বাটালি হিলে দেয়ালধসের ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের তদন্ত কমিটির সদস্যরা তিন দিনেও ঘটনাস্থলে যাননি। গত দুই দিনে দুটি বৈঠকের মধ্যেই সীমিত ছিল কমিটির কার্যক্রম। ঘটনাস্থলে যাওয়ার চেয়ে দেয়াল নির্মাণসংক্রান্ত ফাইলপত্র বিশ্লেষণকেই গুরুত্বপূর্ণ মনে করছেন তদন্ত কমিটির সদস্যরা।তদন্ত কমিটির প্রধান ওয়ার্ড কাউন্সিলর এস এম ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘রোববার আমরা প্রথম বৈঠক করে ওই প্রতিরক্ষা (রিটেইনিং) দেয়াল নির্মাণসংক্রান্ত ফাইলগুলো জব্দ করেছি। এরপর আজ (সোমবার) বিকেলে আবারও কমিটির সদস্যরা বসছি।’ তিনি বলেন, দেয়ালটি কেন ধসে পড়ল, সেটাই তদন্তের প্রধান উদ্দেশ্য। এক্ষেত্রে কার দায়িত্ব কতটুকু ছিল, তিনি তা ঠিকমতো পালন করেছেন কি না, নির্মাণকাজের নকশা সঠিক ছিল কি না ইত্যাদি খতিয়ে দেখা হচ্ছে। তিন দিনেও ঘটনাস্থলে না যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সেখানে আমরা অবশ্যই যাব। তবে তার আগে ফাইল পরীক্ষা-নিরীক্ষা করাটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা সে কাজটি এখন করছি।’ সিটি করপোরেশন সূত্র জানায়, গত শুক্রবার দুর্ঘটনার পর মেয়র মোহাম্মদ মন্জুর আলম ওই প্রতিরক্ষা দেয়াল নির্মাণসংক্রান্ত ফাইলগুলো বাসায় নিয়ে যান। গতকাল সকাল পর্যন্ত ওই ফাইলগুলো আনা হয়নি। শনিবার সকালে জরুরি বৈঠক করে আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিরক্ষা দেয়ালের নির্মাণত্রুটি চিহ্নিত করতে সিটি করপোরেশনের বাইরের প্রকৌশলীদের সহায়তা নেওয়া হবে। তবে কারা ওই তালিকায় থাকবেন, তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা এখনো বুঝতে পারছি না, কী করব। তাই আপাতত ফাইল পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি।’ স্থানীয় কাউন্সিলর এ এফ কবির আহমেদের সঙ্গে তদন্ত কমিটি এখনো বৈঠক করেনি। প্রথম আলোকে তিনি বলেন, ‘ঘটনাস্থলে বিশেষজ্ঞদের দিয়ে সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হোক। চারজন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা কোনো সমাধান নয়। যে দেয়ালটি ধসে পড়েছে সেখানে রডের ব্যবহার সঠিক ছিল কি না, দেখতে হবে। সবকিছু ঠিকঠাক থাকার পরও দেয়ালে নিয়মিত পানি ব্যবহার না করলে তা টেকসই হয় না। তা ছাড়া এখানে মাটি সরিয়ে ফেলার ক্ষেত্রে ভূমিদস্যু অথবা অন্য কারও ভূমিকা আছে কি না, তা-ও আমাদের খতিয়ে দেখতে হবে।’