পটিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া নার্সারিকেন্দ্রের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও ফলদ-বনজ-ওষধি বৃক্ষমেলা ১৬ জুলাই সম্পন্ন হয়েছে। ১৪ জুলাই দুপুরে পটিয়া ডাকবাংলো প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন সাংসদ সামশুল হক চৌধুরী।পটিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন চক্রবর্তী, পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার সামশুদ্দিন আহমদ ও চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক কৃষ্ণপদ সাহা। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শৈবাল কান্তি নন্দী ও চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ২৫ শতাংশ ভর্তুকি মূল্যে ১৫ জন কৃষককে একটি করে পাওয়ার টিলার ও বিনা মূল্যে নানা জাতের ২৫টি করে গাছের চারা বিতরণ করেন। ১৬ জুলাই সমাপনী দিনে শৈবাল কান্তি নন্দীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ প্রণব ভট্টাচার্য। ওই দিন মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।