তিন দিন ধরে নানা আয়োজনে মেতে ছিল কক্সবাজারের রাখাইনপল্লিগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাঙ্গ হলো মিলনমেলা। তিন দিন ধরে নানা আয়োজনে মেতে ছিল কক্সবাজারের রাখাইনপল্লিগুলো। নেচে-গেয়ে গায়ে জল ছিটিয়ে উদ্যাপন করা হয় এবারের সাংগ্রাই উৎসব। গত শনিবার ছিল উৎসবের শেষ দিন।

পবিত্রজলে সিক্ত হয়ে তরুণ-তরুণীরা আগামী বছরের জলকেলি উৎসবে পুনরায় মিলিত হওয়ার অঙ্গীকার করেন। অনেকের চোখে ছিল বিদায়ের জল। তাঁদের সঙ্গে মহাআনন্দে জলকেলি উৎসব উপভোগ করেন বিদেশি পর্যটকেরাও।

১৭ এপ্রিল থেকে শহরের টেকপাড়া, বড়বাজার, বার্মিজ স্কুল সড়ক, বৌদ্ধ মন্দির সড়কসহ জেলার টেকনাফ, উখিয়া, মহেশখালী, রামু, চৌফলদণ্ডী, চকরিয়া, হারবাং এলাকার অন্তত ৪০টি মণ্ডপে জলকেলি উৎসব শুরু হয়। জলকেলির পাশাপাশি ঘরে ঘরে চলে খাবার পরিবেশন, বুদ্ধপূজা ও বৌদ্ধবিহারে মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা।

কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যাথিং অং বলেন, বাংলা নববর্ষের (১৪ এপ্রিল) তিন দিন পর অর্থাৎ ১৭ এপ্রিল থেকে রাখাইন অব্দ শুরু। তাই রাখাইনরা ১৩৭৫ অব্দকে বিদায় দিয়ে নতুন ১৩৭৬-কে বরণ করে নিতেই মূলত এই সাংগ্রাং পোয়ে উৎসব।

গত ১৮ এপ্রিল দুপুরে শহরের টেকপাড়া, বড়বাজার, বৌদ্ধমন্দির সড়ক ও বার্মিজ স্কুল এলাকার কয়েকটি মণ্ডপ ঘুরে দেখা গেছে, রাখাইন তরুণীরা ঐতিহ্যবাহী পোশাকে (থামি-ব্লাউজ) সেজে তরুণদের জন্য মণ্ডপে অপেক্ষা করছেন। বিভিন্ন পল্লি থেকে নাচ-গান আর ঢাকঢোল বাজিয়ে আনন্দ-উল্লাসে তরুণেরা মণ্ডপে প্রবেশ করছেন এবং অপেক্ষমাণ তরুণীদের সামনে গিয়ে পছন্দের একজনকে (তরুণী) বেছে নিয়ে জলকেলিতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছেন। তরুণীর পছন্দ হলে দাঁড়িয়ে জল ছুড়ে ওই তরুণের ডাকে সাড়া দেন। এভাবে দীর্ঘক্ষণ চলে জল ছিটানো। এবার বেশ কয়েকজন বিদেশি নারী পর্যটককে রাখাইন তরুণীদের পোশাক পরে জলকেলিতে অংশ নিতে দেখা গেছে।

রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতা উ মং ছেন হ্লা বলেন, আনন্দ করতে তরুণ-তরুণীরা জলকেলিতে অংশ নেয়। কিন্তু এর অর্থ বিয়ের জন্য পাত্রপাত্রী নির্বাচন নয়। তবে আনন্দ করতে গিয়ে অনেকে ধর্মীয় রীতির বাইরের অনেক কিছু করে ফেলেন। যা নিয়ে অন্য সম্প্রদায়ের মানুষের মধ্যে ভুলবোঝাবুঝির সৃষ্টি হয়।