রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের দুই গ্রাম থেকে তিন দিনের ব্যবধানে পল্লী বিদ্যুতের দুটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। ফলে ট্রান্সফরমারের আওতাধীন তিন গ্রামের প্রায় পাঁচ শতাধিক গ্রাহকের দুর্ভোগ এখন চরমে উঠেছে। গ্রাহকদের অভিযোগ, ট্রান্সফরমার প্রতিস্থাপনের জন্য চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করছেন।গ্রামবাসী জানান, ৭ জুন গভীর রাতে উপজেলার পোমরা ইউনিয়নের হাজীপাড়া গ্রামের শতাধিক গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ লাইনের ১০ কেভি ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারটি চুরি হয়। এর আগে ৫ জুন চুরি হয় ইউনিয়নের দুল্লভের বাড়ি ও গিরছ ফকিরের বাড়ি গ্রামের চার শতাধিক গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ লাইনের ৫০ কেভি ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারটি।পোমরা ইউনিয়নের হাজীপাড়া গ্রামের কবির হোসেন বলেন, ‘ট্রান্সফরমার চুরি হওয়ার পর চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির রাঙ্গুনিয়া কার্যালয়ে যোগাযোগ করা হলে ১০ কেভি ক্ষমতাসম্পন্ন নতুন ট্রান্সফরমারের জন্য ৫৩ হাজার টাকা ও ৫০ কেভি ক্ষমতার ট্রান্সফরমার প্রতিস্থাপনের জন্য এক লাখ ৭৫ হাজার টাকা জমা দেওয়ার জন্য বলা হয়। টাকা দিতে না পারায় এখনো ট্রান্সফরমার বসানো হয়নি। এ প্রসঙ্গে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর রাঙ্গুনিয়া কার্যালয়ের উপব্যবস্থাপক হুমায়ুন কবির বলেন, ‘পোমরা ইউনিয়নের দুই গ্রাম থেকে দুটি ট্রান্সফরমার চুরির ব্যাপারে থানায় মামলা হয়েছে। চুরি যাওয়া ১০ কেভি ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারের গ্রাহকেরা ইতিমধ্যে যোগাযোগ করেছেন। নতুন ট্রান্সফরমার প্রতিস্থাপনের জন্য গ্রাহকদের ৫৩ হাজার টাকা জমা দিতে বলা হয়েছে। কিন্তু তারা যোগাযোগ করেনি। টাকা জমা দিলেই নতুন ট্রান্সফরমার প্রতিস্থাপন করা হবে।’