তিন দিনের পোশাকশিল্পের মেলা আজ শুরু হচ্ছে
পোশাকশিল্প সংশ্লিষ্ট দেশি-বিদেশি ক্রেতা-বিক্রেতার মধ্যে সহযোগিতার সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে আজ থেকে তিন দিনব্যাপী ‘মেলা কাফেক্সপো-২০১১’ (পোশাকশিল্পের মেলা) শুরু হচ্ছে নগরের জেলা ক্রীড়া সংস্থার অভ্যন্তরীণ জিমনেশিয়ামে। মেলায় ৩২টি প্রতিষ্ঠানের ৫৫টি স্টল থাকছে। জনপ্রতি ৩০ টাকা দর্শনীর বিনিময়ে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা ঘুরে দেখা যাবে। বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে গতকাল বুধবার নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তব্য দেন বিজিএমইএর প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী। এ সময় বিজিএমইএর সাবেক নেতাদের মধ্যে নাসির উদ্দিন আহমেদ চৌধুরী, মো. এরশাদ উল্লাহ, এম এ ছালাম, কাফেক্সপো-২০১১-এর প্রধান সমন্বয়কারী লিয়াকত আলী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।সম্মেলনে চট্টগ্রামকে সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার জন্য নয়টি সুনির্দিষ্ট প্রস্তাব সরকারের কাছে পাঠানোর কথা জানানো হয়। এর মধ্যে আছে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কর্মকাণ্ডকে অত্যাবশ্যকীয় ঘোষণা, যানজট নিরসনে যেসব স্থানে উড়ালসেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে সেসব দ্রুত বাস্তবায়ন, নগরে পাঁচ তরাকামানের হোটেল তৈরির ব্যবস্থা করা, শিল্পকারখানার জন্য বন্ধ গ্যাসসংযোগ দ্রুত দেওয়ার উদ্যোগ নেওয়া, জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রারকে সার্বক্ষণিকভাবে চট্টগ্রামে বসে কাজ করার ব্যবস্থা করা ইত্যাদি। সম্মেলনে বলা হয়, প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে থাকছে তৈরি পোশাকশিল্পের একটি, পোশাকশিল্পের দেশীয় কাঁচামালের (ফেব্রিক্স ও এক্সেসরিজ) আটটি, বিদেশি কাঁচামালের তিনটি, যন্ত্রপাতির (মেশিনারিজ) ১১টি এবং সংশ্লিষ্ট অন্যান্য খাতের নয়টি। আজকের উদ্বোধনী অনুষ্ঠানের পর বিকেলে নগরের পিটস্টপ রেস্তোরাঁয় পোশাকশিল্প সংশ্লিষ্ট তিনটি সুনির্দিষ্ট বিষয়ের ওপর সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান: আজ সকালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মনজুর আলম।শনিবার বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী।