
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, ‘শুধু তর্কের জন্য বিতর্ক নয়, যুক্তির মাধ্যমে সত্য অন্বেষণ ও সত্য প্রতিষ্ঠা করাই বিতর্কের অন্যতম লক্ষ্য।’ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) আয়েজিত ‘জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই’ শীর্ষক আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। ৩ সেপ্টেম্বর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের লেকচার গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক)। উদ্বোধনী পর্ব শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান।
সিইউডিএসের মডারেটর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন টিআইবির জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. জাকির হোসেন খান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল মনছুর, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হুদা ও বাংলা বিভাগের শিরীণ আকতার। নাজমুন আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিইউডিএসের সভাপতি জোবায়ের আহমদ।
তিন দিন ধরে চলা বিতর্ক প্রতিযোগিতা শেষ হয় গতকাল শনিবার। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি বিতার্কিক দল অংশ নেয়।