পেছনের ডান পা নেই। হয়তো কোনো শিকারির ধারালো অস্ত্রের কোপের চিহ্ন। অবশ্য চিহ্ন বললে ভুল হবে। আঘাতটা একেবারে দগদগে। ক্ষতস্থান শুকায়নি। তখনো রক্ত ঝরছিল। শারীরিকভাবে কিছুটা দুর্বলও। এ অবস্থায় রাজধানী হয়ে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে এল নতুন অতিথি—বাঘিনী। সঙ্গে সঙ্গে শুরু হলো অসুস্থ অতিথিকে সেবা-শুশ্রূষা, চিকির্যাসা। পা হারিয়ে যে মরণদশা হয়েছিল, সে ধকল কাটিয়ে উঠেছে বাঘিনী। এখন সুস্থ হওয়ার পথে। শুকিয়ে গেছে ক্ষতস্থান। দিব্যি ঘুরে বেড়াচ্ছে তার জন্য নির্ধারিত ঘরে। খাওয়া-দাওয়াও করছে ঠিকমতো। তবে এখনই ছাড়া হচ্ছে না তাকে। পার্কের ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান জানালেন, বাঘিনী প্রায় সুস্থ। সবকিছু স্বাভাবিক আছে। তবে পায়ের ক্ষতস্থানটি পুরোপুরি শুকাতে আরও কিছুদিন সময় লাগবে। গত ১৪ জানুয়ারি এ বাঘিনী মিঠা পানি আর খাবারের খোঁজে সুন্দরবনের কাছে খুলনার কয়রা উপজেলার খাসিটানা গ্রামে চলে আসে। গ্রামে ঢুকে সেটি পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের একটি বাড়িতে ঢুকে পড়ে। বাড়ির সদস্যরা বাঘ আসতে দেখে বেরিয়ে যান। বাঘটি একটি কক্ষে আশ্রয় নেয়। এর মধ্যে জড়ো হয় আশপাশের লোকজন। তারা কক্ষের দরজা বন্ধ করে দেয়। খবর দেওয়া হয় বন বিভাগে। পরে বন বিভাগ ও ওয়ার্ল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশের (ডব্লিউটিবি) সুন্দরবন টাইগার প্রকল্পের কর্মকর্তারা এসে বাঘটিকে ট্রাঙ্কুলাইজার গানে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে অচেতন করে। তবে এবার লক্ষণীয়, গ্রামবাসী বাঘের কোনো ক্ষতি করেনি। বাঘও তেড়ে আসেনি। অবশ্য বন বিভাগের লোকজন জানান, বাঘটি যখন ধরা পড়ে তখন শারীরিকভাবে খুবই দুর্বল ছিল। হয়তো পা হারিয়ে সে ঠিকমতো শিকার ধরতে পারছিল না, সে জন্য লোকালয়ে ঢুকে পড়েছিল। বাঘিনীর ওজন ৭৫ কেজি। বয়স ছয় থেকে সাত বছর। উচ্চতা তিন ফুট।