তিন দিনব্যাপী জাতীয় কৃষি (প্রাণিসম্পদ ও মৎস্য) প্রযুক্তি ও ফলদ বৃক্ষমেলা পটিয়া ডাকবাংলো প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। মেলার স্লোগান ছিল ‘দেশি ফলে বেশি পুষ্টি, অর্থ খাদ্যে পাই তুষ্টি।’ ৭ থেকে ৯ জুলাই পটিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ, প্রাণিসম্পদ বিভাগ এবং মৎস্য অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সামশুল হক চৌধুরী।এ উপলক্ষে ৭ জুলাই বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকেয়া পারভীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র হারুনুর রশিদ। বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শৈবাল কান্তি নন্দী, প্রাণিসম্পদ কর্মকর্তা কুমুদ রঞ্জন মিত্র প্রমুখ। অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, পটিয়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামশুদ্দিন আহমেদ, দক্ষিণ জেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন। ৯ জুলাই বিকেলে সমাপনী দিনে শৈবাল কান্তি নন্দীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক আবদুল মালেক। বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক খসরু মিয়া প্রমুখ। শেষে মেলায় অংশগ্রহকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে সনদ দেওয়া হয়।মেলায় কৃষি, ফলদ, বনজ ও ঔষধি বিভিন্ন প্রযুক্তিসহ মৎস্য ও প্রাণিসম্পদের ওপর ২০টি প্রদর্শনী স্থান পায়। এ ছাড়া, প্রতিদিন বিকেলে কবিগান পরিবেশন ও কৃষিবিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।