তিন পদের রেফারি

>রেফারির একটি ভুলভাল সিদ্ধান্ত ম্যাচ শেষের হাসি-কান্নার নির্ধারক হয়ে দাঁড়ায়। তাই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সবাই খোঁজখবর নেন মাঠে কোন রেফারি খেলা পরিচালনা করবেন। তবে যে রেফারিই খেলা পরিচালনা করুন না কেন, তাঁদের সাধারণ বৈশিষ্ট্যগুলো জানা থাকলে চিনতে আপনাদের ভুল হবে না। বৈশিষ্ট্য অনুযায়ী রেফারিদের চেনাচ্ছেন আসফিদুল হক
ঝাল রেফারি
এই রেফারিরা সবচেয়ে বিপজ্জনক। তাঁদের কথার আগে কার্ড চলে। পটাপট হলুদ বা লাল কার্ড। হুটহাট পেনাল্টি দিয়ে দিতে তাঁদের বুক কাঁপে না। এ ধরনের রেফারিদের সঙ্গে কেবল স্কুলের কড়া হেডমাস্টারদের তুলনা করা যায়। ফলে সবাই এ ধরনের রেফারিদের সমঝে চলে, এমনকি দর্শকও সাবধানে হইচই করে। চালাক খেলোয়াড়েরা হাসিমুখে এ ধরনের রেফারিদের বাসার অবস্থা জিজ্ঞেস করে বা কী দিয়ে আজকে ভাত খেয়েছেন—এ ধরনের কথাবার্তা বলে খাতির জমানোর চেষ্টা করে। তাতে অবশ্য বেশির ভাগ সময়ই হিতে বিপরীত হয়। দেখা যায়, যারা খাতির জমানোর চেষ্টা করছে, তারাই শুরুতে হলুদ বা লাল কার্ড খেয়ে বসে। তাই খেলার মাঠে এ ধরনের রেফারিদের কেউ প্রত্যাশা করে না, তবু তাদের মেনে নিতে হয়। আর মনে মনে গাইতে হয়, ‘ভেতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না...’
মিঠা রেফারি
কড়া রেফারিদের ঠিক উল্টো চরিত্রের অধিকারী মিঠা রেফারিরা। খেলোয়াড়েরা যত উল্টাপাল্টা কাজই করুক না কেন, তাঁদের হাত থেকে সহজে কার্ড বের হয় না। এ ধরনের রেফারিরা গান্ধীজির মতো অহিংস মনোভাব নিয়ে খেলা পরিচালনা করতে আসেন। ফলে খেলোয়াড়েরা যতই একে-অপরের ওপর চড়াও হোক না কেন, এই রেফারিরা তাদের মাথায় হাত বুলিয়ে শান্ত করার পক্ষে। তাতে কাজ না হলে বড়জোর একটা-দুটো হলুদ দেখান, কিন্তু তাতেও তাঁদের হৃদয়ে রক্তক্ষরণ হতে থাকে। তাই মাঠে এ ধরনের রেফারিদের কদর সব সময়ই চড়া। কিন্তু কপাল খুব ভালো না হলে সহজে তাঁদের দেখা মেলে না।
ফালুদা রেফারি
ঝাল এবং মিঠা—এই দুই ধরনের রেফারিদের সংমিশ্রণ হচ্ছে ফালুদা রেফারি। এ ধরনের রেফারিদের হাবভাবে ছড়িয়ে থাকে উদাসীনতা। তাঁরা ভাসা-ভাসা চোখে চারপাশের পৃথিবী দেখেন। যেন খেলার মাঠ থেকে ফিরে গিয়েই কবিতা লিখতে বসে যাবেন। ফলে তাঁদের চোখের সামনে দিয়েই মাঠে অনেক কিছু ঘটে, যা তাঁরা দেখেও দেখেন না বা দেখলেও উল্টোটা দেখেন। যেমন ধরুন যে ফাউল করল, তাকে কার্ড না দিয়ে যে ফাউলের শিকার হলো, তাকেই কার্ড দিয়ে বসে থাকেন। আবার খেলোয়াড়দের অভিনয়ে প্রভাবিত হয়েও উল্টাপাল্টা সিদ্ধান্ত চাপিয়ে দেন। তাই এ ধরনের রেফারি বেশির ভাগ সময়ই দুই পক্ষের খেলোয়াড়দের বিরক্তির কারণ হয়ে ওঠেন। তবু প্রেমিকাদের বিয়ের মতোই তেতো সত্য হিসেবে তাঁদের মেনে নিতে বাধ্য হয় খেলোয়াড়েরা।