তিন দিনের কারুমেলা
ঢাকার বাংলা একাডেমী প্রাঙ্গণে হয়ে গেল তিন দিনের কারুশিল্প মেলা। দেশের বিভিন্ন এলাকা থেকে অনেকেই এসেছিলেন এই মেলায় নিজেদের তৈরি কারুশিল্প নিয়ে। ১১ জানুয়ারি থেকে বেঙ্গল ফাউন্ডেশন এবং বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের আয়োজনে বসেছিল এই মেলার আসর। চলে ১৩ জানুয়ারি পর্যন্ত। ‘তিন বছর ধরে এই মেলা হচ্ছে। প্রতিবছর চারজন কারুশিল্পীকে পুরস্কার দেওয়া হয়ে থাকে এই মেলায়। এবারও তার ব্যতিক্রম হয়নি।’ বলছিলেন বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের কর্মী টিটু বড়ুয়া। রংপুরের মো. আরিফুজ্জামান শতরঞ্জি, রাজশাহীর সুবোধকুমার পাল টেপাপুতুল, কুষ্টিয়ার বাসিন্দা শরিফুল ইসলাম দারুশিল্প এবং কুষ্টিয়ার প্রদীপ কুমার দাস বাঁশ-বেতের কারুকার্য দিয়ে মন জয় করেছেন আয়োজকদের। কাজের স্বীকৃতিস্বরূপ তাঁরা একটি করে সনদ, ক্রেস্ট ও ৫০ হাজার টাকা পান। গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা এসব কারুশিল্পীর ভাবনা, ‘এই পুরস্কার তাঁদের কাজের পথে আরও উৎসাহ জোগাবে। সাহায্য করবে কাজের মাধ্যমে নিজেদের একটু ভালো অবস্থানে দাঁড় করাতে।’ পুরস্কার পেয়ে নিজেদের কর্মপরিকল্পনা জানান আরিফুজ্জামান, ‘আমার বাবা এর আগে অনেক স্বীকৃতি পেয়েছেন, তবে আমার জন্য এমন স্বীকৃতি এই প্রথম। আমাদের শতরঞ্জির একটা ছোট্ট কারখানা আছে রংপুরে। সেখানে কাজ করে এলাকার কিছু মানুষ। ভাবছি এই টাকা দিয়ে কারখানাটা একটু বড় করব।’ বান্দরবান থেকে নিজের বানানো কম্বল, চাদর আর মাফলার নিয়ে মেলায় এসেছিলেন চিং ম্রাউ। আকর্ষণীয় জিনিসের কারণে বরাবর ভিড় ছিল তাঁর দোকানের আশপাশে। নারায়ণগঞ্জ থেকে সুচিত্রা সূত্রধর এনেছিলেন উলের পুতুল, হাতপাখা, মাটির রং করা হাঁড়ি। টাঙ্গাইল থেকে কামরুজ্জামান এসেছিলেন শাড়ি নিয়ে। সাভার থেকে আদিত্য ঘটক এনেছিলেন কাঠের মাছ, হাতি, ঘোড়া, ঘড়ি ইত্যাদি। বাহারি জিনিসপত্রে মেলা ছিল জমজমাট। ‘মেয়েটা আমার ক্লাস সেভেনে পড়ে। যদি বলি, “মা, আমাকে কাজে একটু সাহায্য করো।” বলে, “এসব করে তো বেশি আয় নাই বাবা। করে লাভ কী?” এবার পুরস্কার পাওয়ার পর মেয়েটা বোধ হয় বুঝবে, কোনো কাজই অবহেলার নয়!’ এমনটাই আশাবাদ পুরস্কার পাওয়া কারুশিল্পী সুবোধকুমার পালের। মেলায় তাঁর বানানো টেপাপুতুল মিলছিল ১০ থেকে ১৫০ টাকার মধ্যে। মাগুরা থেকে নিমাই মালাকার নিয়ে এসেছিলেন শোলা দিয়ে নিজের হাতে তৈরি নানা রকমের মালা আর ফুল। তাও ১০-১০০ টাকার মধ্যে। ফেনী থেকে নূরজাহান বেগম এনেছিলেন শীতলপাটি। মহাখালী থেকে মো. মানিক সরকার এনেছিলেন পিতল, তামা, কাঁসার তৈরি নানা রকমের জিনিস। ‘আমরা যেকোনো একজনকে হঠাৎ করে পুরস্কার দিয়ে দিলাম, এমনটা কখনো হয় না! বরং অনেকটা গবেষণা করে বানানো হয় এই পুরস্কার পাওয়া ব্যক্তিদের তালিকা। লোকশিল্পের শিক্ষার্থীরা যায় বিখ্যাত কারুশিল্পের প্রত্যন্ত অঞ্চলে। সেখান থেকে সেই কারুশিল্পের বর্তমান অবস্থা কী? কেমন আছেন কারুশিল্পীরা? কী কী প্রতিবন্ধকতা রয়েছে তাঁদের উন্নয়নে? এসব জেনে নিয়ে তারপর নির্ধারণ করা হয় কে এবার পুরস্কার পাওয়ার যোগ্য। আশা করা যায়, এতে করে এ দেশের প্রত্যন্ত গ্রামে থাকা কারুশিল্পীরাও উদ্বুদ্ধ হবেন।’ এমনটাই মতামত মেলা কমিটির আহ্বায়ক শাহীদ হোসেনের।