তিন পায়ের বাঘিনীর হুঙ্কার!
শুকিয়ে গেছে কাটা ডান পায়ের ক্ষত স্থান। আগের চেয়ে সুস্থ। খাঁচার সামনে মানুষ দেখলেই হুঙ্কার দিচ্ছে। চকরিয়ার ডুলাহাজারার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের তিন পায়ের সেই বাঘিনীকে দেখে উৎফুল্ল দর্শনার্থীরাও।সম্প্রতি গিয়ে দেখা গেছে, পার্কের সিংহ বেষ্টনীর পূর্ব পাশে ছোট্ট একটি কক্ষে আহত বাঘটি শুয়ে আছে। প্রায় সময় কাটা পা-টি উপুর করে রাখে। তবে খাঁচার সামনে কোনো মানুষ দেখলে তিন পায়েই তেড়ে আসেছে। দর্শনার্থীরাও খাঁচার সামনে জড়ো হয়ে বাঘটির গর্জন শুনছেন। বাঘটির দেখভাল করার দায়িত্বে থাকা (পার্কের নিরাপত্তাকর্মী) রাজিব কুমার দে জানান, কয়েক দিন আগেও বাঘিনীর পায়ের ক্ষতস্থান ড্রেসিং করা হয়েছে। এখন ক্ষতস্থানটি প্রায় শুকিয়ে গেছে। কক্ষের ভেতরে হাঁটাচলা করতে পারছে। কিন্তু দৌড়ে শিকার ধরার উপযোগী হতে সময় লাগবে। তিনি জানান, বাঘের স্বাস্থ্য দিন দিন ভালো হচ্ছে। দৈনিক খাদ্য হিসেবে তাকে ১০ কেজি করে গরুর মাংস খাওয়ানো হয়। বনের বাঘ খাঁচায় বন্দী হওয়ায় লোকজন দেখলেই হুঙ্কার দিয়ে তেড়ে আসে। গত ১৬ জানুয়ারি আহত বাঘিনীকে এই পার্কে আনা হয়। উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি খুলনার পশ্চিম সুন্দরবনসংলগ্ন কয়রা উপজেলার খাসিটানা গ্রামের একটি বাড়ি থেকে বাঘটিকে ট্রাঙ্কুলাইজার গান (চেতনানাশক) দিয়ে আটক করেন বন বিভাগের কর্মীরা। এরপর বিশেষ একটি ট্রাকে করে সাফারি পার্কে আনা হয়। পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মালেকুর রহমান জানান, ধারালো অস্ত্রের আঘাতে বাঘিনীর পেছনের ডান পায়ের নিচের অংশটি বিচ্ছিন্ন হয়ে যায়। পায়ের ওই অংশ দিয়ে কিছুদিন আগেও রক্ত ঝরেছে। এ কারণে এতদিন হাঁটাচলা করতে পারেনি। এখন ক্ষত স্থান শুকিয়ে যাচ্ছে। সুস্থ হয়ে উঠছে বাঘিনী। বয়স ছয় থেকে সাত বছর হতে পারে। ওজন প্রায় ৭৫ কেজি। এটির দৈর্ঘ্য সাড়ে ছয় ফুট। বাঘিনীটি এখনো বাচ্চা দেয়নি। পার্কের তদারকির দায়িত্বপ্রাপ্ত বন রেঞ্জ কর্মকর্তা এ বি এম জসিম উদ্দিন জানান, বাঘটি পুরোপুরি সুস্থ হলে আবার সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে।