুড়ে। আর হাসানোর কাজটি করেন বিশ্ববিদ্যালয়পড়ুয়া তিন তরুণ—ইয়াকুব রাসেল, ইমরান হোসেন ও কাওসার আহমেদ। তাঁরা সবাই চিটাগাং কমেডি ক্লাবের সঙ্গে যুক্ত। হাসির মাধ্যমে নগরজীবনে সংকটের বোঝা হালকা করাই তাঁদের উদ্দেশ্য।
২০১৪ সালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি আয়োজিত হাসির রিয়েলিটি শো ‘হা-শো’–এর সিজন-১–এর চ্যাম্পিয়ন সাইফুর রহমানের হাত ধরে যাত্রা শুরু চিটাগাং কমেডি ক্লাবের। তবে সাইফুর এখন বেশির ভাগ সময় ঢাকায় থাকেন। এই ক্লাবকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ইয়াকুব রাসেল, ইমরান হোসেন ও কাওসার আহমেদ। এর মধ্যে ইয়াকুব ও ইমরান ‘হা-শো’র সিজন-২–এর সেরা ১০–এ ছিলেন। অন্যদিকে, কাওসার ছিলেন সেরা ১৬–তে।
ইয়াকুব ও কাওসার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ইমরান পড়েন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে। নগরের ব্যস্ততম জায়গায় হাসির খোরাক নিয়ে হাজির হওয়া এই তিন তরুণ গতকাল বুধবার এসেছিলেন প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে। হাসির খুনসুটিতে মাতিয়ে রাখা এই তিন তরুণের কথায় উঠে আসে কী কারণে মানুষকে হাসানোর এই কঠিন কাজ হাতে নিলেন তাঁরা।
তাঁরা জানালেন, প্রথম দিক থেকে প্রতি শুক্রবার শুধু নগরের জনাকীর্ণ জায়গায় কমেডি শো করতেন। ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেওয়া হতো শো কোথায় হবে। তাঁরা তাদের শোটির নাম দিয়েছেন ‘ওপেন মাইক’ নামে। এ পর্যন্ত নগরের বিভিন্ন জায়গায় কমেডি শো করেছেন। তাঁদের সর্বশেষ আয়োজন ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। যে কেউ চাইলে এ শোতে হাজির হয়ে কৌতুকে মজতে পারেন। এ জন্য খরচ হবে না একটা টাকাও।
কেন এমন উদ্যোগ? প্রশ্ন করতেই তিন তরুণ একসুরে বলে উঠলেন, বর্তমান যান্ত্রিক জীবনে মানুষের মনও যান্ত্রিক হয়ে যাচ্ছে দিন দিন। মানুষ ভুলতে বসেছে হাস্যরস। কিন্তু হাসলে মানুষ অনেকটা সুস্থ৵ থাকে। তাই এ কাজ করে যাচ্ছেন তাঁরা।
পাশাপাশি কৌতুক অভিনেতা তৈরি করার মাধ্যমে কৌতুকশিল্পকে সামনে এগিয়ে নেওয়াও তাদের লক্ষ্য। শুধু কি খোলা জায়গায় মানুষকে হাসিয়ে দিন কাটে তাঁদের? মোটেও না। তাঁরা যেন একেকজন মন ভালো করার চিকিৎসক!
যেমন বন্ধুদের মন খারাপের দিনে ডাক পড়ে ইমরান হোসেনের। বন্ধুদের কেউ কষ্টে থাকলে, মন ভার করে থাকলে তাঁর পাশে গিয়ে দাঁড়ান তিনি। আর শেষ পর্যন্ত তাঁদের হাসিয়েই ছাড়েন।
অন্যদিকে, ইয়াকুব আর কাওসার তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানের নিয়মিত চরিত্র। ক্যাম্পাসের সবাই একনামে চেনেন এই হাসির রাজাদের। তাঁরা বলেন, ‘“হা-শো”র সিজন-২–এর আমাদের শোগুলো দেখানো হয়েছিল ২০১৩ সালের শুরুতে। তখন বিশ্ববিদ্যালয়ের হলে হলে দেখেছি আমাদের নিয়ে সে কি উচ্ছ্বাস। আমাদের শো’ আসলেই টিভি কক্ষে সাউন্ড জোরে বাজিয়ে দেওয়া, তুমুল উল্লাসে ফেটে পড়া, সে–কি বাড়াবাড়ি। ক্যাম্পাসে সবাই দারুণ ভালোবাসে। এখন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান হলেই আমাদের নিয়ে যাওয়া হয়। আর গিয়ে হাসিয়ে আসি।’
কাল শুক্রবার বিকেল তিনটায় এই তিন তরুণ মাইক নিয়ে দাঁড়াবেন নগরের দেওয়ানহাট এলাকায়। আবারও হাসির রঙ মিশিয়ে ছুড়ে দেবেন নানা কথা। মনটা যাদের ভার হয়ে আছে এই শোতে যোগ দিয়ে সহজে মন হালকা করে নিতে পারেন তাঁরা।