তিন তারকার গান
রংধনু কেন ভালো লাগে, নিশীতার? নীলাকাশ কিংবা মেঘে ঢাকা চাঁদ? আচ্ছা! সন্দীপনের সোনাবন্ধুটা কে? যার জন্য তিনি এত দেওয়ানা?মঞ্চে ওঠার আগেই সন্দীপন নিশীতাকে নিয়ে কথার খুনসুটি চলে দর্শকদের মধ্যে। ছোটখাটো আজব কারবার। তখনই মঞ্চে ডাক পড়ল নিশীতার। তিনি শুরু করলেন সাড়া জাগানো সেই গান দিয়ে—‘রংধনু ভালো লাগে’ আর জেগে উঠল মিলনায়তন। পরপর তিনটি গান করলেন নিশীতা—‘যাও পাখি’, ‘দিনবাড়ি যায়’ গানগুলো শুনে যেন বাড়ি যাওয়ার কথা ভুলে যান দর্শকেরা। সন্দীপন চট্টগ্রামের আঞ্চলিক গান গেয়ে দারুণ খ্যাতি পেলেও মার্গ সংগীতে তাঁর শিক্ষাটা অনেক গভীর। শচীন কর্তার গান—‘যেতে যেতে পথে হলো’ গেয়ে সুরের মায়ায় আচ্ছন্ন করে ফেলেন সবাইকে। এরপর চট্টগ্রামের ভাষা ও গান নিয়ে ভালোবাসার কথা বললেন। ‘মধু হই হই বিষ হাবাইলা...’ গানটি মূলত কক্সবাজার এলাকায় গাওয়া হতো। কুড়িয়ে পাওয়া সেই গান কণ্ঠে ধরে আজ পৌঁছে দিয়েছেন দেশ-বিদেশের আনাচে-কানাচে। সেই গানের পর ‘সোনাবন্ধু...’ গেয়ে আসর মাত করেন তিনি। শেষে নিশীতাকে মঞ্চে ডেকে নিলেন সন্দীপন। দুজনই চট্টগ্রামের শিল্পী, আর দ্বৈত আঞ্চলিক গান হবে না তা কি হয়? তাইতো শোনালেন ‘যদি সুন্দর একখান মুখ পাইতাম...।’ সেই সুরে ভেসে যায় অগুনতি সুন্দর মুখ...। দর্শকদের জন্য চমক ছিল আরও—অভিনেত্রী অপি করিম পুরোদস্তুর সংগীতশিল্পী হয়ে উঠলেন। অপূর্ব কণ্ঠে ‘সখা সাধিতে...’ গানটি গেয়ে সবাইকে চমকে দিলেন। তিন তারকার গানে মন রাঙালেন সবাই।