তিন তর্কযোদ্ধার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন বিতার্কিক (বাঁ থেকে) কামরুল হাসান, ইনজামামুল হোসেন ও খালিদ জুহানি l প্রথম আলো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন বিতার্কিক (বাঁ থেকে) কামরুল হাসান, ইনজামামুল হোসেন ও খালিদ জুহানি l প্রথম আলো

ইনজামামুল হোসেন, খালিদ জুহানি ও কামরুল হাসান তিন বন্ধু। পড়েন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এই তিনজনের অন্য আরেকটি মিল আছে তাঁরা তুখোড় বিতার্কিক। সর্বশেষ বিতর্কে হয়েছেন দেশসেরা।

গত ২৬ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় এ তিনজনের সমন্বয়ে গঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দলটি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এ আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। এতে সারা দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় থেকে ৩২টি বিতর্ক সংগঠনের ৯৬ জন তরুণ বিতার্কিক অংশ নেন।

 প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন কামরুল হাসান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ভর্তি হন ২০১৩-১৪ শিক্ষাবর্ষে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে যুক্ত হন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিতে। সেখানে হাতে-কলমে ও ব্যবহারিকভাবে শিক্ষা নেন বিতর্কের। এরপর আটটি বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন তিনি।

কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘৩২টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতা করে নিজের বিশ্ববিদ্যালয়কে শিরোপা এনে দিতে পেরে আমি খুবই আনন্দিত। আমরা চাই দেশের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও বেশি বিতর্কের প্রতি আগ্রহী হয়ে উঠুক।’

দলের আরেক সদস্য ইনজামামুল হোসেনও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরই যুক্ত হন ডিবেটিং সোসাইটিতে। এরপর থেকে অংশগ্রহণ করেন ২৫টি প্রতিযোগিতায়।

ইনজামামও স্বপ্ন দেখেন বিতর্ক নিয়ে কিছু করার। তাঁর ইচ্ছা চট্টগ্রামের স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বিতর্কের ভিত শক্ত করা। তিনি বলেন, ঢাকায় স্কুল, কলেজের শিক্ষার্থীরা বিতর্কের যে প্রশিক্ষণ পায়, তা চট্টগ্রামে কম।

এবার আসি খালিদ জুহানের কথায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তিনি। এ পর্যন্ত ১০টিরও বেশি বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন।

বিতর্ক বিষয়ে খালিদ জুহান বলেন, ‘বিতর্ক যুক্তির মাধ্যমে মানুষকে বুঝতে শেখায়। নিজের মধ্যে থাকা নানা দ্বিধা যুক্তির মাধ্যমে অপসারণে সহায়তা করে।’