তিন পার্বত্য জেলায় ছয়টি তথ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করবে সরকারের গণযোগাযোগ অধিদপ্তর। সারা দেশে ৬৮টি তথ্য কমপ্লেক্স গড়ে পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক রুখসানা আক্তার বলেন, জেলা শহরের কেন্দ্রস্থলে ২০ কাঠা জমির ওপর তথ্য কমপ্লেক্স ভবণ নির্মাণ করা হবে। এতে সর্বাধুনিক তথ্যপ্রযুক্তিসমৃদ্ধ একটি ১২০ আসন বিশিষ্ট ডিজিটাল মাল্টিপারপাস হল, একাধিক সভাকক্ষ, ডিজিটাল আর্কাইভ, পাঠাগার, মিডিয়া ক্যাফে, জেলা তথ্যকেন্দ্র (ডিআইসি বা ডিক) ও মিডিয়া কক্ষ থাকবে। জেলা তথ্যকেন্দ্রে জেলার সব সরকারি-বেসরকারি প্রশাসন ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সব ধরনের তথ্য সংরক্ষিত রাখা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন তিন পার্বত্য জেলা সদরের পাশাপাশি বান্দরবানের লামা, রাঙামাটির কাপ্তাই ও খাগড়াছড়ির রামগড় উপজেলায় একটি করে জেলার সমমানের তথ্য কমপ্লেক্স গড়ে তোলার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পটি আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করার জন্য পরিকল্পনা কমিশন অনুমোদন করেছে।