তিন দিনব্যাপী আবাসন মেলার শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পরিবেশবান্ধব স্বপ্নিল আবাসন’ স্লোগানে আজ থেকে চট্টগ্রাম ক্লাবে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আবাসন মেলা। এর উদ্বোধন করবেন জাতীয় গৃহায়ণ ও গণপূর্তবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফজলে করিম চৌধুরী।রিহ্যাব চট্টগ্রাম চ্যাপ্টার সূত্রে জানা যায়, এবারের মেলায় অংশ নিচ্ছে ৯৪টি ডেভেলপার ও রিয়েল এস্টেট প্রতিষ্ঠান। বরাবরের মতো এবারও আকর্ষণীয় প্লট, ফ্ল্যাট নিয়ে হাজির হচ্ছে প্রতিষ্ঠানগুলো। মেলা উপলক্ষে আরএফ বিল্ডার্স লিমিটেড সুদমুক্ত দীর্ঘমেয়াদি কিস্তিতে মাত্র ৫০ হাজার টাকায় কক্সবাজারে নির্মীয়মাণ ওয়ার্ল্ড ভিউ রিসোর্টে অ্যাপার্টমেন্ট বুকিং দিচ্ছে। নাইট ফ্রেঙ্ক ডেভেলপমেন্ট লিমিটেড ও কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডিং প্রোডাক্টস লিমিটেড বুকিং দিলেই ক্রেতাদের উপহার দিচ্ছে গাড়ি। সাফ হোল্ডিং লিমিটেড নগরের বিভিন্ন জায়গায় নির্মীয়মাণ ছয়টি আকর্ষণীয় প্রকল্প নিয়ে হাজির হচ্ছে মেলায়। সানমার প্রপার্টিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এসআই খসরু প্রথম আলোকে জানান, ‘এবারের মেলায় পরিবেশবান্ধব আধুনিক ১৬টি নির্মীয়মাণ প্রকল্প নিয়ে আমরা মেলায় অংশ নিচ্ছি।’ বিটিআইএর জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, ‘মেলা উপলক্ষে কনফার্ম বুকিং দিলে উপহার হিসেবে ডায়মন্ড রিং এবং রেডি ফ্ল্যাট বুকিংয়ের জন্য থাকছে বিশেষ ছাড়।’সুবসতি প্রপার্টিজ লিমিটেডের বিপণন বিভাগের প্রধান মো. রিজওয়ানুল হক প্রথম আলোকে বলেন, ‘আবাসন শিল্পের বিকাশে রিহ্যাব মেলার গুরুত্ব অনেক বেশি। এখানে অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠান রিহ্যাবের সদস্য বলে এ মেলার প্রতি গ্রাহকের আগ্রহ বেশি থাকে। আমরা নগরের বিভিন্ন প্রকল্পে মেলা চলাকালীন বিশেষ ছাড়ে দোকান, কমার্শিয়াল স্পেস ও ফ্ল্যাট বিক্রি করব।’ এ ছাড়া টেকনো বিল্ডার্স লিমিটেড মেলা উপলক্ষে প্রতি ফ্ল্যাটের বুকিংয়ে দুলাখ টাকা ছাড় দিচ্ছে। রিহ্যাব চট্টগ্রাম চ্যাপ্টার সভাপতি মেজর (অব.) জামশেদ হাসান জানান, মেলা উপলক্ষে বেশ কিছু রিহ্যাব সদস্য ১০-২০ শতাংশ ছাড় দিয়ে প্লট বা ফ্ল্যাট বুকিংয়ের সুবিধা দেবে। ৩০ জানুয়ারি পর্যন্ত এ মেলা চলবে। ৩১ জানুয়ারি মেলার সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুস সালাম।