তিন পর্ষদের নির্বাচনে হলুদ প্যানেলের নিরঙ্কুশ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তিন পর্ষদের নির্বাচনে ১১টি পদের সব কটিতে জয়লাভ করেছে বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হলুদ প্যানেল। গতকাল সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও নির্বাচন কমিশনার মোহাম্মদ সফিউল আলম প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তিন পর্ষদ সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও অর্থ কমিটিতে শিক্ষক প্রতিনিধি নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৫৪৮ জন শিক্ষকের মধ্যে ৫২৫ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সিন্ডিকেটের অধ্যাপক পদে অর্থনীতি বিভাগের ইরশাদ কামাল খান, সহযোগী অধ্যাপক পদে পদার্থবিদ্যা বিভাগের মোহাম্মদ নাসিম হাসান, সহকারী অধ্যাপক পদে লোকপ্রশাসন বিভাগের কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী জয়লাভ করেন। আর প্রভাষক পদে নঈম উদ্দীন হাছান আওরঙ্গজেব চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।একাডেমিক কাউন্সিলের সহযোগী অধ্যাপকের দুটি পদে ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজের সাইদুর রহমান চৌধুরী এবং অর্থ এবং ব্যাংকিং বিভাগের মো. জামাল উদ্দীন, সহকারী অধ্যাপক শাখার দুটি পদে বিপণনবিদ্যা বিভাগের দীপান্বিতা ভট্টাচার্য্য ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মীর সাইফুদ্দিন খালেদ চৌধুরী নির্বাচিত হয়েছেন। দুই প্রভাষক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আইন বিভাগের এম জসিম আলী চৌধুরী এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের বিশ্বজিৎ নাথ। এ ছাড়া অর্থ কমিটির একটি পদে অর্থনীতি বিভাগের মো. আলী আশরাফ জয়ী হয়েছেন।’