তিন পার্বত্য জেলা পরিষদে সদস্য বাড়ানোর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে জেলা পরিষদের সদস্যসংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ১৭ বছর ধরে চলা পাঁচ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদে ১১ জন সদস্য করার জন্য প্রস্তাব শিগগিরই মন্ত্রপরিষদ বিভাগে পাঠানো হবে বলে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা এ উদ্যোগের কথা স্বীকার করেছেন। তবে তিনি বলেন, পরিষদের সদস্য সংখ্যা বাড়াতে হলে আইনেরও সংশোধন করতে হবে। সে জন্য তিন জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদের মতামত নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তাই প্রস্তাবটি বাস্তবায়নে কিছুটা সময় লাগবে।
সচিব আরও বলেন, পরিষদগুলোতে অনেক বিভাগ হস্তান্তর করা হয়েছে এবং ভবিষ্যতে আরও কিছু বিষয় হস্তান্তর করা হবে। এ অবস্থায় পরিষদগুলো পাঁচ সদস্য দিয়ে চালানো কষ্টকর হয়ে উঠেছে। তাও খাগড়াছড়ি জেলা পরিষদ এখন চলছে মাত্র তিনজন দিয়ে। তিনি জানান, সদস্যসংখ্যা বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে যাবে। সেখানে ইতিবাচক সাড়া পাওয়া গেলে আইন সংশোধনের বিষয়টি আসবে।
পার্বত্য মন্ত্রণালয় ও জেলা পরিষদসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ১৯৯৭ সালের আগে জেলা পরিষদের সদস্যসংখ্যা ছিল ৩১ জন। ওই বছর ৫ আগস্ট অন্তর্বর্তীকালীন পরিষদ গঠনের পর থেকে নতুন আইন অনুয়ায়ী মাত্র পাঁচ সদস্য দিয়ে চলছে জেলা পরিষদ। নতুন আইনের ১৬ ক (২) ধারায় বলা হয়েছে একজন চেয়ারম্যান ও চারজন সদস্যের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হবে। জানা গেছে, সদস্যসংখ্যা কমে যাওয়ার ফলে একদিকে জনগোষ্ঠীভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার যে উদ্দেশ্যে পরিষদ গঠিত হয়েছে , তা ব্যাহত হচ্ছে। অন্যদিকে সদস্যসংখ্যা কম হওয়ায় পরিষদগুলো দুর্বল হয়ে পড়েছে। এ জন্য জনগোষ্ঠীভিত্তিক প্রতিনিধিত্ব ও পরিষদের সক্ষমতা বাড়ানোর জন্য অন্তর্বর্তীকালীন পরিষদগুলোর সদস্যসংখ্যা বাড়ানো দরকার বলে তাঁরা মন্তব্য করেন।
দায়িত্বশীল কর্মকর্তারা বলেছেন, ১৯৮৯ সালের ২৫ জুন জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ১৯৯৩ সালে ওই নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হওয়ার পর ২১ বছর ধরে জেলা পরিষদগুলোর নির্বাচন হয়নি। সরকার বদল হলে মন্ত্রণালয় থেকে ফ্যাক্স বার্তা পাঠানোর মাধ্যমে পরিষদগুলো পুনর্গঠন করা হয়।