পরিচিত হোন— এমন তিন দরদি মানুষের সঙ্গে, যাঁরা নিরন্ন মানুষকে বিনা পয়সায় ইফতার করান প্রতি রোজায়। ব্যক্তিগত স্বার্থ বা খ্যাতির লোভে নয়। শুধু অন্তরের তাড়না থেকেই তাঁরা করে যাচ্ছেন এই কাজ।সেবার ব্রতনাসির উদ্দিন হায়দার, চট্টগ্রামআকাশে মিটিমিটি তারা দেখে একবিন্দু হাসি ফোটে জোবেদা খাতুনের ঠোঁটে। ছোটবেলায় মায়ের মুখে শোনা কথাটাকে আরেকবার আত্মস্থ করেন জোবেদা, ‘যেদিন আকাশে তারা দেখা যাবে, সেদিন বৃষ্টি হবে না।’ আজ তাহলে বৃষ্টির ভয় নেই।রাজ্যের ঘুম নামে জোবেদার দুই চোখে, কিন্তু সেহিরর আগ পর্যন্ত ঘুমানো যাবে না। সাইরেন বাজলেই হাঁটা দিতে হবে। পেটভরে খেয়ে তারপর ঘুম।সুখের জাবর কাটতে কাটতে কোন ফাঁকে ঘুমে তলিয়ে যান জোবেদা। কপালে বৃষ্টির বড় ফোঁটা পড়লে ধড়মড় করে উঠে বসেন। তারপর দ্রুত ফুটপাতের বিছানা গোটান, লাঠিতে ভর দিয়ে হাঁটা শুরু করেন।নিউমার্কেট থেকে আলকরণ এক-দেড় কিলোমিটারের দূরত্ব পার হতে সময় লাগে না খুব। আলকরণের সেই বাড়িটার প্রতিটি ইট-কাঠও যেন চেনা তাঁর। ভাদ্রের হঠাৎ বৃষ্টিতে পরনের ছেঁড়া কাপড়টা ভিজে গেছে। তাতে ভ্রুক্ষেপ নেই জোবেদার। সারি করে বিছানো ত্রিপলে বসে যান তিনি। চনার ডালের সঙ্গে গরুর মাংস। সঙ্গে একপদ সবজি। বাসন উপচে পড়েছে ভাত। দেখে চোখেমুখে আনন্দের ঝিলিক। খুব তৃপ্তির সঙ্গে সেহির খেলেন জোবেদা।রমজানের ৩০ দিন জোবেদার মতো শত শত ছিন্নমূল মানুষের আনাগোনা থাকে চট্টগ্রাম শহরের আলকরণ কাজী নজরুল ইসলাম সড়কের ওয়ারেছ টাওয়ারে। ছিন্নমূল অসহায় মানুষের জন্য বাড়িটির দরজা সব সময় খোলা। তাদের সেহির ও ইফতারি খাওয়ান এই বাড়ির মালিক সৈয়দ হাসান ওয়ারেছ।মধ্যরাতের আয়োজনরাত দুইটা থেকে সেহির খেতে ভিড় করে মানুষ। আড়াইটা-পৌনে তিনটায় খাওয়ানো শুরু হয়, চলে সেহিরর শেষ সময় পর্যন্ত। কাউকেই ফেরানো হয় না।১৩-১৪ বছর ধরে বিনা পয়সায় গরিব লোকজনকে খাওয়ানোর এই এলাহি আয়োজন চলছে প্রবাসী সৈয়দ হাসান ওয়ারেছের বাড়িতে। রমজানের ১০-১৫ দিন আগে যত কাজই থাকুক, কুয়েত থেকে চলে আসেন হাসান। শুধু এই খাওয়াদাওয়া তদারক করার জন্যই।প্রতিদিন কত মানুষ খাওয়ানো হয়?—এ প্রশ্নের জবাবে কাজের তত্ত্বাবধানকারী সৈয়দ মোহাম্মদ মামুন বলেন, রমজানের শুরুতে সেহিরতে ৪০০ থেকে ৬০০, ইফতারে ৫০০ থেকে ৮০০ পর্যন্ত লোক হয়। ‘সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে মানুষের সংখ্যাও। শেষ দিকে ইফতার ও সেহিরর সময় মানুষের সংখ্যা হাজার অতিক্রম করে।‘এত মানুষকে সামলানোর জন্য ১৫-১৬ জন কর্মী আছেন। আমরা বাবুর্চি আছি পাঁচজন।’ যোগ করেন বাবুর্চি মোহাম্মদ নাছির ও মোহাম্মদ হোসেন।প্রধান বাবুর্চি মো. আমিরুল হক জানান, সেহিরতে পালা করে মাছ, গরু, মুরগির মাংস ও ডিম দেওয়া হয়। সঙ্গে থাকে একপদ সবজি। ফিশারি ঘাট থেকে ৭৫-৮০ কেজি মাছ কেনা হয়। গরুর মাংস লাগে ৪০-৪৫ কেজি। মুরগি কেনা হয় ৮০-৮৫টি। আর ইফতারের জন্য প্রতিদিন ছোলা লাগে ১২০-১৫০ কেজি, খেসারি ৭০-৮০ কেজি। এ ছাড়াও দেওয়া হয় পেঁয়াজু, খেজুর, জিলাপি, বেগুন ও কলা।তাঁহাদের কথাগরিব উল্লাহ শাহ মাজার এলাকায় ভিক্ষা করেন পঙ্গু সাহাব উদ্দিন (৪০)। সঙ্গী আবদুল কুদ্দুসকে (৭০) নিয়ে প্রথমবারের মতো সেহির খেতে এসেছেন তিনি। বললেন তাঁরা, ‘এত ভালো সেহির খেতে হলে একবেলায় ৭০-৮০ টাকা লাগবে। চিন্তা করছি, এখন থেকে এই বাড়ির আশপাশেই ভিক্ষা করব। ইফতারি ও সেহির খাব এখানে।’ মো. শহীদ (৪৮) অবশ্য আট বছর ধরে এই বাড়িতে ইফতারি ও সেহির খান। তিনি আছদগঞ্জে ঠেলা চালান। গ্রামের বাড়ি পাবনায়। শহীদ বলেন, ‘আমরা গরিব মানুষ। এত ভালো খাবার জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব নয়। বাড়িতে বউ-পোলাপানের জন্য টাকা পাঠাতে হয়। এই রমজানে আমার খাওয়াদাওয়ার আড়াই হাজার টাকা বেঁচে যাবে। সেই টাকায় বৌয়ের জন্য শাড়ি কিনব। ছেলেমেয়েদের জন্য জামাকাপড় কিনতে পারব।’ছখিনা বেগম (২৫) দুই বছরের শিশুকে নিয়ে সেহির খেতে এসেছিলেন। ১০ বছর ধরে এখানে খান তিনি। ছখিনার স্বামী ময়মনসিংহের গৌরীপুরে রিকশা চালান। ছখিনা থাকেন আলকরণ ২ নম্বর গলিতে। পরের বাড়িতে ঝিয়ের কাজ করেন। বললেন, ‘আমাদের মতো গরিব মানুষের জন্য আল্লাহ তারে পাডাইছে। তারে দোয়া করি অন্তর থেকে।’ফিরিঙ্গিবাজার এলাকার ফুটপাতে থাকেন ফাতেমা বেগম। দুই মেয়ে শারমিন আর পারভিনকে নিয়ে এসেছেন। তিন বছর ধরে এখানে ইফতার করেন নূরবানু। আগে সেহিরও খেতেন। ঠিকঠাক চোখে দেখেন না বলে এখন আর সেহিরর সময় আসতে পারেন না। ভিড়ের মধ্যে আছেন এমন আরও অনেকে।পত্রিকায় কেন লিখবেন?১৬ আগস্ট সন্ধ্য ছয়টা। নানা বয়সী মানুষের মিছিল ওয়ারেছ ভবন ঘিরে। কর্মীরা সবাইকে সারিবদ্ধভাবে বসিয়ে দিচ্ছেন। বড় বড় ডেকচির পাশে চেয়ার নিয়ে ইফতারি খাওয়ানো তদারক করছিলেন সৈয়দ হাসান ওয়ারেছ। পত্রিকার লোক শুনে একজনকে নির্দেশ দিলেন ইফতারি দেওয়ার জন্য। জাকির হোসেন হাত ধরে নিয়ে গিয়ে বসালেন খালি একটি খাটে। বললেন, ‘আপনি আমাদের সঙ্গে খাবেন। কিছু মনে করবেন না, এখানে সবাই সমান। কারও জন্য আলাদা ব্যবস্থা নেই।’‘আপনার কথা, মানুষকে খাওয়ানোর কথা পত্রিকায় লিখতে চাই।’ কথাটা বলতেই একটু যেন অসন্তুষ্ট হাসান ওয়ারেছ। বললেন, ‘আমি তো প্রচারের জন্য কিছু করছি না, পত্রিকায় কেন লিখবেন?’ ভালো কাজের কথা মানুষকে জানাতে হবে। এতে আরও পাঁচজন ভালো কাজে উত্সাহী হবে—কথাটা মনে করিয়ে দিলে একটু নমনীয় হলেন হাসান। কিন্তু অটল রইলেন নিজের যুক্তিতে। ‘ভালো কাজ করার ইচ্ছেটা একান্তই নিজের, এটা ভেতর থেকে আসতে হয়। বলেকয়ে কাউকে মানবতা শেখানো কঠিন।’ বললেন হাসান ওয়ারেছ। স্বপ্নের সিঁড়িগ্রামের ঘরে ঘরে কলেরা। প্রতিদিন মরছে মানুষ। সৈয়দ হাসান ওয়ারেছের ভাই ইব্রাহীমও মারা গেলেন। ভাইয়ের মৃত্যুতে শোকে কাতর হলেন ওয়ারেছ। ঘটনাটি ১৯৪৭ সালের। ছোট্ট ওয়ারেছ সেদিন মনে মনে শপথ নিলেন, ‘জীবনে কখনো অর্থবিত্তের মালিক হলে গ্রামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করব।’জীবনে সফল হয়েছেন হাসান ওয়ারেছ, সত্য হয়েছে তাঁর স্বপ্ন। ১৯৯৭ সালে তিনি সৈয়দপুরে প্রতিষ্ঠা করেন ২০ শয্যাবিশিষ্ট বঙ্গবন্ধু স্মৃতি হাসপাতাল। ঢাকা ও চট্টগ্রামে দুটি ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠা করেন। গরিবদের উন্নত শিক্ষার সুযোগ সৃষ্টির জন্য নিজের গ্রামে প্রতিষ্ঠা করেন হাসান-শাহীনুর একাডেমী ও টেকনিক্যাল ইনস্টিটিউট।হাসান ওয়ারেছের জন্ম ১৯৩৬ সালে, বোয়ালখালীর পোপাদিয়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে। বাবা সৈয়দ আবুদল ওয়ারেছ ছিলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। টানাপোড়েনের সংসার। চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ার পর অভাবের কারণে স্কুল ছাড়তে হয়। ১৯৫৪ সালে ১৮ বছর বয়সে জীবিকার তাগিদে বাবার সঙ্গে পানির জাহাজে চড়ে পাকিস্তানের করাচিতে পাড়ি জমান ওয়ারেছ। বাবা সেদিন ছেলেকে দোয়া করে বলেছিলেন, ‘মানুষের সেবা করলে একদিন সোনার পালঙ্কে ঘুমাতে পারবি।’ হাসান বাবার কথা ভোলেননি এক মুহূর্তের জন্যও।কাজের ফাঁকে করাচি পলিটেকনিক থেকে প্রকৌশল ডিগ্রি নিয়ে চাকরিতে যোগ দেন। ১৯৫৮ সালে পাকিস্তান থেকে চলে যান কুয়েতে। সাত বছর একটি গ্যারেজে কাজ করার পর মালিক সন্তুষ্ট হয়ে তাঁর হাতে কিছু কুয়েতি দিনার গুঁজে দেন। বলেন, ‘এবার নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো।’ সেখানে তিনি বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা করেন, গড়ে তোলেন নিজের প্রতিষ্ঠান ‘আল-সামানি অ্যান্ড ওয়ারেছ’। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।মুক্তিযুদ্ধের সময় কুয়েতে যে বাংলাদেশ অ্যাকশন কমিটি গঠিত হয়, হাসান ওয়ারেছ ছিলেন সেই কমিটির চেয়ারম্যান। মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ সংগ্রহ করে পাঠাত ওই কমিটি।নগর বাইশ মহল্লা সর্দার ও আলকরণের বাসিন্দা ইউসুফ সর্দার বলেন, ‘সৈয়দ হাসান ওয়ারেছ প্রতিবছর রমজান মাসে কম করে হলেও ২০-৩০ হাজার মানুষকে বিনা পয়সায় দুই বেলা খাওয়ান। এমন দিলদরিয়া মানুষ এখন দেখা যায় না।’কালিম নানার ইফতারিমাহফুজ রহমানরামপুরা রোডের হাজি পেট্রলপাম্প। ঠিক তার বিপরীতে ‘ঢাকা সিটি মোটর ইলেকট্রিক ওয়ার্কস’ নামের একটি গাড়ি মেরামতখানা। কিন্তু দোকানটির সামনে গিয়ে ধোঁকাই খেতে হয়! গাড়ি মেরামতের বদলে উল্টো এখন দোকানটাই মেরামত হচ্ছে।চিন্তার কথা, মোহাম্মদ কালিমের তো মুঠোফোনও নেই, তাঁর দেখা পাই কী করে! ফুটপাতে এক বাচ্চা ছেলে কাগজ কুড়াচ্ছিল। তাকে ডেকে বলি, ‘কালিম ভাই কোথায় বসেন, জানো?’ কালোমতো ছেলেটার দাঁতগুলো ভারি ঝকঝকে, তা ওর হাসি দেখেই বোঝা যায়। বলে, ‘আরে, নানাভাইয়ের কথা জিগান। আসেন আসেন, হ্যায় তো এহন এট্টু ভিতের ঢুইকা গেছে।’ বলতে বলতে ছেলেটা একটা গলির ভেতর ঢুকে পড়ে। আর গলির মাথায় দাঁড়াতে না-দাঁড়াতেই বোঝা যায় মোহাম্মদ কালিমের উপস্থিতি।ছেলেপুলেদের কাছে খুব প্রিয় একটি নাম মোহাম্মদ কালিম। বিশেষ করে রমজান মাসে। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে রাস্তার ছেলেপুলে ও গরিব-মিসকিনদের ইফতার করিয়ে আসছেন এই ভদ্রলোক। বেশ কয়েক বছর আগে প্রথম আলোতেই ছবি ছাপা হয়েছিল তাঁর। সেই ছবির সঙ্গে পার্থক্য গড়েছে শুধু একটা চশমা! নাকের ডগার বদলে কপালেই ওটার ঠাঁই হয়েছে আপাতত।একদঙ্গল ছেলেপুলে ঘিরে ধরে আছে তাঁকে। বিশাল এক প্লাস্টিকের গামলায় ইফতারের বিভিন্ন উপকরণ নিয়ে বসেছেন তিনি। আর কিছুক্ষণ পরই মাগরিবের আজান। আগত অতিথি, মানে কালিম নানার নাতি-নাতকুররা অধীর আগ্রহে তাকিয়ে আছে তাঁর দিকে। মাঝেমধ্যে হয়তো এ ওকে খোঁচা মারছে, টেনে ধরছে কারও চুল কিংবা সামনে ধাক্কা মারছে। আর মোহাম্মদ কালিম একটা রাম ধমক হাঁকছেন, ‘ওয়, খবরদার কইলাম, ইতরামি করবি না!’ কে শোনে কার কথা, ছেলেপুলেরা দুষ্টমি চালিয়েই যায়!‘একা একা ইফতার করতে তো ভালো লাগে না। ৪০ বছরের মতো হইতাছে এই পোলাপানগো লইয়া ইফতার করি। এইটার মধ্যে একটা আনন্দ আছে। দিনে সর্বোচ্চ ৬৫-৭০ জনরে নিয়া ইফতার করছি। কোনো কোনো দিন দেখা গেছে, ইফতারি বিলির পর নিজের জন্যই কিছু নাই! রমজান মাসের শেষ দিকে সবচেয়ে বেশি মানুষ আসে আমার এইখানে।’ ইফতার মাখাতে মাখাতে বলছিলেন মোহাম্মদ কালিম। ১৯৫০ সালে ঢাকা মেডিকেলে জন্ম তাঁর। মুক্তিযুদ্ধের আগে মৌচাক মার্কেটে এক দোকানে গাড়ি মেরামতের কাজ শুরু করেছিলেন। সেই দোকানের মালিক ছিলেন শাহজাদা নামের এক ভদ্রলোক। কালিম বলছিলেন, ‘শাহজাদা ওস্তাদের কাছেই এই শিক্ষা পাইছিলাম। তিনিও প্রতি রমজানে এইভাবে পোলাপান আর পথচারীদের ইফতার করাইতেন। তারপর ১৯৭২ সালে নিজেই এইখানে দোকান দিলাম। আমি শুধু গাড়িই মেরামত করি না, পোলাপানগো রমজান মাসে ইফতারও করাই ওস্তাদের দেওয়া শিক্ষা থাইকা।’রমজান মাস এলেই কালিম নানা ইফতার করান। এ খবর কেমন করে যেন রামপুরা রোডের বাচ্চারা টের পেয়ে যায়। এর-ওর কান হয়ে আশপাশের অনেক এলাকার ছেলেপুলেরাও তাই জুটে যায় ইফতারি নেওয়ার সারিতে। তাদের সংখ্যাটা যত বড়ই হোক, কেউই কোনো দিন খালি হাতে ফেরেনি মোহাম্মদ কালিমের কাছে এসে। প্রায় ৪০ বছর ধরে ইফতার করিয়ে আসছেন তিনি। আর তাঁর স্ত্রী শাহিদা বেগমও ইফতারি বানিয়ে যাচ্ছেন তখন থেকেই। কালিম বলছিলেন, ‘এত দিন ধইরা ইফতার করাইতাছি, এর পেছনে কিন্তু শুধু আমারই হাত নাই, আমার বিবিও বিনা প্রতিবাদে ঘরে বইসা এই পোলাপানগো লাইগা ইফতারি বানাইতাছেন। আসলে আমার পরিবারের সবাই এই ব্যাপারটায় খুব আনন্দ পায়। আমার চার ছেলে, এক মেয়ে। বড় ছেলেটা অবশ্য এই বছরের পয়লা তারিখে একটা দুর্ঘটনায় আমাদের কাছ থেইকা বিদায় নিছে...।’ ১৯৫০ সালে জন্ম নেওয়া মোহাম্মদ কালিমের গলা ধরে আসে। ডায়াবেটিস বাদে তেমন কোনো বড় রোগ নেই শরীরে। তবে চোখ দিয়ে আজকাল অকারণেই পানি ঝরে। ছেলের কথা বলতে একটু বেশিই পানি ঝরে এবার। তবে বাকি যে বড় দুই ছেলে আছে, তারা অবশ্য এই কাজে বেশ আগ্রহী। ‘ওরাও প্রতিদিন থাকে আমার লগে। আমি যখন থাকুম না, তখন নিশ্চয়ই ওরা এই কাজ চালায়া যাইব। মজার বিষয় হইল, আমি মনে করেন তিন প্রজন্মরে ইফতারি দিয়া আসতাছি। ধরেন এখনো অনেক পোলাপানের দেখা পাই, যাগো দাদাও আমার এইখানে আইসা ইফতার করছে। তার পুতে করছে, আর এখন করতাছে তার নাতি! এইখানেই সব আনন্দ। প্রচারের জন্য এই কাজ করি না, মনের আনন্দেই করি। তবু মাঝেমধ্যে অনেকে আইসা বলে—আরে কালিম ভাই, আপনার এইখানে তো আমিও ইফতার করছি! এখনো করাইতাছেন! আপনি পারেনও।’কথা বলতে বলতে মাগরিবের আজানের সময় ঘনিয়ে আসছিল। ছোলা, বেগুনি, পেঁয়াজু, ঘুগনি, ধনেপাতা, পেঁয়াজ কুচি আর আচার—সবকিছু মিলিয়ে চমত্কার ঘ্রাণ ছড়িয়ে পড়ছিল চারপাশে। সেই ঘ্রাণের টানেই কি না, ছেলেপুলেদের ভিড় বাড়ছিল একটু একটু করে! সবার মুখেই একচিলতে হাসি। সেই দলের একজন লিপি বলল, ‘নানারে খুব ভালা পাই আমরা। আর সবার কাছে গিয়া ধন্না দিতে হয়। কালিম নানার কাছে আইলেই হাসিমুখে ইফতারি দেয়। আমরা সবাই তাঁর লাইগা অনেক দোয়া করি।’ওস্তাদের শিক্ষা মো. কামরুজ্জামান, ময়মনসিংহআসরের নামাজের পর ধীরে ধীরে লোকজন জড়ো হতে থাকে দোকানঘরটায়। প্রতিদিনের মতো দোকানমালিকের বাসা থেকে তৈরি করে পাঠানো ইফতারসামগ্রী নিজেদের মতো করে তাঁরা গুছিয়ে নিচ্ছেন। কেউ পেঁয়াজ-মরিচ কাটাকাটি, কেউ বা বসার ব্যবস্থা করতে চট বিছানোয় ব্যস্ত। আর কেউ বা গ্লাস-থালা ধোয়ার কাজটি নিজ উদ্যোগেই সেরে নিচ্ছেন। দেখতে দেখতে কখন যে সময় গড়িয়ে সন্ধ্যায় মাগরিবের আজানের সময় হয়ে যায়, তা টেরই পাওয়া যায়নি। এরই মধ্যে সবাই ছোলা, মুড়ি, খেজুর, ভাজি-বড়াসহ ইফতারসামগ্রী নিয়ে চারপাশে গোল হয়ে বসে যান আজানের অপেক্ষায়।কিছুক্ষণের মধ্যেই আজানের শব্দ শুনে সবাই একত্রে ইফতারি খাওয়া শুরু করেন। খাওয়া শেষে আবার সবাই মিলে সবকিছু ধুয়ে-মুছে নিজ কাজে ফিরে যান।ইফতারের এমন আয়োজনে নিয়মিত অংশ নেন আশপাশের দোকানমালিক-কর্মচারী, পরিবহনশ্রমিক-চালক, পথচারী, হতদরিদ্র মানুষসহ দূরপাল্লার থামা বাস-ট্রাকের যাত্রী। আর এ দৃশ্য ১৫-১৬ বছর ধরে নিয়মিত দেখা যায় ময়মনসিংহের ভালুকা উপজেলার পুরোনো বাসস্ট্যান্ড এলাকার মোটর গাড়ির যন্ত্রাংশের দোকান মা মোটর্সে। মা মোটর্স ও পাশের দোকান মায়ের দোয়া ডিজেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক মো. আলীমুদ্দিন ওরফে আলী মিস্ত্রি প্রতিবারের মতো এবারও রমজান মাসের শুরু থেকে ইফতারির এমন আয়োজন করছেন পুরোপুরি নিজের খরচে। তাঁর স্ত্রী আসমা আক্তার তাঁকে সহায়তা করেন সব দিক থেকে।সদা হাসি-খুশি সদালাপি আলী মিস্ত্রি সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের কাউন্দিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ১০ ছেলেমেয়ের মধ্যে চতুর্থ। বড় সংসারে চঞ্চল আলীমুদ্দিন পঞ্চম শ্রেণীর পাঠ শেষ না করেই মোটর মেকানিকের কাজ শিখতে মিরপুরের আমিনবাজারের কালা মিয়া মিস্ত্রির গ্যারেজে যোগ দেন। পরে দীর্ঘদিন বগুড়া জেলার চৌরাস্তা ভবের বাজারের বিমল কান্তি বড়ুয়ার কাছে কাজ শেখেন। ১৯৮৯ সালে তিনি ভালুকায় এসে কাদির ওয়ার্কশপ থেকে মোটর মেকানিকের কাজ শুরু করেন। পরের বছর ঘর ভাড়া নিয়ে মায়ের দোয়া ডিজেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চালু করেন। ১৯৯৩ সালে মা মোটর্স নামের মোটর গাড়ির যন্ত্রাংশের দোকান চালু করেন।১৭ আগস্ট সন্ধ্যায় মা মোটর্সে ইফতারপর্বে অংশ নেওয়ার সময় দেখা যায়, বিভিন্ন শ্রেণীর ২৫-৩০ জন লোক ইফতারির প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকেই বেশ কয়েক বছর ধরে এখানে ইফতার করতে চলে আসেন। ইফতার করতে আসা গাড়ির মিস্ত্রি মো. আ. করিম জানান, ‘৯-১০ বছর ধরে এখানে ইফতার করে এমন অভ্যাস হয়েছে যে অন্য কোথাও ইফতার করতে এখন আর ভালোই লাগে না। আলী ভাইয়ের এমন আয়োজনে আমরাও মাঝেমধ্যে নিজেদের পছন্দমতো কিছু কিনে এনেও ইফতারে বসি।’ নেত্রকোনাগামী ট্রাকের চালক ইব্রাহীম মিয়া বলেন, ‘কার রিজিক যে কই থাহে, তা আমাদের কারওই জানা নেই।’ পাশের মনিহারি দোকানদার আ. মান্নান বলেন, অনেকে একসঙ্গে ইফতার করার আনন্দই আলাদা। গাড়িচালকের সহযোগী ছোট ইমরান জানালেন, ‘সারা দিন রোজা থাহার পর ভালাই লাগে ইফতার করতে। মাঝেমধ্যে এহানে আহি।’মো. আলীমুদ্দিন ওরফে আলী মিস্ত্রি জানান, ‘ছোটবেলা থেকে অনেক কষ্টে বড় হয়েছি। আমার কাছে মা অনেক বড়। মায়ের দোয়ায় ওপরওয়ালার দয়ায় বর্তমানে আমি স্ত্রী, ছেলেমেয়ে নিয়ে অনেক ভালো আছি। কোনো বিশেষ কারণে ইফতার আয়োজন করি না। এমনিতেই আয়োজন করতে ভালো লাগে। আর এ কাজে আমার স্ত্রী আমাকে সহযোগিতা করেন। মাঝেমধ্যে খেজুর, জিলাপি ও ফল বাহির থেকে কিনে আনি। ইফতার আয়োজনের এ শিক্ষা ও অনুপ্রেরণা পেয়েছি সেই ছোটবেলায় ওস্তাদের কাছ থেকে। ওস্তাদকে দেখতাম গ্যারেজে আমাদের সবাইকে নিয়ে অনেক বড় আয়োজন করে আনন্দে ইফতার করতে।’