তিন তর্কযোদ্ধার গল্প

তানভীর, তূর্য ও তন্ময়—বিতার্কিক মহলে পরিচিত ‘থ্রি টি’ নামে। যাঁরা বিতর্কে একটি দল হয়ে থাকলে প্রতিপক্ষ ভালোই দুশ্চিন্তায় পড়ে যায়। ত্রিমুখী যুক্তিবাণ কাটিয়ে উঠতে বেগ পেতে হয়। প্রায় সময়ই তাঁদের ‘বাণে’ কুপোকাত হয় প্রতিপক্ষ। গত ১ অক্টোবর খুলনায় অনুষ্ঠিত আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায়ও তাঁদের কাছে পরাস্ত হন অন্যরা। সেরার মুকুট নিয়ে ফিরেছেন চট্টগ্রামে।
এই তিন বিতার্কিকের পুরো নাম তানভীর আহমেদ, শেখ ফয়জুল ইসলাম তূর্য ও তন্ময় বড়ুয়া। তাঁরা নগরের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় বিতর্ক দলের সদস্য। কারণ বিতর্ক প্রতিযোগিতাগুলোতে সম্প্রতি এই বিতর্ক ত্রয়ীর দলগত নৈপুণ্য। গত ১ অক্টোবর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত টিআইবি-কেডিএস আন্তবিশ্ববিদ্যালয় বিতর্কেও সেরার মুকুট উঠেছে এই তিন বিতার্কিকের সমন্বয়ে গঠিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় বিতর্ক দলের হাতে।
সম্প্রতি এই তিন বিতার্কিকের সঙ্গে কথা হয় প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে। এতে উঠে আসে সাম্প্রতিক বিতর্ক প্রতিযোগিতাগুলোতে তাঁদের অর্জনের কথা। শুরুতেই ১ অক্টোবর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত টিআইবি-কেডিএস আন্তবিশ্ববিদ্যালয় বিতর্কেও সেরা হওয়ার প্রসঙ্গ। এই প্রতিযোগিতায় সারা দেশের ২৮টি বিশ্ববিদ্যালয়ের ৩২টি বিতর্ক দলের সঙ্গে তর্কযুদ্ধ করে বিজয়ী হয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (পিইউডিএস) বিতর্ক দল। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটিকে হারায় পিইউডিএস। জয়লাভ করে ১০-১ ব্যালটের বিশাল ব্যবধানে। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন পিইউডিএসের বিতার্কিক শেখ ফয়জুল ইসলাম।
সেরা হওয়ার পর অনুভূতি কেমন জানতে চাইলে প্রথমেই কথার ঝড় তুললেন তানভীর। তিনি বলেন, ‘বেশ কয়েক বছর ধরেই চট্টগ্রামের বিতর্ক অঙ্গনে প্রিমিয়ারের জয়যাত্রা অব্যাহত রয়েছে। সেই যাত্রা অব্যাহত রাখাটা আমাদের জন্য ছিল চ্যালেঞ্জের। আমার দুই সহবিতার্কিক সেই কাজটা বেশ ভালোভাবেই করে দিয়েছেন। বেশ ভালো লাগছে সবার এত শুভকামনা পেয়ে।’ তানভীরের সঙ্গে যোগ করলেন তন্ময়। তন্ময় বলেন, ‘আমাদের এই অর্জনের পেছনে মূল প্রেরণা বন্ধুত্বের বন্ধন। বয়সের ব্যবধান থাকলেও আমাদের বোঝাপড়া ভালো। এই অর্জনের পর শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা বার্তা আমাদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথে কাজ করবে।’
শেখ ফয়জুল ইসলাম জানান, ২০১৩ সাল থেকে দলবদ্ধ হয়ে লড়ছেন তাঁরা। তখন থেকে শুরু করে এ বছরের অক্টোবর পর্যন্ত তাঁদের দলটি ১০টি বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এর মধ্যে সাফল্য পেয়েছে পাঁচটিতে—চারটিতে চ্যাম্পিয়ন ও একটিতে রানারআপ। বাকি পাঁচটি প্রতিযোগিতায়ও লড়াই করে বিদায় নিয়েছেন কোয়ার্টার কিংবা সেমিফাইনাল পর্ব থেকে। ফয়জুলের মতে, ‘দলগত প্রচেষ্টাই এসব অর্জনের নিয়ামক। প্রেরণা জুগিয়েছেন সাবেক বিতার্কিকেরা।’
নিজেরা বিতর্ক করার পাশাপাশি বিতর্ককে ছড়িয়ে দিতে নিরন্তর কাজ করছেন এই তিন বিতার্কিক। অনুজ বিতার্কিক তৈরি করতে নিয়মিতভাবে করাচ্ছেন কর্মশালা। তাঁদের স্বপ্ন, বিতর্ক অঙ্গনে প্রিমিয়ারের এই জয়পতাকা ধরে রাখবেন অনুজ বিতার্কিকেরাও।